লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

কামভোগী সূত্র

একসময় ভগবান শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিক নির্মিত আরামে অবস্থান করছিলেন। সেই সময় গৃহপতি অনাথপিণ্ডিক ভগবানের নিকট উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপাশে বসলেন। অতঃপর একপাশে উপবিষ্ট গৃহপতি অনাথপিণ্ডিককে ভগবান এরূপ বললেন :

“হে গৃহপতি, জগতের মধ্যে দশ প্রকার কামভোগী পুদ্গল বা বিষয় বাসনায় লিপ্ত ব্যক্তি রয়েছে। সেই দশ প্রকার কী কী? যথা : গৃহপতি, এ জগতে এক শ্রেণির কামভোগী ব্যক্তি রয়েছে যারা অধর্মত নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে। অধর্মত নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে না, অপরের মধ্যে বণ্টন করে না এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে না।

এক্ষেত্রে গৃহপতি, এ জগতে অপর এক শ্রেণির কামভোগী ব্যক্তি রয়েছে যারা অধর্মত নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে। অধর্মত নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে, কিন্তু অপরের মধ্যে বণ্টন করে না এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে না।

এক্ষেত্রে গৃহপতি, এ জগতে অপর আরেক শ্রেণির কামভোগী ব্যক্তি রয়েছে যারা অধর্মত নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে। অধর্মত নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে, অপরের মধ্যে বণ্টন করে এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে।

এক্ষেত্রে গৃহপতি, এ জগতে এক শ্রেণির কামভোগী ব্যক্তি রয়েছে যারা ধর্মত ও অধর্মত পাপে ভয় ও নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে। ধর্মত ও অধর্মত পাপে ভয় ও নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে না, অপরের মধ্যে বণ্টন করে না এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে না।

এক্ষেত্রে গৃহপতি, এ জগতে অপর এক শ্রেণির কামভোগী ব্যক্তি রয়েছে যারা ধর্মত ও অধর্মত পাপে ভয় ও নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে। ধর্মত ও অধর্মত পাপে ভয় ও নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে, কিন্তু অপরের মধ্যে বণ্টন করে না এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে না।

এক্ষেত্রে গৃহপতি, এ জগতে অপর আরেক শ্রেণির কামভোগী ব্যক্তি রয়েছে যারা ধর্মত ও অধর্মত পাপে ভয় ও নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে। ধর্মত ও অধর্মত পাপে ভয় ও নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে, অপরের মধ্যে বণ্টন করে এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে।

এক্ষেত্রে গৃহপতি, এ জগতে এক শ্রেণির কামভোগী ব্যক্তি রয়েছে যারা ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে। ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে না, অপরের মধ্যে বণ্টন করে না এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে না।

এক্ষেত্রে গৃহপতি, এ জগতে অপর এক শ্রেণির কামভোগী ব্যক্তি রয়েছে যারা ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে। ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে, কিন্তু অপরের মধ্যে বণ্টন করে না এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে না।

এক্ষেত্রে গৃহপতি, এ জগতে আরেক শ্রেণির কামভোগী ব্যক্তি রয়েছে যারা ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে। ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে, অপরের মধ্যে বণ্টনও করে এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে। কিন্তু তারা ভোগ্যবিষয়ে গ্রথিত, মোহগ্রস্ত, লালায়িত, শুভদর্শী, বা আদীনব অদর্শনকারী এবং নিঃসরণ প্রাজ্ঞ না হয়ে তা পরিভোগ করে।

এক্ষেত্রে গৃহপতি, এ জগতে আরেক শ্রেণির কামভোগী ব্যক্তি রয়েছে যারা ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে। ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে, অপরের মধ্যে বণ্টনও করে এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে। এবং তারা ভোগ্যবিষয়ে অগ্রথিত, অমোহগ্রস্ত, অলালায়িত, দোষদর্শী, বা আদীনবদর্শী এবং নিঃসরণ প্রাজ্ঞ হয়ে তা পরিভোগ করে।

গৃহপতি, তথায় যে-সকল কামভোগী ব্যাক্তি অধর্মত নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে এবং অধর্মত নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে না, অপরের মধ্যে তা বণ্টন করে না এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে না; গৃহপতি, এরূপ কামভোগী ব্যক্তি তিনটি কারণে গর্হিত হয়ে থাকে। ‘সে অধর্মত নির্ভয়ে ভোগ্যবিষয় অন্বেষণ করে’ ইহা হচ্ছে প্রথম কারণ, যার দরুন সে গর্হিত হয়। ‘সে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে না’ ইহা হচ্ছে দ্বিতীয় কারণ, যার দরুন সে গর্হিত হয়। ‘সে অপরের মধ্যে ভোগ্যবিষয় বণ্টন করে না এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে না’ ইহা হচ্ছে তৃতীয় কারণ, যার দরুন সে গর্হিত হয়। গৃহপতি, এরূপ কামভোগী ব্যক্তি এই তিনটি কারণে গর্হিত হয়ে থাকে।

