আমি এরূপ শুনেছি, একসময় ভগবান শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিক নির্মিত আরামে অবস্থান করছিলেন। তথায় ভগবান ভিক্ষুদের “হে ভিক্ষুগণ” বলে আহ্বান করলেন। ভিক্ষুগণ “হ্যাঁ ভন্তে” বলে প্রত্যুত্তর প্রদান করলেন। অতঃপর বুদ্ধ এরূপ বললেন :
“হে ভিক্ষুগণ, আত্মরক্ষিত হয়ে বাস করো, অরক্ষিত হয়ে নয়। অরক্ষিত হয়ে অবস্থান সর্বদা দুঃখজনক। ভিক্ষুগণ, রক্ষাকরণ ধর্ম দশ প্রকার। সেই রক্ষাকরণযোগ্য দশবিধ ধর্মসমূহ কী কী? যথা :
ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষুটি শীলবান, প্রাতিমোক্ষ সংবরে সুসংযত, আচার-গোচরসম্পন্ন হয়ে অবস্থান করে এবং সামান্য পাপের প্রতিও ভয়দর্শী হয়ে শিক্ষাপদসমূহ শিক্ষা করে। ‘এই ভিক্ষুটি শীলবান, প্রাতিমোক্ষ সংবরে সুসংযত, আচার-গোচরসম্পন্ন হয়ে অবস্থান করে এবং সামান্য পাপের প্রতিও ভয়দর্শী হয়ে শিক্ষাপদসমূহ শিক্ষা করে’ এরূপ বিবেচনা করে স্থবির ভিক্ষুরা সেই ভিক্ষুকে উপদেশ দেয়া উচিত, অনুশাসন করা উচিত বলে মনে করেন। এরূপে মধ্যম ভিক্ষু ও নবীন ভিক্ষুরাও সেরূপ বিবেচনা দরুন ভিক্ষুটিকে উপদেশ দেয়া কর্তব্য এবং অনুশাসন করা উচিত বলে মনে করেন। সেই স্থবির, মধ্যম ও নবীন ভিক্ষুর অনুকম্পালাভী ভিক্ষুটির কুশলধর্মসমূহে উত্তরোত্তর শ্রীবৃদ্ধিই প্রত্যাশিত, পরিহানি নয়। ইহা হচ্ছে রক্ষাকরণযোগ্য প্রথম ধর্ম।
পুনশ্চ, ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষুটি বহুশ্রুত, শ্রুতধর ও শ্রুতসঞ্চয়ী হয়; যে-সকল ধর্মসমূহ আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যাবসানে কল্যাণ, সার্থক, সব্যঞ্জক এবং যা পরিপূর্ণ, পরিশুদ্ধ ব্রহ্মচর্য প্রকাশ করে, সেরূপ ধর্মসমূহ তার বহুবার শ্রুত হয় এবং তা বাক্য দ্বারা বুঝতে পারে, মনে ধারণ করে ও দর্শন জ্ঞানে সম্যকরূপে অনুধাবন করতে পারে। ‘এই ভিক্ষুটি বহুশ্রুত, শ্রুতধর ও শ্রুতসঞ্চয়ী; যে-সকল ধর্মসমূহ আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যাবসানে কল্যাণ, সার্থক, সব্যঞ্জক এবং যা পরিপূর্ণ, পরিশুদ্ধ ব্রহ্মচর্য প্রকাশ করে, সেরূপ ধর্মসমূহ তার বহুবার শ্রুত এবং তা বাক্য দ্বারা বুঝতে পারে, মনে ধারণ করে ও দর্শন জ্ঞানে সম্যকরূপে অনুধাবন করতে পারে’ এরূপ বিবেচনা করে স্থবির ভিক্ষুরা সেই ভিক্ষুকে উপদেশ দেয়া উচিত, অনুশাসন করা