লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

দাম্ভিক সূত্র

একসময় আয়ুষ্মান মহাচুন্দ চেতী নগরীর সহজাতিয়তে অবস্থান করছিলেন। তথায় আয়ুষ্মান মহাচুন্দ ভিক্ষুদের ‘আবুসো ভিক্ষুগণ’ বলে আহ্বান করলেন। ‘হ্যাঁ আবুসো’ বলে সেই ভিক্ষুরা আয়ুষ্মান মহাচুন্দকে প্রত্যুত্তর দিলেন। অতঃপর আয়ুষ্মান মহাচুন্দ এরূপ বলতে লাগলেন :

“হে আবুসোগণ, এক্ষেত্রে কোনো কোনো ভিক্ষু নিজ অধিগত বিষয়ে এমন দম্ভ প্রকাশ করে এবং অহংকারী হয়; যথা : ‘আমি প্রথম ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি দ্বিতীয় ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি তৃতীয় ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি চতুর্থ ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি আকাশ-অনন্ত-আয়তন ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি বিজ্ঞান-অনন্ত-আয়তন ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি আকিঞ্চন-আয়তন ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি নৈবসংজ্ঞা-না-অসংজ্ঞায়তন ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; এবং আমি সংজ্ঞাবেদয়িত নিরোধসমাপত্তি ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই।’

অতঃপর ধ্যানী, সমাপত্তিকুশল (ধ্যানে সুদক্ষ), পরচিত্ত নিরীক্ষণে দক্ষ, পরচিত্তের অবস্থা নিরীক্ষণে সুদক্ষ তথাগত কিংবা তথাগতের শিষ্য তাকে সেই বিষয়ে প্রশ্ন করে, ঘনিষ্টভাবে জেরা করে এবং তৎবিষয়ে আলাপ করে। সেই ভিক্ষুটি ধ্যানী, সমাপত্তিকুশল, পরচিত্ত নিরীক্ষণে দক্ষ, পরচিত্তের অবস্থা নিরীক্ষণে সুদক্ষ তথাগত কিংবা তথাগতের শিষ্যের দ্বারা সেই বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসিত হয়ে, ঘনিষ্টভাবে জেরা এবং তৎবিষয়ে আলাপচারিতার সময় বাকরুদ্ধ হয়, সন্দেহান্বীত হয়, প্রত্যুত্তরে ভুল সিদ্ধান্ত দেয়, অযোগ্যতার প্রকাশ পায় এবং দুর্বিপাকে পরে।

তখন ধ্যানী, সমাপত্তিকুশল, পরচিত্ত নিরীক্ষণে দক্ষ, পরচিত্তের অবস্থা নিরীক্ষণে সুদক্ষ তথাগত কিংবা তথাগতের শিষ্য সেই ভিক্ষুটির চিত্ত এরূপে নিরীক্ষণ করে যে “কী কারণে এই আয়ুষ্মান নিজ অধিগত বিষয়ে এমন দম্ভ প্রকাশ করে এবং অহংকারী হয়; যথা : ‘আমি প্রথম ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি দ্বিতীয় ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি তৃতীয় ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি চতুর্থ ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি আকাশ-অনন্ত-আয়তন ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি বিজ্ঞান-অনন্ত-আয়তন ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি আকিঞ্চন-আয়তন ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি নৈবসংজ্ঞা-না-অসংজ্ঞায়তন ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; এবং আমি সংজ্ঞাবেদয়িত নিরোধ ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই’?

