লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

ব্যাখ্যা সূত্র

একসময় আয়ুষ্মান মহামৌদ্গল্লায়ন ভিক্ষুবৃন্দদের হে আবুসোগণ,’ বলে আহ্বান করলেন। ‘হ্যাঁ আবুসো’ বলে ভিক্ষুবৃন্দ প্রত্যুত্তর দিলে আয়ুষ্মান মহামৌদ্গল্লায়ন এরূপ বললেন :

“হে আবুসোগণ, এক্ষেত্রে কোনো কোনো ভিক্ষু অর্হত্ত্বলাভ সম্বন্ধে এরূপ ব্যাখ্যা; করে যথা : ‘আমার জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য উদ্‌যাপিত হয়েছে, করণীয় সম্পাদিত হয়েছে এবং আমার দুঃখমুক্তি লাভের জন্য অন্য করণীয় নাই এরূপে আমি অবগত আছি।’

অতঃপর ধ্যানী, সমাপত্তিকুশল (ধ্যানে সুদক্ষ), পরচিত্ত নিরীক্ষণে দক্ষ, পরচিত্তের অবস্থা নিরীক্ষণে সুদক্ষ তথাগত কিংবা তথাগতের শিষ্য তাকে সেই বিষয়ে প্রশ্ন করে, ঘনিষ্টভাবে জেরা করে এবং তৎবিষয়ে আলাপ করে। সেই ভিক্ষুটি ধ্যানী, সমাপত্তিকুশল, পরচিত্ত নিরীক্ষণে দক্ষ, পরচিত্তের অবস্থা নিরীক্ষণে সুদক্ষ তথাগত কিংবা তথাগতের শিষ্যের দ্বারা সেই বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসিত হয়ে, ঘনিষ্টভাবে জেরা এবং তৎবিষয়ে আলাপচারিতার সময় বাকরুদ্ধ হয়, সন্দেহান্বীত হয়, প্রত্যুত্তরে ভুল সিদ্ধান্ত দেয়, অযোগ্যতার প্রকাশ পায় এবং দুর্বিপাকে পরে।

তখন ধ্যানী, সমাপত্তিকুশল, পরচিত্ত নিরীক্ষণে দক্ষ, পরচিত্তের অবস্থা নিরীক্ষণে সুদক্ষ তথাগত কিংবা তথাগতের শিষ্য সেই ভিক্ষুটির চিত্ত এরূপে নিরীক্ষণ করে যে “কী কারণে এই আয়ুষ্মান নিজ অর্হত্ত্বপ্রাপ্তির বিষয় প্রকাশ করে যে, ‘আমার জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য উদ্‌যাপিত হয়েছে, করণীয় সম্পাদিত হয়েছে এবং আমার দুঃখমুক্তি লাভের জন্য অন্য করণীয় নাই এরূপে আমি অবগত আছি?”

তার পর ধ্যানী, সমাপত্তিকুশল, পরচিত্ত নিরীক্ষণে দক্ষ, পরচিত্তের অবস্থা নিরীক্ষণে সুদক্ষ তথাগত কিংবা তথাগতের শিষ্য সেই ভিক্ষুটির চিত্ত সম্বন্ধে এরূপ জানতে পারে যে ‘এই আয়ুষ্মান ক্রোধী এবং ক্রোধে পরাভূত চিত্তে অবস্থান করে। ক্রোধে পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান দোষ অন্বেষণকারী (উপনাহী) এবং দোষান্বেষণে পরাভূত চিত্তে অবস্থান করে। দোষান্বেষণে পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান দোষ পরগুণ ধ্বংসী এবং পরগুণ ধ্বংসে পরাভূত চিত্তে অবস্থান করে। পরগুণ ধ্বংসে পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান নির্দয় এবং নির্দয়তায় পরাভূত চিত্তে অবস্থান করে। নির্দয়তায় পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান ঈর্ষুক এবং ঈর্ষায় পরাভূত চিত্তে অবস্থান করে। ঈর্ষায় পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান পরশ্রীকাতর এবং পরশ্রীকাতরতায় পরাভূত চিত্তে অবস্থান করে। পরশ্রীকাতরতায় পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান শঠ এবং শঠতায় পরাভূত চিত্তে অবস্থান করে। শঠতায় পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান মায়াবী এবং মায়ায় পরাভূত চিত্তে অবস্থান করে। মায়ায় পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান পাপেচ্ছু এবং পাপেচ্ছায় পরাভূত চিত্তে অবস্থান করে। পাপেচ্ছায় পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মানের অর্হত্ত্ব লাভের জন্য উত্তরোত্তর করণীয় থাকলেও সে সামান্য বিষয় অধিগমহেতু মধ্যপথেই থেমে গেছে। মধ্যপথে থেমে যাওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।’

আবুসোগণ, সেই ভিক্ষুটি এই দশ প্রকার অবস্থা পরিত্যাগ না করে এরূপ ধর্মবিনয়ে বৃদ্ধি, সমৃদ্ধি ও বিপুলতা লাভ করবে, তা অসম্ভব। অধিকন্তু আবুসোগণ, সেই ভিক্ষুটি এই দশ প্রকার অবস্থা পরিত্যাগপূর্বক এরূপ ধর্মবিনয়ে বৃদ্ধি, সমৃদ্ধি ও বিপুলতা লাভ করবে, তা সম্ভব।” চতুর্থ সূত্র।

ব্যাখ্যা [০]