উচিত বলে মনে করেন। এরূপে মধ্যম ভিক্ষু ও নবীন ভিক্ষুরাও সেরূপ বিবেচনা দরুন ভিক্ষুটিকে উপদেশ দেয়া কর্তব্য এবং অনুশাসন করা উচিত বলে মনে করেন। সেই স্থবির, মধ্যম ও নবীন ভিক্ষুর অনুকম্পালাভী ভিক্ষুটির কুশলধর্মসমূহে উত্তরোত্তর শ্রীবৃদ্ধিই প্রত্যাশিত, পরিহানি নয়। ইহা হচ্ছে তার রক্ষাকরণযোগ্য দ্বিতীয় ধর্ম।
পুনশ্চ, ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষুটি কল্যাণমিত্র, কল্যাণসহায়, কল্যাণ সহকর্মী হয়। ‘এই ভিক্ষুটি কল্যাণমিত্র, কল্যাণসহায়, কল্যাণ-সহকর্মী’ এরূপ বিবেচনা করে স্থবির ভিক্ষুরা সেই ভিক্ষুকে উপদেশ দেয়া উচিত, অনুশাসন করা উচিত বলে মনে করেন। এরূপে মধ্যম ভিক্ষু ও নবীন ভিক্ষুরাও সেরূপ বিবেচনা দরুন ভিক্ষুটিকে উপদেশ দেয়া কর্তব্য এবং অনুশাসন করা উচিত বলে মনে করেন। সেই স্থবির, মধ্যম ও নবীন ভিক্ষুর অনুকম্পালাভী ভিক্ষুটির কুশলধর্মসমূহে উত্তরোত্তর শ্রীবৃদ্ধিই প্রত্যাশিত, পরিহানি নয়। ইহা হচ্ছে তার রক্ষাকরণযোগ্য তৃতীয় ধর্ম।
পুনশ্চ, ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষুটি সুবাধ্য, আজ্ঞানুবর্তী হয়। সে ক্ষমাগুণসম্পন্ন এবং অনুশাসন বা উপদেশ অনুধাবনে দক্ষ হয়। ‘এই ভিক্ষুটি সুবাধ্য, আজ্ঞানুবর্তী, সে ক্ষমাগুণসম্পন্ন এবং অনুশাসন বা উপদেশ অনুধাবনে দক্ষ’ এরূপ বিবেচনা করে স্থবির ভিক্ষুরা সেই ভিক্ষুকে উপদেশ দেয়া উচিত, অনুশাসন করা উচিত বলে মনে করেন। এরূপে মধ্যম ভিক্ষু ও নবীন ভিক্ষুরাও সেরূপ বিবেচনার দরুন ভিক্ষুটিকে উপদেশ দেয়া কর্তব্য এবং অনুশাসন করা উচিত বলে মনে করেন। সেই স্থবির, মধ্যম ও নবীন ভিক্ষুর অনুকম্পালাভী ভিক্ষুটির কুশলধর্মসমূহে উত্তরোত্তর শ্রীবৃদ্ধিই প্রত্যাশিত, পরিহানি নয়। ইহা হচ্ছে তার রক্ষাকরণযোগ্য চতুর্থ ধর্ম।
পুনশ্চ, ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষুটি সব্রহ্মচারীদের নানাবিধ করণীয় কার্য তা সহজ, কঠিন যাই হোক না কেন তা সম্পাদনে সুদক্ষ ও নিরলস হয় এবং সে-সমস্ত কার্যাদি যথার্থরূপে করতে ও পরিচালনা করতে উপায় কৌশলী হয় ও তা সযত্নে তদারক করে। ‘এই ভিক্ষুটি সব্রহ্মচারীদের নানাবিধ করণীয় কার্য তা সহজ, কঠিন যাই হোক না কেন তা সম্পাদনে সুদক্ষ ও নিরলস এবং সে-সমস্ত কার্যাদি যথার্থরূপে করতে ও পরিচালনা করতে উপায় কৌশলী ও তা সযত্নে তদারক