লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

বাহন সূত্র

একসময় ভগবান চম্পায় গগ্গরা পুষ্করিণীর তীরে অবস্থান করছিলেন। অনন্তর আয়ুষ্মান বাহন ভগবানের নিকট উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপাশে বসলেন। একান্তে উপবেশনের পর আয়ুষ্মান বাহন ভগবানকে এরূপ বললেন :

“ভন্তে, কত প্রকার ধর্ম তথাগতের পরিত্যক্ত, বিসংযুক্ত, বিপ্রমুক্ত ও তথাগত তাতে বিমুক্তচিত্তে অবস্থান করেন?”

“হে বাহন, দশ প্রকার ধর্ম তথাগতের পরিত্যক্ত, বিসংযুক্ত, বিপ্রমুক্ত ও তথাগত তাতে বিমুক্তচিত্তে অবস্থান করেন। সেই দশ প্রকার কী কী? যথা :

বাহন, রূপ তথাগতের পরিত্যক্ত, বিসংযুক্ত, বিপ্রমুক্ত ও তাতে তথাগত বিমুক্তচিত্তে অবস্থান করেন। এভাবে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, জন্ম, জরা, মরণ, দুঃখ এবং ক্লেশাদি তথাগতের পরিত্যক্ত, বিসংযুক্ত, বিপ্রমুক্ত ও সে-সমস্তে তথাগত বিমুক্তচিত্তে অবস্থান করেন। যেমন, বাহন, উৎপল, পদ্ম, কিংবা শ্বেতপদ্ম পানিতে জাত, পানি হতে ঊর্ধ্বে বর্ধমান এবং পানিতে স্থিত হলেও তা পানি দ্বারা অনুলিপ্ত হয় না। ঠিক তদ্রূপ বাহন, এই দশ প্রকার ধর্ম তথাগতের পরিত্যক্ত, বিসংযুক্ত, বিপ্রমুক্ত ও তথাগত তাতে বিমুক্তচিত্তে অবস্থান করেন।” প্রথম সূত্র।

ব্যাখ্যা [০]