“হে ভিক্ষুগণ, রাজ অন্তঃপুরে প্রবেশের দশ প্রকার আদীনব (অসুবিধা) রয়েছে। সেই দশ প্রকার কী কী? যথা : রাজা ও রাণী একত্রে বসে থাকার সময় কোনো প্রব্রজিত তখন সেখানে প্রবেশ করলে যদি রাণী প্রব্রজিতকে দেখে হাসে অথবা প্রব্রজিত রাণীকে দেখে হাসে তবে রাজার এরূপ চিন্তার উদ্রেক হয় যে ‘নিশ্চয়ই এদের গোপন সম্পর্ক আছে, নয়তো হবে,’ ভিক্ষুগণ, রাজ অন্তঃপুরে প্রবেশের ইহা প্রথম আদীনব।
পুনশ্চ, ভিক্ষুগণ, রাজা বহুকৃত্য, বহুকাজের দরুন কোনো স্ত্রীর সাথে মিলিত হয়েও তা ভুলে যান। কিন্তু, রাজার সাথে সহবাসের পর রাজস্ত্রী গর্ভবতী হলে রাজার এমন চিন্তা জাগে যে ‘এখানে প্রব্রজিত ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারে না। নিশ্চয়ই এটা প্রব্রজিতের কাণ্ড।’ ভিক্ষুগণ, রাজ অন্তঃপুরে প্রবেশের ইহা দ্বিতীয় আদীনব।
পুনশ্চ, ভিক্ষুগণ, রাজ অন্তঃপুরে কোনো দামি রত্ন হারালে রাজার এমন চিন্তা জাগে যে ‘এখানে প্রব্রজিত ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারে না। নিশ্চয়ই এটা প্রব্রজিতের কাণ্ড।’ ভিক্ষুগণ, রাজ অন্তঃপুরে প্রবেশের ইহা তৃতীয় আদীনব।
পুনশ্চ, ভিক্ষুগণ, রাজ অন্তঃপুরের অভ্যন্তরীণ গোপন মন্ত্রণা প্রকাশ্যে প্রচার হলে তখন রাজার এমন চিন্তা জাগে যে ‘এখানে প্রব্রজিত ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারে না। নিশ্চয়ই এটা প্রব্রজিতের কাণ্ড।’ ভিক্ষুগণ, রাজ অন্তঃপুরে প্রবেশের ইহা চতুর্থ আদীনব।
পুনশ্চ, ভিক্ষুগণ, রাজ অন্তঃপুরে পিতা পুত্রকে ক্ষতি করতে ইচ্ছুক হয় এবং পুত্রও পিতার ক্ষতি সাধনে অভিলাষী হয়। তাদের মনে এমন সন্দেহ জাগে যে ‘এখানে প্রব্রজিত ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারে না। নিশ্চয়ই এটা প্রব্রজিতের কাণ্ড।’ ভিক্ষুগণ, রাজ অন্তঃপুরে প্রবেশের ইহা পঞ্চম আদীনব।
পুনশ্চ, ভিক্ষুগণ, রাজা নিচু স্থানীয়কে উঁচু পদমর্যাদার স্থান দিলে যাদের এ বিষয় অমনঃপুত তারা এরূপ চিন্তা করে যে ‘রাজার সাথে প্রব্রজিতের সংসর্গ আছে। নিশ্চয়ই এটা প্রব্রজিতের কাণ্ড।’ ভিক্ষুগণ, রাজ অন্তঃপুরে প্রবেশের ইহা ষষ্ঠ আদীনব।
পুনশ্চ, ভিক্ষুগণ, রাজা উচ্চ স্থানীয়কে নিচু পদমর্যাদায় স্থান দিলে যাদের এ বিষয় অমনঃপুত তারা এরূপ চিন্তা করে যে ‘রাজার সাথে প্রব্রজিতের সংসর্গ আছে। নিশ্চয়ই এটা প্রব্রজিতের কাণ্ড।’ ভিক্ষুগণ, রাজ অন্তঃপুরে প্রবেশের ইহা সপ্তম আদীনব।
পুনশ্চ, ভিক্ষুগণ, রাজা অসময়ে সৈন্যদলকে যুদ্ধে প্ররোচিত করলে যাদের এ বিষয় অমনঃপুত তারা এরূপ চিন্তা করে যে ‘রাজার সাথে প্রব্রজিতের সংসর্গ আছে। নিশ্চয়ই এটা প্রব্রজিতের কাণ্ড।’ ভিক্ষুগণ, রাজ অন্তঃপুরে প্রবেশের ইহা অষ্টম আদীনব।
পুনশ্চ, ভিক্ষুগণ, রাজা যথাসময়ে সৈন্যদলকে যুদ্ধে প্ররোচিত করে মাঝপথ হতে ফিরিয়ে আনলে যাদের এ বিষয় অমনঃপুত তারা এরূপ চিন্তা করে যে ‘রাজার সাথে প্রব্রজিতের সংসর্গ আছে। নিশ্চয়ই এটা প্রব্রজিতের কাণ্ড।’ ভিক্ষুগণ, রাজ অন্তঃপুরে প্রবেশের ইহা নবম আদীনব।
পুনশ্চ, ভিক্ষুগণ, রাজ অন্তঃপুরে হস্তী, অশ্ব, রথ, প্রলোভনকারী রূপ, শব্দ, গন্ধ, রস ও স্পর্শের প্রাচুর্যতা থাকে যা প্রব্রজিতের জন্য উপযুক্ত নয়। ভিক্ষুগণ, এটা রাজ অন্তঃপুরে প্রবেশের দশম আদীনব।” পঞ্চম সূত্র।
ব্যাখ্যা [০]