লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

~

“হে ভিক্ষুগণ, ত্রিশ প্রকার খারাপ বিষয়ে সমন্নাগত জন কর্মানুসারে নরকে নিক্ষিপ্ত হয়। সেই ত্রিশ প্রকার কী কী? যথা :

সে স্বয়ং প্রাণিহত্যা করে ও অন্যকে প্রাণিহত্যাতে প্ররোচিত করায় এবং প্রাণিহত্যাকে অনুমোদন করে। সে স্বয়ং অদত্তদ্রব্য হরণ করে, অন্যকে অদত্তদ্রব্য গ্রহণে প্ররোচিত করায় এবং অদত্তগ্রহণকে অনুমোদন করে। স্বয়ং সে মিথ্যা কামাচারে লিপ্ত থাকে, অপরকেও তাতে উদ্বুদ্ধ করায় এবং মিথ্যা কামাচারকে অনুমোদন করে। সে স্বয়ং মিথ্যাবাক্য বলে, অন্যকে মিথ্যা বলার পরামর্শ দেয় এবং মিথ্যা ভাষণকে অনুমোদন করে। স্বয়ং সে ভেদপূর্ণ বাক্য ভাষণ করে, অপরকে ভেদবাক্য বলার জন্য অনুপ্রাণিত করে এবং ভেদবাক্যকে অনুমোদন করে। সে নিজে কর্কশভাষী হয়, অন্যকে কর্কশ ভাষণে প্ররোচিত করায় এবং কর্কশ বাক্যকে অনুমোদন করে। সে স্বয়ং বৃথালাপ করে, অন্যকে বৃথাবাক্য বলানোর চেষ্টা করে এবং বৃথাবাক্য অনুমোদনও করে। সে নিজে অভিধ্যালু হয়, অপরকেও অভিধ্যালু হওয়ার জন্য প্ররোচিত করে এবং অভিধ্যাকে অনুমোদন করে। স্বয়ং ব্যাপন্ন বা বিদ্বেষপরায়ণ হয়, অন্যকে বিদ্বেষী হতে প্ররোচিত করে এবং বিদ্বেষপরায়ণতাকে অনুমোদন করে। সে নিজে মিথ্যাদৃষ্টিসম্পন্ন হয়, অন্যকেও মিথ্যাদৃষ্টি পোষণে উদ্বুদ্ধ করে এবং মিথ্যাদৃষ্টিকে অনুমোদন করে। ভিক্ষুগণ, এই ত্রিশটি খারাপ বিষয়ে সমন্নাগত জন কর্মানুসারে নরকে নিক্ষিপ্ত হয়।

ভিক্ষুগণ, ত্রিশটি গুণধর্মে সুসমৃদ্ধ জন কর্মানুসারে স্বর্গে আমোদিত হয়। সেই ত্রিশ প্রকার কী কী? যথা :

সে স্বয়ং প্রাণিহত্যা হতে বিরত হয়, অন্যকে প্রাণিহত্যা হতে বিরত হওয়ার জন্য প্ররোচিত করায় এবং প্রাণিহত্যা হতে বিরতিকে অনুমোদন করে। সে স্বয়ং অদত্তদ্রব্য হরণ করে না, অন্যকে অদত্তদ্রব্য গ্রহণ না করার জন্য প্ররোচিত করায় এবং অদত্তদ্রব্য গ্রহণ হতে বিরতিকে অনুমোদন করে। স্বয়ং সে মিথ্যা কামাচারে লিপ্ত থাকে না, অপরকেও তা না করার জন্য উদ্বুদ্ধ করায় এবং মিথ্যা কামাচার হতে বিরতিকে অনুমোদন করে। সে স্বয়ং মিথ্যাবাক্য বলা হতে বিরত হয়, অন্যকে মিথ্যা বলা ত্যাগের পরামর্শ দেয় এবং মিথ্যাবাক্য বলা হতে বিরতিকে অনুমোদন করে। স্বয়ং সে ভেদপূর্ণ বাক্য ভাষণ হতে বিরত থাকে, অপরকে ভেদবাক্য না বলার জন্য অনুপ্রাণিত করে এবং ভেদপূর্ণ বাক্য ভাষণ হতে বিরতিকে অনুমোদন করে। সে নিজে মিষ্টভাষী হয়, অন্যকে মিষ্টভাষণে প্ররোচিত করায় এবং মিষ্টভাষণ-কে অনুমোদন করে। সে স্বয়ং বৃথালাপ হতে বিরত হয়, অন্যকে বৃথাবাক্য ত্যাগের চেষ্টা করে এবং বৃথালাপ হতে বিরতিকে অনুমোদন করে। সে নিজে অনভিধ্যালু হয়, অপরকেও অনভিধ্যালু হওয়ার জন্য প্ররোচিত করে এবং অনভিধ্যাকে অনুমোদন করে। স্বয়ং অব্যাপন্ন বা অবিদ্বেষপরায়ণ হয়, অন্যকে তাতে প্ররোচিত করে এবং অবিদ্বেষপরায়ণতাকে অনুমোদন করে। সে নিজে সম্যক দৃষ্টিসম্পন্ন হয়, অন্যকেও সম্যক দৃষ্টি পোষণে উদ্বুদ্ধ করে এবং সম্যক দৃষ্টিকে অনুমোদন করে। ভিক্ষুগণ, এই ত্রিশটি গুণধর্মে সুসমৃদ্ধ জন কর্মানুসারে স্বর্গে আমোদিত হয়।” তৃতীয় সূত্র।

ব্যাখ্যা [০]