তার পর ধ্যানী, সমাপত্তিকুশল, পরচিত্ত নিরীক্ষণে দক্ষ, পরচিত্তের অবস্থা নিরীক্ষণে সুদক্ষ তথাগত কিংবা তথাগতের শিষ্য সেই ভিক্ষুটির চিত্ত সম্বন্ধে এরূপ জানতে পারে যে ‘এই আয়ুষ্মান দীর্ঘকালব্যাপী শীলসমূহে খণ্ড বা অসামঞ্জস্যকারী, ভেদকারী, শীলাদি অনুচিতভাবে সম্পাদনকারী, ত্রুটিপূর্ণভাবে নিষ্পন্নকারী এবং সংগতপূর্ণভাবে ও সামঞ্জস্যতা রক্ষা করে শীলাদি আচরণ করে না। এই আয়ুষ্মান দুঃশীল। দুঃশীলতা তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান শ্রদ্ধাহীন এবং অশ্রদ্ধায় পরাভূত চিত্তে অবস্থান করে। অশ্রদ্ধায় পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান অল্পশ্রুত এবং অল্পশ্রুতিতে পরাভূত চিত্তে অবস্থান করে। অল্পশ্রুতিতে পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান দুর্বাক্যভাষী এবং দুর্বাক্য ভাষণে পরাভূত চিত্তে অবস্থান করে। দুর্বাক্য ভাষণে পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান পাপ বা খারাপ মিত্র এবং পাপমিত্রত্বে পরাভূত চিত্তে অবস্থান করে। পাপমিত্রত্বে পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান অলস এবং অলসতায় পরাভূত চিত্তে অবস্থান করে। অলসতায় পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান বিস্মরণশীল এবং বিস্মরণশীলতায় পরাভূত চিত্তে অবস্থান করে। বিস্মরণশীলতায় পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান কুহক এবং কুহকতায় পরাভূত চিত্তে অবস্থান করে। কুহকতায় পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান দুর্পোষ্য (দুব্‌ভরো) এবং দুর্পোষ্যতায় পরাভূত চিত্তে অবস্থান করে। দুর্পোষ্যতায় পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান দুষ্প্রাজ্ঞ এবং দুষ্প্রাজ্ঞতায় পরাভূত চিত্তে অবস্থান করে। দুষ্প্রাজ্ঞতায় পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।’

যেমন, আবুসোগণ, কোনো বন্ধু তার অন্য সহায়কে এরূপ বলল যে ‘সৌম্য, তোমার অর্থের প্রয়োজন হলে আমার নিকট হতে নিও। আমি তোমাকে অর্থ দিব।’ পরবর্তীতে কোনো উপলক্ষ্যে সেই বন্ধুটির অর্থের প্রয়োজন হলে প্রতিশ্রুতিবদ্ধ বন্ধুকে এরূপ বলে যে ‘সৌম্য, আমার অর্থের প্রয়োজন। আমায় কিছু অর্থ দাও।’ প্রত্যুত্তরে বন্ধুটি তাকে বলল যে ‘তবে সৌম্য, এখানটায় খনন কর।’ সেখানে খনন করে কিছুই না পেয়ে অপর বন্ধুটি বলল যে ‘অলীক কথাই বললে, সৌম্য, ভ্রান্ত কথাই বললে যে ‘এখানটায় খনন কর’, তখন দাতা বন্ধুটি বলল, ‘না না, সৌম্য, আমি অলীক কিংবা ভ্রান্ত বলিনি। আচ্ছা তবে এদিকটায় খনন করে দেখতো দেখি।’ অপর বন্ধুটি সেখানটায়ও খনন করে কিছুই না পেয়ে বলল যে ‘অলীক কথাই বললে, সৌম্য, ভ্রান্ত কথাই বললে যে ‘এখানটায় খনন কর’, তখন দাতা বন্ধুটি বলল, ‘না না, সৌম্য, আমি অলীক কিংবা ভ্রান্ত কিছুই বলিনি। পরন্তু আমি স্মরণ করতে পারছি না, উন্মাদ হলাম মনে হচ্ছে,’

এরূপেই আবুসোগণ, এক্ষেত্রে কোনো কোনো ভিক্ষু নিজ অধিগত বিষয়ে এমন দম্ভ প্রকাশ করে এবং অহংকারী হয়; যথা : ‘আমি প্রথম ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি দ্বিতীয় ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি তৃতীয় ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি চতুর্থ ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি আকাশ-অনন্ত-আয়তন ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি বিজ্ঞান-অনন্ত-আয়তন ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি আকিঞ্চন-আয়তন ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি নৈবসংজ্ঞা-না-অসংজ্ঞায়তন ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; এবং আমি সংজ্ঞাবেদয়িত নিরোধসমাপত্তি ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই।’

অতঃপর ধ্যানী, সমাপত্তিকুশল (ধ্যানে সুদক্ষ), পরচিত্ত নিরীক্ষণে দক্ষ, পরচিত্তের অবস্থা নিরীক্ষণে সুদক্ষ তথাগত কিংবা তথাগতের শিষ্য তাকে সেই বিষয়ে প্রশ্ন করে, ঘনিষ্টভাবে জেরা করে এবং তৎবিষয়ে আলাপ করে। সেই ভিক্ষুটি ধ্যানী, সমাপত্তিকুশল, পরচিত্ত নিরীক্ষণে দক্ষ, পরচিত্তের অবস্থা নিরীক্ষণে সুদক্ষ তথাগত কিংবা তথাগতের শিষ্যের দ্বারা সেই বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসিত হয়ে, ঘনিষ্টভাবে জেরা এবং তৎবিষয়ে আলাপচারিতার সময় বাকরুদ্ধ হয়, সন্দেহান্বীত হয়, প্রত্যুত্তরে ভুল সিদ্ধান্ত দেয়, অযোগ্যতার প্রকাশ পায় এবং দুর্বিপাকে পরে।

