লোড হচ্ছে

অনুবাদসমূহ [২৪]

রূপাদি বর্গ

আমি এইরূপ শুনিয়াছি। এক সময় ভগবান শ্রাবস্তীতে জেতবনে (জেতবন নামক উদ্যানে) অনাথপিণ্ডিকের আরামে বাস করিতেছিলেন। তখন একদা ভগবান ভিক্ষুগণকে আহ্বান করিলেন, “হে ভিক্ষুগণ।” সেই ভিক্ষুগণ “ভদন্ত” বলিয়া প্রত্যুত্তর দিল। ভগবান বলিলেন :

১.১

“হে ভিক্ষুগণ, আমি অন্য এক রূপও দেখিতেছি না যাহা এইরূপ পুরুষের চিত্ত অধিকার করিয়া থাকে, যেমন : স্ত্রীরূপ; স্ত্রীরূপই হে ভিক্ষুগণ, পুরুষের চিত্ত অধিকার করিয়া থাকে।

১.২

হে ভিক্ষুগণ, আমি অন্য এক শব্দও দেখিতেছি না যাহা এইরূপ পুরুষের চিত্ত অধিকার করিয়া (মন ভুলাইয়া) থাকে, যেমন : স্ত্রীশব্দ; স্ত্রীশব্দই হে ভিক্ষুগণ, পুরুষের চিত্ত অধিকার করিয়া থাকে।

১.৩

হে ভিক্ষুগণ, আমি অন্য এক গন্ধও দেখিতেছি না যাহা এইরূপ পুরুষের চিত্ত অধিকার করিয়া থাকে, যেমন : স্ত্রীগন্ধ; স্ত্রীগন্ধই হে ভিক্ষুগণ, পুরুষের চিত্ত অধিকার করিয়া থাকে।

১.৪

হে ভিক্ষুগণ, আমি অন্য এক রসও দেখিতেছি না যাহা এইরূপ পুরুষের চিত্ত অধিকার করিয়া থাকে, যেমন : স্ত্রীরস; স্ত্রীরসই হে ভিক্ষুগণ, পুরুষের চিত্ত অধিকার করিয়া থাকে।

১.৫

হে ভিক্ষুগণ, আমি অন্য এক স্পর্শও দেখিতেছি না যাহা এইরূপ পুরুষের চিত্ত অধিকার করিয়া থাকে, যেমন : স্ত্রীর স্পর্শ; স্ত্রীর স্পর্শই হে ভিক্ষুগণ, পুরুষের চিত্ত অধিকার করিয়া থাকে।

১.৬

হে ভিক্ষুগণ, আমি অন্য এক রূপও দেখিতেছি না যাহা এইরূপ স্ত্রীর চিত্ত অধিকার করিয়া থাকে, যেমন : পুরুষরূপ; পুরুষরূপই হে ভিক্ষুগণ, স্ত্রীচিত্ত অধিকার করিয়া থাকে।

১.৭

হে ভিক্ষুগণ, আমি অন্য এক শব্দও দেখিতেছি না যাহা এইরূপ স্ত্রীচিত্ত অধিকার করিয়া থাকে, যেমন : পুরুষশব্দ; পুরুষশব্দই হে ভিক্ষুগণ, স্ত্রীচিত্ত অধিকার করিয়া থাকে।

১.৮

হে ভিক্ষুগণ, আমি অন্য এক গন্ধও দেখিতেছি না যাহা এইরূপ স্ত্রীচিত্ত অধিকার করিয়া থাকে, যেমন : পুরুষগন্ধ; পুরুষগন্ধই হে ভিক্ষুগণ, স্ত্রীচিত্ত অধিকার করিয়া থাকে।

১.৯

হে ভিক্ষুগণ, আমি অন্য এক রসও দেখিতেছি না যাহা এইরূপ স্ত্রীচিত্ত অধিকার করিয়া থাকে, যেমন : পুরুষরস; পুরুষরসই হে ভিক্ষুগণ, স্ত্রীচিত্ত অধিকার করিয়া থাকে।

১.১০

হে ভিক্ষুগণ, আমি অন্য এক স্পর্শও দেখিতেছি না যাহা এইরূপ স্ত্রীচিত্ত অধিকার করিয়া থাকে, যেমন : পুরুষস্পর্শ; পুরুষস্পর্শই হে ভিক্ষুগণ, স্ত্রীচিত্ত অধিকার করিয়া থাকে।”

ব্যাখ্যা [১]