করে’ এরূপ বিবেচনা করে স্থবির ভিক্ষুরা সেই ভিক্ষুকে উপদেশ দেয়া উচিত, অনুশাসন করা উচিত বলে মনে করেন। এরূপে মধ্যম ভিক্ষু ও নবীন ভিক্ষুরাও সেরূপ বিবেচনার দরুন ভিক্ষুটিকে উপদেশ দেয়া কর্তব্য এবং অনুশাসন করা উচিত বলে মনে করেন। সেই স্থবির, মধ্যম ও নবীন ভিক্ষুর অনুকম্পালাভী ভিক্ষুটির কুশলধর্মসমূহে উত্তরোত্তর শ্রীবৃদ্ধিই প্রত্যাশিত, পরিহানি নয়। ইহা হচ্ছে তার রক্ষাকরণযোগ্য পঞ্চম ধর্ম।
পুনশ্চ, ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষুটি ধর্মকামী, প্রিয় বা মনোজ্ঞ বাক্যালাপী হয় এবং শ্রেষ্ঠ ধর্মবিনয়ে অতিশয় তৃপ্ত হয়। ‘এই ভিক্ষুটি ধর্মকামী, প্রিয় বা মনোজ্ঞ বাক্যালাপী এবং শ্রেষ্ঠ ধর্মবিনয়ে অতিশয় তৃপ্ত’ এরূপ বিবেচনা করে স্থবির ভিক্ষুরা সেই ভিক্ষুকে উপদেশ দেয়া উচিত, অনুশাসন করা উচিত বলে মনে করেন। এরূপে মধ্যম ভিক্ষু ও নবীন ভিক্ষুরাও সেরূপ বিবেচনা দরুন ভিক্ষুটিকে উপদেশ দেয়া কর্তব্য এবং অনুশাসন করা উচিত বলে মনে করেন। সেই স্থবির, মধ্যম ও নবীন ভিক্ষুর অনুকম্পালাভী ভিক্ষুটির কুশলধর্মসমূহে উত্তরোত্তর শ্রীবৃদ্ধিই প্রত্যাশিত, পরিহানি নয়। ইহা হচ্ছে রক্ষাকরণযোগ্য ষষ্ঠ ধর্ম।
পুনশ্চ, ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষুটি আরব্ধবীর্য হয়, অকুশলধর্ম প্রহানে এবং কুশলধর্ম লাভের জন্য শক্তিমান, দৃঢ় পরাক্রমশালী এবং কুশলধর্মসমূহে লক্ষ্যভ্রষ্ট না হয়ে অবস্থান করে। ‘এই ভিক্ষুটি আরব্ধবীর্য, অকুশলধর্ম প্রহানে এবং কুশলধর্ম লাভের জন্য শক্তিমান, দৃঢ় পরাক্রমশালী এবং কুশলধর্মসমূহে লক্ষ্যভ্রষ্ট না হয়ে অবস্থান করে’ এরূপ বিবেচনা করে স্থবির ভিক্ষুরা সেই ভিক্ষুকে উপদেশ দেয়া উচিত, অনুশাসন করা উচিত বলে মনে করেন। এরূপে মধ্যম ভিক্ষু ও নবীন ভিক্ষুরাও সেরূপ বিবেচনার দরুন ভিক্ষুটিকে উপদেশ দেয়া কর্তব্য এবং অনুশাসন করা উচিত বলে মনে করেন। সেই স্থবির, মধ্যম ও নবীন ভিক্ষুর অনুকম্পালাভী ভিক্ষুটির কুশলধর্মসমূহে উত্তরোত্তর শ্রীবৃদ্ধিই প্রত্যাশিত, পরিহানি নয়। ইহা হচ্ছে তার রক্ষাকরণ সপ্তম ধর্ম।