গৃহপতি, তথায় যে-সকল কামভোগী ব্যাক্তি অধর্মত নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে এবং অধর্মত নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে, কিন্তু অপরের মধ্যে তা বণ্টন করে না এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে না; গৃহপতি, এরূপ কামভোগী ব্যক্তি দ্বিবিধ কারণে গর্হিত এবং একটি কারণে প্রশংসিত হয়ে থাকে। ‘সে অধর্মত নির্ভয়ে ভোগ্যবিষয় অন্বেষণ করে’ ইহা হচ্ছে প্রথম কারণ, যার দরুন সে গর্হিত হয়। কিন্তু ‘সে নিজে সুখী ও সন্তুষ্ট হয়’ ইহা হচ্ছে একটি কারণ, যার দরুন সে প্রশংসিত হয়। আবার ‘সে অপরের মধ্যে ভোগ্যবিষয় বণ্টন করে না এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে না’ ইহা হচ্ছে দ্বিতীয় কারণ, যার দরুন সে গর্হিত হয়। গৃহপতি, এই শ্রেণির কামভোগী ব্যাক্তি এই দ্বিবিধ কারণে গর্হিত এবং একটি কারণে প্রশংসিত হয়ে থাকে।

গৃহপতি, তথায় যে-সকল কামভোগী ব্যাক্তি অধর্মত নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে এবং অধর্মত নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে, অপরের মধ্যে তা বণ্টন করে এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে; গৃহপতি, এরূপ কামভোগী ব্যক্তি একটি কারণে গর্হিত এবং দুটি কারণে প্রশংসিত হয়ে থাকে। ‘সে অধর্মত নির্ভয়ে ভোগ্যবিষয় অন্বেষণ করে’ ইহা হচ্ছে একটি কারণ, যার দরুন সে গর্হিত হয়। কিন্তু ‘সে নিজে সুখী ও সন্তুষ্ট হয়’ ইহা হচ্ছে একটি কারণ, যার দরুন সে প্রশংসিত হয়। আবার ‘সে অপরের মধ্যে ভোগ্যবিষয় বণ্টন করে এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে’ ইহা হচ্ছে দ্বিতীয় কারণ, যার দরুন সে প্রশংসিত হয়। গৃহপতি, এই শ্রেণির কামভোগী ব্যাক্তি এই দ্বিবিধ কারণে প্রশংসিত এবং একটি কারণে গর্হিত হয়ে থাকে।

গৃহপতি, তথায় যে-সকল কামভোগী ব্যাক্তি ধর্মত ও অধর্মত পাপে ভয় ও নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে এবং ধর্মত ও অধর্মত পাপে ভয় ও নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে না, অপরের মধ্যে তা বণ্টন করে না এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে না; গৃহপতি, এরূপ কামভোগী ব্যক্তি একটি কারণে প্রশংসিত এবং তিনটি কারণে গর্হিত হয়ে থাকে। যেমন, ‘সে ধর্মত পাপে সভয়ে ভোগ্যবিষয় অন্বেষণ করে’ ইহা হচ্ছে একটি কারণ, যার দরুন সে প্রশংসিত হয়। কিন্তু ‘সে অধর্মত নির্ভয়ে ভোগ্যবিষয় অন্বেষণ করে’ ইহা হচ্ছে প্রথম কারণ, যার দরুন সে গর্হিত হয়। ‘সে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে না’ ইহা হচ্ছে দ্বিতীয় কারণ, যার দরুন সে গর্হিত হয়। ‘সে অপরের মধ্যে ভোগ্যবিষয় বণ্টন করে না এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে না’ ইহা হচ্ছে তৃতীয় কারণ, যার দরুন সে গর্হিত হয়। গৃহপতি, এরূপ কামভোগী ব্যক্তি এই একটি কারণে প্রশংসিত ও তিনটি কারণে গর্হিত হয়ে থাকে।

