অনন্তর আয়ুষ্মান সারিপুত্র সমবেত ভিক্ষুদের ‘আবুসোগণ’ বলে আহ্বান করলেন। ‘হ্যাঁ আবুসো’ বলে ভিক্ষুরা প্রত্যুত্তর দিলে আয়ুষ্মান সারিপুত্র এরূপ বললেন :
“হে আবুসোগণ, একজন ভিক্ষু অপরের চিত্ত সম্পর্কে দক্ষ হয় না। সে সংকল্পবদ্ধ হয় যে ‘আমি নিজ চিত্তের গতিপথ সম্পর্কেই দক্ষ হবো।’ এরূপই আবুসোগণ, তোমাদের শিক্ষা করা উচিত।
কিরূপে আবুসোগণ, একজন ভিক্ষু নিজ চিত্তের গতিপথ সম্পর্কে দক্ষ হয়? যেমন, স্ত্রী-পুরুষ, বালক বা যুবক কিংবা সাজসজ্জাপ্রিয় কেউ আয়না কিংবা পরিশুদ্ধ, পরিষ্কৃত, নির্মল জলপাত্রে নিজ মুখাবয়ব দেখার সময় যদি কোনো দাগ বা ময়লা দেখে তাহলে সেই দাগ বা ময়লা বিদূরণের জন্য সাগ্রহে চেষ্টা করে। আর যদি নিজ মুখমণ্ডলে কোনো দাগ বা ময়লা না দেখে তখন সে আনন্দিত হয় এবং ইচ্ছাপূরণহেতু ভাবে যে ‘সত্যিই আমার লাভ হয়েছে, সত্যিই আমি দাগহীন পরিষ্কার আছি।’
এরূপেই আবুসোগণ, ভিক্ষুর কুশলধর্মসমূহের প্রত্যবেক্ষণ বহু প্রকারের হয়; যথা : ‘আমি কি অভিধ্যা বা লোভবহুল হয়ে নাকি নির্লোভী হয়ে অবস্থান করছি? আমি কি ব্যাপাদ-চিত্তে নাকি অব্যাপাদ-চিত্তে অবস্থান করছি? আমি কি আলস্য-তন্দ্রাভিভূত (স্ত্যান-মিদ্ধ) হয়ে অবস্থান করছি নাকি আলস্য-তন্দ্রা প্রহীন করে অবস্থান করছি? আমি কি ঔদ্ধত্যবহুল নাকি অনৌদ্ধত্যবহুল হয়ে অবস্থান করছি? আমি কি বিচিকিৎসা বা সন্দেহপ্রবণ হয়ে অবস্থান করছি নাকি বিচিকিৎসাহীন হয়ে অবস্থান করছি? আমি কি ক্রোধবহুল নাকি অক্রোধী হয়ে অবস্থান করছি? আমি কি সংক্লিষ্ট চিত্তে অবস্থান করছি নাকি অসংক্লিষ্ট (পবিত্র) চিত্তে অবস্থান করছি? আমি কি কায়িক অসহনশীল নাকি সহনশীল হয়ে অবস্থান করছি? আমি কি পরাক্রমহীন হয়ে অবস্থান করছি নাকি দৃঢ় পরাক্রমশালী হয়ে অবস্থান করছি? আমি অসমাহিত চিত্তে অবস্থান করছি নাকি সমাহিত চিত্তে অবস্থান করছি?’
আবুসোগণ, যদি ভিক্ষু এরূপে প্রত্যবেক্ষণকালে জ্ঞাত হয় যে ‘আমি অভিধ্যাবহুল, ব্যাপাদবহুল হয়ে অবস্থান করছি; আলস্য-তন্দ্রায় অভিভূত হয়ে অবস্থান করছি; ঔদ্ধত্য, বিচিকিৎসা, ক্রোধবহুল হয়ে অবস্থান করছি; আমি সংক্লিষ্ট চিত্তে এবং কায়িক অসহনশীল হয়ে অবস্থান করছি; এবং আমি পরাক্রমহীন হয়ে ও অসমাহিত চিত্তে অবস্থান করছি’; তাহলে আবুসোগণ, সেই পাপ-অকুশলধর্মসমূহ প্রহানের জন্য তাকে অধিকমাত্রায় আগ্রহী, প্রচেষ্টাশীল, উৎসাহী, উদ্যমী, উদ্দীপিত, স্মৃতিমান ও সম্প্রজ্ঞানী হতে হবে। যেমন, কারও কাপড় বা মাথায় যদি আগুন ধরে তবে তা নেভানোর জন্য তাকে যেমনটা অধিকমাত্রায় আগ্রহী, প্রচেষ্টাশীল, উৎসাহী, উদ্যমী, উদ্দীপিত, স্মৃতিমান ও সম্প্রজ্ঞানী হতে হয়; ঠিক তদ্রূপই আবুসোগণ, সেই ভিক্ষুকে পাপ-অকুশলধর্মসমূহ প্রহানের জন্য অধিকমাত্রায় আগ্রহী, প্রচেষ্টাশীল, উৎসাহী, উদ্যমী, উদ্দীপিত, স্মৃতিমান ও সম্প্রজ্ঞানী হতে হবে।
আবুসোগণ, যদি ভিক্ষুটি এরূপে প্রত্যবেক্ষণকালে জ্ঞাত হয় যে ‘আমি অনভিধ্যাবহুল, অব্যাপাদবহুল হয়ে অবস্থান করছি; আলস্য-তন্দ্রায় অনভিভূত হয়ে অবস্থান করছি; অনৌদ্ধত্য, বিচিকিৎসাহীন, অক্রোধী হয়ে অবস্থান করছি; আমি অসংক্লিষ্ট চিত্তে এবং কায়িক সহনশীল হয়ে অবস্থান করছি; এবং আমি পরাক্রমী ও সমাহিত চিত্তে অবস্থান করছি’; তাহলে আবুসোগণ, সেই ভিক্ষুর এরূপ কুশলধর্মসমূহে প্রতিষ্ঠিত থেকে আসবসমূহ ক্ষয়ের জন্য উত্তরোত্তর প্রচেষ্টা করা কর্তব্য।” দ্বিতীয় সূত্র।
ব্যাখ্যা [০]