লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

পূর্ণিয় সূত্র

অনন্তর আয়ুষ্মান পূর্ণিয় ভগবানের নিকট উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপাশে বসলেন। একান্তে উপবেশনের পর আয়ুষ্মান পূর্ণিয় ভগবানকে এরূপ বললেন :

“ভন্তে, কী কারণে কী হেতুতে তথাগত কোনো কোনো সময় ধর্মদেশনা করেন আবার কোনো কোনো সময় ধর্মদেশনা করেন না?”

“হে পূর্ণিয়, এক্ষেত্রে কোনো ভিক্ষু শ্রদ্ধাবান হয় কিন্তু যতক্ষণ তথাগতের নিকট উপস্থিত হয় না ততক্ষণ তথাগত ধর্মদেশনা করেন না। কিন্তু পূর্ণিয়, যখন ভিক্ষুটি শ্রদ্ধাবান হয়ে তথাগতের নিকট উপস্থিত হয়, তখন তথাগত ধর্মদেশনা করেন।

পূর্ণিয়, ভিক্ষুটি শ্রদ্ধাবান হয়ে তথাগতের নিকট উপনীত হয় কিন্তু শ্রবণ করার জন্য উপবেশন করে না, তখন তথাগত ধর্মদেশনা করেন না। কিন্তু পূর্ণিয়, যখন ভিক্ষুটি শ্রদ্ধাবান হয়ে তথাগতের নিকট উপনীত হয় এবং শ্রবণ করার জন্য উপবেশনও করে, তখন তথাগত ধর্মদেশনা করেন।

পূর্ণিয়, ভিক্ষুটি শ্রদ্ধাবান হয়ে তথাগতের নিকট উপনীত হয়ে শ্রবণ করার জন্য উপবেশন করে কিন্তু তথাগতকে প্রশ্ন জিজ্ঞাসা করে না, তখন তথাগত ধর্মদেশনা করেন না। কিন্তু পূর্ণিয়, যখন ভিক্ষুটি শ্রদ্ধাবান হয়ে তথাগতের নিকট উপনীত হয় এবং শ্রবণ করার জন্য উপবেশন করে ও তথাগতকে প্রশ্ন জিজ্ঞাসা করে, তখন তথাগত ধর্মদেশনা করেন।

পূর্ণিয়, ভিক্ষুটি শ্রদ্ধাবান হয়ে তথাগতের নিকট উপনীত হয় এবং শ্রবণ করার জন্য উপবেশনপূর্বক তথাগতকে প্রশ্ন জিজ্ঞাসা করে কিন্তু মনোযোগের সাথে ধর্মশ্রবণ করে না, তখন তথাগত ধর্মদেশনা করেন না। কিন্তু পূর্ণিয়, যখন ভিক্ষুটি শ্রদ্ধাবান হয়ে তথাগতের নিকট উপনীত হয় এবং শ্রবণ করার জন্য উপবেশনপূর্বক তথাগতকে প্রশ্ন জিজ্ঞাসা করে এবং মনোযোগের সাথে ধর্মশ্রবণও করে, তখন তথাগত ধর্মদেশনা করেন।

পূর্ণিয়, ভিক্ষুটি শ্রদ্ধাবান হয়ে তথাগতের নিকট উপনীত হয়, শ্রবণ করার জন্য উপবেশনপূর্বক তথাগতকে প্রশ্ন জিজ্ঞাসা করে এবং মনোযোগের সাথে ধর্মশ্রবণ করে কিন্তু শ্রুত ধর্ম মনে ধারণ করে না, তখন তথাগত ধর্মদেশনা করেন না। কিন্তু পূর্ণিয়, যখন ভিক্ষুটি শ্রদ্ধাবান হয়ে তথাগতের নিকট উপনীত হয়, শ্রবণ করার জন্য উপবেশনপূর্বক তথাগতকে প্রশ্ন জিজ্ঞাসা করে এবং মনোযোগের সাথে ধর্মশ্রবণ করে শ্রুত ধর্ম মনে ধারণও করে, তখন তথাগত ধর্মদেশনা করেন।

পূর্ণিয়, ভিক্ষুটি শ্রদ্ধাবান হয়ে তথাগতের নিকট উপনীত হয়, শ্রবণ করার জন্য উপবেশনপূর্বক তথাগতকে প্রশ্ন জিজ্ঞাসা করে এবং মনোযোগের সাথে ধর্মশ্রবণ করে শ্রুত ধর্ম মনে ধারণ করে কিন্তু ধৃত ধর্মের অর্থ পরীক্ষা করে না, তখন তথাগত ধর্মদেশনা করেন না। কিন্তু পূর্ণিয়, যখন ভিক্ষুটি শ্রদ্ধাবান হয়ে তথাগতের নিকট উপনীত হয়, শ্রবণ করার জন্য উপবেশনপূর্বক তথাগতকে প্রশ্ন জিজ্ঞাসা করে এবং মনোযোগের সাথে ধর্মশ্রবণ করে শ্রুত ধর্ম মনে ধারণ করে এবং ধৃত ধর্মের অর্থও পরীক্ষা করে, তখন তথাগত ধর্মদেশনা করেন।

