লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

দ্বিতীয় আনন্দ সূত্র

“ভন্তে, সাংঘিক একতাকেই সংঘের সমন্বয় বলা হয়। ভন্তে, কিরূপে সংঘের সমন্বয় হয়?”

“হে আনন্দ, এক্ষেত্রে ভিক্ষুরা অধর্মকে অধর্ম বলে ব্যাখ্যা করে; ধর্মকে ধর্ম বলে ব্যাখ্যা করে; অবিনয়কে অবিনয় বলে ব্যাখ্যা করে; বিনয়কে বিনয় বলে ব্যাখ্যা করে; তথাগত কর্তৃক অভাষিত, অনুল্লেখিত বিষয়কে তথাগত কর্তৃক অভাষিত, অনুল্লেখিত বলে ব্যাখ্যা করে; তথাগত কর্তৃক ভাষিত, উল্লেখিত বিষয়কে তথাগত কর্তৃক ভাষিত, উল্লেখিত বলে ব্যাখ্যা করে; তথাগত দ্বারা অননুশীলিত বিষয়কে তথাগত দ্বারা অননুশীলিত বলে ব্যাখ্যা করে; তথাগত দ্বারা অনুশীলিত বিষয়কে তথাগত দ্বারা অনুশীলিত বলে ব্যাখ্যা করে; তথাগত কর্তৃক অপ্রজ্ঞাপ্ত বিষয়কে তথাগত কর্তৃক অপ্রজ্ঞাপ্ত বলে ব্যাখ্যা করে; এবং তথাগত কর্তৃক প্রজ্ঞাপ্ত বিষয়কে তথাগত কর্তৃক প্রজ্ঞাপ্ত বলে ব্যাখ্যা করে; এই দশটি বিষয়ের মাধ্যমে তারা সংঘভেদ করে না ও সংঘের মধ্যে পৃথকভাবে বিনয় কার্যাদি করে না এবং পৃথক প্রাতিমোক্ষ উদ্দেশ (বর্ণনা) করে না। আনন্দ, এরূপে সংঘের সমন্বয় হয়।”

“ভন্তে, যিনি সংঘমধ্যে একতা সৃষ্টি করেন তার কী বৃদ্ধি পায়?”

“আনন্দ, যে ভিন্ন সংঘকে একতাবদ্ধ করে তার ব্রহ্মপুণ্য অর্জন হয়।”

“ভন্তে, ব্রহ্মপুণ্য কী?”
“আনন্দ, কল্পকালব্যাপী স্বর্গে অভিনন্দিত হওয়াকেই ব্রহ্মপুণ্য বলে।”
“সংঘের একতা সদা সুখ পূর্ণ হয়,
একতার অনুগ্রহও সদা সুখময়;
একতারত ধার্মিক, শীলবান যিনি,
অধ্বংসিত যোগক্ষেম, দুঃখমুক্ত তিনি;
সংঘের একতা তিনি করে পুনঃ স্থাপন,
কল্পকাল স্বর্গসুখে আমোদিত হন।” দশম সূত্র।

উপালি বর্গ সমাপ্ত।

তস্সুদ্দানং/সূত্রসূচি

উপালি, প্রাতিমোক্ষ স্থগিত আর বিচারক যথা
উপসম্পদা, নিশ্রয়, শ্রমণ একই বর্গে গাথা;
ভেদ ও একতা সংঘের আর দুয়ে আনন্দ কথন,
দশে মিলে উপালি বর্গের হলো বিবরণ॥

ব্যাখ্যা [০]