গৃহপতি, তথায় যে-সকল কামভোগী ব্যাক্তি ধর্মত ও অধর্মত পাপে ভয় ও নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে এবং ধর্মত ও অধর্মত পাপে ভয় ও নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে, কিন্তু অপরের মধ্যে তা বণ্টন করে না এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে না; গৃহপতি, এরূপ কামভোগী ব্যক্তি দুটি কারণে প্রশংসিত এবং দ্বিবিধ কারণে গর্হিত হয়ে থাকে। যেমন, ‘সে ধর্মত পাপে সভয়ে ভোগ্যবিষয় অন্বেষণ করে’ ইহা হচ্ছে একটি কারণ, যার দরুন সে প্রশংসিত হয়। আবার ‘সে অধর্মত নির্ভয়ে ভোগ্যবিষয় অন্বেষণ করে’ ইহা হচ্ছে প্রথম কারণ, যার দরুন সে গর্হিত হয়। কিন্তু ‘সে নিজে সুখী ও সন্তুষ্ট হয়’ ইহা হচ্ছে অপর একটি কারণ, যার দরুন সে প্রশংসিত হয়। আবার ‘সে অপরের মধ্যে ভোগ্যবিষয় বণ্টন করে না এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে না’ ইহা হচ্ছে অপর দ্বিতীয় কারণ, যার দরুন সে গর্হিত হয়। গৃহপতি, এই শ্রেণির কামভোগী ব্যাক্তি এই দ্বিবিধ কারণে প্রশংসিত এবং দ্বিবিধ কারণে গর্হিত হয়ে থাকে।

গৃহপতি, তথায় যে-সকল কামভোগী ব্যাক্তি ধর্মত ও অধর্মত পাপে ভয় ও নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে এবং ধর্মত ও অধর্মত পাপে ভয় ও নির্ভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে, অপরের মধ্যে তা বণ্টন করে এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে; গৃহপতি, এরূপ কামভোগী ব্যক্তি তিনটি কারণে প্রশংসিত এবং একটি কারণে গর্হিত হয়ে থাকে। যেমন, ‘সে ধর্মত পাপে সভয়ে ভোগ্যবিষয় অন্বেষণ করে’ ইহা হচ্ছে একটি কারণ, যার দরুন সে প্রশংসিত হয়। আবার ‘সে অধর্মত নির্ভয়ে ভোগ্যবিষয় অন্বেষণ করে’ ইহা হচ্ছে একটি কারণ, যার দরুন সে গর্হিত হয়। কিন্তু ‘সে নিজে সুখী ও সন্তুষ্ট হয়’ ইহা হচ্ছে অপর দ্বিতীয় কারণ, যার দরুন সে প্রশংসিত হয় এবং ‘সে অপরের মধ্যে ভোগ্যবিষয় বণ্টন করে এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে’ ইহা হচ্ছে তৃতীয় কারণ, যার দরুন সে প্রশংসিত হয়। গৃহপতি, এই শ্রেণির কামভোগী ব্যাক্তি এই তিনটি কারণে প্রশংসিত এবং একটি কারণে গর্হিত হয়ে থাকে।

গৃহপতি, তথায় যে-সকল কামভোগী ব্যাক্তি ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে এবং ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে না, অপরের মধ্যে তা বণ্টন করে না এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে না; গৃহপতি, এরূপ কামভোগী ব্যক্তি একটি কারণে প্রশংসিত এবং দুটি কারণে গর্হিত হয়ে থাকে। যেমন, ‘সে ধর্মত পাপে সভয়ে ভোগ্যবিষয় অন্বেষণ করে’ ইহা হচ্ছে একটি কারণ, যার দরুন সে প্রশংসিত হয়। আবার ‘সে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে না’ ইহা হচ্ছে প্রথম কারণ, যার দরুন সে গর্হিত হয়। ‘সে অপরের মধ্যে ভোগ্যবিষয় বণ্টন করে না এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে না’ ইহা হচ্ছে দ্বিতীয় কারণ, যার দরুন সে গর্হিত হয়। গৃহপতি, এরূপ কামভোগী ব্যক্তি এই একটি কারণে প্রশংসিত এবং দুটি কারণে গর্হিত হয়ে থাকে।

গৃহপতি, তথায় যে-সকল কামভোগী ব্যাক্তি ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে এবং ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে, কিন্তু অপরের মধ্যে তা বণ্টন করে না এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে না; গৃহপতি, এরূপ কামভোগী ব্যক্তি দ্বিবিধ কারণে প্রশংসিত এবং একটি কারণে গর্হিত হয়ে থাকে। যেমন, ‘সে ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অন্বেষণ করে’ ইহা হচ্ছে প্রথম কারণ, যার দরুন সে প্রশংসিত হয় এবং ‘সে নিজে সুখী ও সন্তুষ্ট হয়’ ইহা হচ্ছে অপর একটি কারণ, যার দরুন সে প্রশংসিত হয়। কিন্তু ‘সে অপরের মধ্যে ভোগ্যবিষয় বণ্টন করে না এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে না’ ইহা হচ্ছে একটি কারণ, যার দরুন সে গর্হিত হয়। গৃহপতি, এই শ্রেণির কামভোগী ব্যাক্তি এই দ্বিবিধ কারণে প্রশংসিত এবং একটি কারণে গর্হিত হয়ে থাকে।