পূর্ণিয়, ভিক্ষুটি শ্রদ্ধাবান হয়ে তথাগতের নিকট উপনীত হয়, শ্রবণ করার জন্য উপবেশনপূর্বক তথাগতকে প্রশ্ন জিজ্ঞাসা করে, মনোযোগের সাথে ধর্মশ্রবণ করে শ্রুত ধর্ম মনে ধারণ করে, ধৃত ধর্মের অর্থ পরীক্ষা করে কিন্তু অর্থ ও ধর্ম জ্ঞাত হয়ে ধর্মানুধর্মে প্রতিপন্ন হয় না, তখন তথাগত ধর্মদেশনা করেন না। কিন্তু পূর্ণিয়, যখন ভিক্ষুটি শ্রদ্ধাবান হয়ে তথাগতের নিকট উপনীত হয়, শ্রবণ করার জন্য উপবেশনপূর্বক তথাগতকে প্রশ্ন জিজ্ঞাসা করে, মনোযোগের সাথে ধর্মশ্রবণ করে শ্রুত ধর্ম মনে ধারণ করে, ধৃত ধর্মের অর্থ পরীক্ষা করে এবং অর্থ ও ধর্ম জ্ঞাত হয়ে ধর্মানুধর্মে প্রতিপন্ন হয়, তখন তথাগত ধর্মদেশনা করেন।

পূর্ণিয়, ভিক্ষুটি শ্রদ্ধাবান হয়ে তথাগতের নিকট উপনীত হয়, শ্রবণ করার জন্য উপবেশনপূর্বক তথাগতকে প্রশ্ন জিজ্ঞাসা করে, মনোযোগের সাথে ধর্মশ্রবণ করে শ্রুত ধর্ম মনে ধারণ করে, ধৃত ধর্মের অর্থ পরীক্ষা করে, অর্থ ও ধর্ম জ্ঞাত হয়ে ধর্মানুধর্মে প্রতিপন্ন হয় কিন্তু কল্যাণকর বিষয়ে আলোচনা করে না, মঙ্গলপ্রদ বিষয় ব্যাখ্যা করে না, নগরস্থ ভাষা ব্যবহার করে, বিদায় প্রাক্কালে বিদায় সম্ভাষণ জানায় না এবং পরিষ্কার কণ্ঠস্বরে বক্তব্য উপস্থাপন করে না; তখন তথাগত ধর্মদেশনা করেন না। কিন্তু পূর্ণিয়, যখন ভিক্ষুটি শ্রদ্ধাবান হয়ে তথাগতের নিকট উপনীত হয়, শ্রবণ করার জন্য উপবেশনপূর্বক তথাগতকে প্রশ্ন জিজ্ঞাসা করে, মনোযোগের সাথে ধর্মশ্রবণ করে শ্রুত ধর্ম মনে ধারণ করে, ধৃত ধর্মের অর্থ পরীক্ষা করে, অর্থ ও ধর্ম জ্ঞাত হয়ে ধর্মানুধর্মে প্রতিপন্ন হয় এবং কল্যাণকর বিষয়ে আলোচনা করে, মঙ্গলপ্রদ বিষয় ব্যাখ্যা করে, নগরস্থ ভাষা ব্যবহার করে না, বিদায় প্রাক্কালে বিদায় সম্ভাষণ জানায় এবং পরিষ্কার কণ্ঠস্বরে বক্তব্য উপস্থাপন করে; তখন তথাগত ধর্মদেশনা করেন।

পূর্ণিয়, ভিক্ষুটি শ্রদ্ধাবান হয়ে তথাগতের নিকট উপনীত হয়, শ্রবণ করার জন্য উপবেশনপূর্বক তথাগতকে প্রশ্ন জিজ্ঞাসা করে, মনোযোগের সাথে ধর্মশ্রবণ করে শ্রুত ধর্ম মনে ধারণ করে, ধৃত ধর্মের অর্থ পরীক্ষা করে, অর্থ ও ধর্ম জ্ঞাত হয়ে ধর্মানুধর্মে প্রতিপন্ন হয়, কল্যাণকর বিষয়ে আলোচনা করে, মঙ্গলপ্রদ বিষয় ব্যাখ্যা করে, নগরস্থ ভাষা ব্যবহার করে না, বিদায় প্রাক্কালে বিদায় সম্ভাষণ জানায় এবং পরিষ্কার কণ্ঠস্বরে বক্তব্য উপস্থাপন করে কিন্তু সব্রহ্মচারীদের ধর্ম পথে পরিচালিত করে না, ধর্মে উদ্বুদ্ধ করায় না, উৎসাহিত করায় না এবং আনন্দিতও করায় না; তখন তথাগত ধর্মদেশনা করেন না। কিন্তু পূর্ণিয়, যখন ভিক্ষুটি শ্রদ্ধাবান হয়ে তথাগতের নিকট উপনীত হয়, শ্রবণ করার জন্য উপবেশনপূর্বক তথাগতকে প্রশ্ন জিজ্ঞাসা করে, মনোযোগের সাথে ধর্মশ্রবণ করে, শ্রুত ধর্ম মনে ধারণ করে, ধৃত ধর্মের অর্থ পরীক্ষা করে, অর্থ ও ধর্ম জ্ঞাত হয়ে ধর্মানুধর্মে প্রতিপন্ন হয়, কল্যাণকর বিষয়ে আলোচনা করে, মঙ্গলপ্রদ বিষয় ব্যাখ্যা করে, নগরস্থ ভাষা ব্যবহার করে না, বিদায় প্রাক্কালে বিদায় সম্ভাষণ জানায় ও পরিষ্কার কণ্ঠস্বরে বক্তব্য উপস্থাপন করে এবং সব্রহ্মচারীদের ধর্ম পথে পরিচালিত করে, ধর্মে উদ্বুদ্ধ করায়, উৎসাহিত করায় এবং আনন্দিতও করায়; তখন তথাগত ধর্মদেশনা করেন।

পূর্ণিয়, এই দশটি গুণধর্ম ভিক্ষুটির নিকট বিদ্যমান থাকলে তবেই তথাগত ধর্মদেশনা করেন।” তৃতীয় সূত্র।

ব্যাখ্যা [০]