তখন ধ্যানী, সমাপত্তিকুশল, পরচিত্ত নিরীক্ষণে দক্ষ, পরচিত্তের অবস্থা নিরীক্ষণে সুদক্ষ তথাগত কিংবা তথাগতের শিষ্য সেই ভিক্ষুটির চিত্ত এরূপে নিরীক্ষণ করে যে “কী কারণে এই আয়ুষ্মান নিজ অধিগত বিষয়ে এমন দম্ভ প্রকাশ করে এবং অহংকারী হয়; যথা : ‘আমি প্রথম ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি দ্বিতীয় ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি তৃতীয় ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি চতুর্থ ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি আকাশ-অনন্ত-আয়তন ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি বিজ্ঞান-অনন্ত-আয়তন ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি আকিঞ্চন-আয়তন ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; আমি নৈবসংজ্ঞা-না-অসংজ্ঞায়তন ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই; এবং আমি সংজ্ঞাবেদয়িত নিরোধ ধ্যানে নিমগ্ন হই এবং উত্থিত হই’?

তার পর ধ্যানী, সমাপত্তিকুশল, পরচিত্ত নিরীক্ষণে দক্ষ, পরচিত্তের অবস্থা নিরীক্ষণে সুদক্ষ তথাগত কিংবা তথাগতের শিষ্য সেই ভিক্ষুটির চিত্ত সম্বন্ধে এরূপ জানতে পারে যে ‘এই আয়ুষ্মান দীর্ঘকালব্যাপী শীলসমূহে খণ্ড বা অসামঞ্জস্যকারী, ভেদকারী, শীলাদি অনুচিতভাবে সম্পাদনকারী, ত্রুটিপূর্ণভাবে নিষ্পন্নকারী এবং সংগতপূর্ণভাবে ও সামঞ্জস্যতা রক্ষা করে শীলাদি আচরণ করে না। এই আয়ুষ্মান দুঃশীল। দুঃশীলতা তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান শ্রদ্ধাহীন এবং অশ্রদ্ধায় পরাভূত চিত্তে অবস্থান করে। অশ্রদ্ধায় পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান অল্পশ্রুত এবং অল্পশ্রুতিতে পরাভূত চিত্তে অবস্থান করে। অল্পশ্রুতিতে পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান দুর্বাক্যভাষী এবং দুর্বাক্য ভাষণে পরাভূত চিত্তে অবস্থান করে। দুর্বাক্য ভাষণে পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান পাপ বা খারাপমিত্র এবং পাপমিত্রত্বে পরাভূত চিত্তে অবস্থান করে। পাপমিত্রত্বে পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান অলস এবং অলসতায় পরাভূত চিত্তে অবস্থান করে। অলসতায় পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান বিস্মরণশীল এবং বিস্মরণশীলতায় পরাভূত চিত্তে অবস্থান করে। বিস্মরণশীলতায় পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান কুহক এবং কুহকতায় পরাভূত চিত্তে অবস্থান করে। কুহকতায় পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান দুর্পোষ্য (দুব্‌ভরো) এবং দুর্পোষ্যতায় পরাভূত চিত্তে অবস্থান করে। দুর্পোষ্যতায় পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।

এই আয়ুষ্মান দুষ্প্রাজ্ঞ এবং দুষ্প্রাজ্ঞতায় পরাভূত চিত্তে অবস্থান করে। দুষ্প্রাজ্ঞতায় পরাভূত হওয়া তথাগত প্রবর্তিত ধর্মবিনয়ে পরিহানিকর।’

আবুসোগণ, সেই ভিক্ষুটি এই দশ প্রকার অবস্থা পরিত্যাগ না করে এরূপ ধর্মবিনয়ে বৃদ্ধি, সমৃদ্ধি ও বিপুলতা লাভ করবে, তা অসম্ভব। অধিকন্তু আবুসোগণ, সেই ভিক্ষুটি এই দশ প্রকার অবস্থা পরিত্যাগপূর্বক এরূপ ধর্মবিনয়ে বৃদ্ধি, সমৃদ্ধি ও বিপুলতা লাভ করবে, তা সম্ভব।” পঞ্চম সূত্র।

ব্যাখ্যা [০]