পুনশ্চ, ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষুটি লব্ধ চীবর, পিণ্ডপাত, শয্যাসন, ওষুধ ও প্রয়োজনীয় দ্রব্যে সন্তুষ্ট থাকে। ‘এই ভিক্ষুটি লব্ধ চীবর, পিণ্ডপাত, শয্যাসন, ওষুধ ও প্রয়োজনীয় দ্রব্যে সন্তুষ্ট থাকে’ এরূপ বিবেচনা করে স্থবির ভিক্ষুরা সেই ভিক্ষুকে উপদেশ দেয়া উচিত, অনুশাসন করা উচিত বলে মনে করেন। এরূপে মধ্যম ভিক্ষু ও নবীন ভিক্ষুরাও সেরূপ বিবেচনার দরুন ভিক্ষুটিকে উপদেশ দেয়া কর্তব্য এবং অনুশাসন করা উচিত বলে মনে করেন। সেই স্থবির, মধ্যম ও নবীন ভিক্ষুর অনুকম্পালাভী ভিক্ষুটির কুশলধর্মসমূহে উত্তরোত্তর শ্রীবৃদ্ধিই প্রত্যাশিত, পরিহানি নয়। ইহা হচ্ছে তার রক্ষাকরণযোগ্য অষ্টম ধর্ম।
পুনশ্চ, ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষুটি স্মৃতিমান হয়, পরম স্মৃতিতে প্রতিমণ্ডিত হয়। সে দীর্ঘকাল পূর্বে কৃত ও ভাষিত বিষয় স্মরণ করতে ও অনুস্মরণ করতে সমর্থ হয়। ‘এই ভিক্ষুটি স্মৃতিমান, পরম স্মৃতিতে প্রতিমণ্ডিত। সে দীর্ঘকাল পূর্বে কৃত ও ভাষিত বিষয় স্মরণ করতে ও অনুস্মরণ করতে সমর্থ’ এরূপ বিবেচনা করে স্থবির ভিক্ষুরা সেই ভিক্ষুকে উপদেশ দেয়া উচিত, অনুশাসন করা উচিত বলে মনে করেন। এরূপে মধ্যম ভিক্ষু ও নবীন ভিক্ষুরাও সেরূপ বিবেচনা দরুন ভিক্ষুটিকে উপদেশ দেয়া কর্তব্য এবং অনুশাসন করা উচিত বলে মনে করেন। সেই স্থবির, মধ্যম ও নবীন ভিক্ষুর অনুকম্পালাভী ভিক্ষুটির কুশলধর্মসমূহে উত্তরোত্তর শ্রীবৃদ্ধিই প্রত্যাশিত, পরিহানি নয়। ইহা হচ্ছে তার রক্ষাকরণযোগ্য নবম ধর্ম।
পুনশ্চ, ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষুটি প্রজ্ঞাবান হয়, সম্যকরূপে দুঃখক্ষয়কর উদয়-অস্তগামী আর্যনির্বেধিক প্রজ্ঞায় (তীক্ষ্ণ প্রজ্ঞায়) সমলঙ্কৃত হয়। ‘এই ভিক্ষুটি প্রজ্ঞাবান, সম্যকরূপে দুঃখক্ষয়কর উদয়-অস্তগামী আর্যনির্বেধিক প্রজ্ঞায় (তীক্ষ্ণ প্রজ্ঞায়) সমলঙ্কৃত’ এরূপ বিবেচনা করে স্থবির ভিক্ষুরা সেই ভিক্ষুকে উপদেশ দেয়া উচিত, অনুশাসন করা উচিত বলে মনে করেন। এরূপে মধ্যম ভিক্ষু ও নবীন ভিক্ষুরাও সেরূপ বিবেচনার দরুন ভিক্ষুটিকে উপদেশ দেয়া কর্তব্য এবং অনুশাসন করা উচিত বলে মনে করেন। সেই স্থবির, মধ্যম ও নবীন ভিক্ষুর অনুকম্পালাভী ভিক্ষুটির কুশলধর্মসমূহে উত্তরোত্তর শ্রীবৃদ্ধিই প্রত্যাশিত, পরিহানি নয়। ইহা হচ্ছে তার রক্ষাকরণযোগ্য দশম ধর্ম।
ভিক্ষুগণ, আত্মরক্ষক হয়ে অবস্থান করো, অরক্ষিত হয়ে নয়। অরক্ষিত হয়ে অবস্থান করা সর্বদাই দুঃখাবহ। এই দশ প্রকারই হচ্ছে রক্ষাকরণ বিষয় বা ধর্ম।” অষ্টম সূত্র।
ব্যাখ্যা [০]