গৃহপতি, তথায় যে-সকল কামভোগী ব্যাক্তি ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে এবং ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে, অপরের মধ্যে তা বণ্টন করে এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে। কিন্তু ‘সে ভোগ্যবিষয়ে গ্রথিত, মোহগ্রস্ত, লালায়িত, শুভদর্শী, বা আদীনব অদর্শনকারী এবং নিঃসরণ প্রাজ্ঞ না হয়ে তা পরিভোগ করে’। গৃহপতি, এরূপ কামভোগী ব্যক্তি তিনটি কারণে প্রশংসিত এবং একটি কারণে গর্হিত হয়ে থাকে। ‘সে ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অন্বেষণ করে’ ইহা হচ্ছে একটি কারণ, যার দরুন সে প্রশংসিত হয়। আবার ‘সে নিজে সুখী ও সন্তুষ্ট হয়’ ইহা হচ্ছে দ্বিতীয় কারণ, যার দরুন সে প্রশংসিত হয় এবং ‘সে অপরের মধ্যে ভোগ্যবিষয় বণ্টন করে এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে’ ইহা হচ্ছে তৃতীয় কারণ, যার দরুন সে প্রশংসিত হয়। কিন্তু, ‘সে ভোগ্যবিষয়ে গ্রথিত, মোহগ্রস্ত, লালায়িত, শুভদর্শী, বা আদীনব অদর্শনকারী এবং নিঃসরণ প্রাজ্ঞ না হয়ে তা পরিভোগ করে’ ইহা হচ্ছে একটি কারণ, যার দরুন সে গর্হিত হয়। গৃহপতি, এই শ্রেণির কামভোগী ব্যাক্তি এই তিনটি কারণে প্রশংসিত এবং একটি কারণে গর্হিত হয়ে থাকে।

পুনশ্চ, গৃহপতি, তথায় যে-সকল কামভোগী ব্যাক্তি ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে এবং ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে, অপরের মধ্যে তা বণ্টন করে এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে। এবং ‘সে ভোগ্যবিষয়ে অগ্রথিত, অমোহগ্রস্ত, অলালায়িত, দোষদর্শী, বা আদীনবদর্শী এবং নিঃসরণ প্রাজ্ঞ হয়ে তা পরিভোগ করে’। গৃহপতি, এরূপ কামভোগী ব্যক্তি চারটি কারণেই প্রশংসিত হয়ে থাকে। ‘সে ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অন্বেষণ করে’ ইহা হচ্ছে একটি কারণ, যার দরুন সে প্রশংসিত হয়। আবার ‘সে নিজে সুখী ও সন্তুষ্ট হয়’ ইহা হচ্ছে দ্বিতীয় কারণ, যার দরুন সে প্রশংসিত হয় এবং ‘সে অপরের মধ্যে ভোগ্যবিষয় বণ্টন করে এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে’ ইহা হচ্ছে তৃতীয় কারণ, যার দরুন সে প্রশংসিত হয় এবং ‘সে ভোগ্যবিষয়ে অগ্রথিত, অমোহগ্রস্ত, অলালায়িত, দোষদর্শী, বা আদীনবদর্শী এবং নিঃসরণ প্রাজ্ঞ হয়ে তা পরিভোগ করে’ ইহা হচ্ছে চতুর্থ কারণ, যার দরুন সে প্রশংসিত হয়। গৃহপতি, এই শ্রেণির কামভোগী ব্যাক্তি এই চারটি কারণেই প্রশংসিত হয়ে থাকে।

গৃহপতি, জগতে এই দশ প্রকার কামভোগী ব্যক্তি বিদ্যমান। গৃহপতি, এই দশ প্রকার কামভোগী ব্যক্তিদের মধ্যে যে কামভোগী ব্যক্তি ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে এবং ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে, অপরের মধ্যে তা বণ্টন করে এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে। এবং ‘সে ভোগ্যবিষয়ে অগ্রথিত, অমোহগ্রস্ত, অলালায়িত, দোষদর্শী, বা আদীনবদর্শী এবং নিঃসরণ প্রাজ্ঞ হয়ে তা পরিভোগ করে’; সে এই দশ প্রকার কামভোগী ব্যক্তিদের মধ্যে অগ্র, শ্রেষ্ঠ, প্রধার, উত্তম এবং প্রবর। যেমন, গৃহপতি, গাভী হতে দুধ, দুধ হতে দধি, দধি হতে মাখন, মাখন হতে ঘি এবং ঘি হতে ঘৃতমন্ড উৎপন্ন হয় এবং সে সকল হতে ঘৃতমন্ডই শ্রেষ্ঠরূপে বিবেচিত হয়। ঠিক তদ্রূপ, গৃহপতি, এই দশ প্রকার কামভোগী ব্যক্তিদের মধ্যে যে কামভোগী ব্যক্তি ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে এবং ধর্মত সভয়ে ভোগ্যবিষয় অনুসন্ধান করে নিজেকে সুখী ও সন্তুষ্ট করতে পারে, অপরের মধ্যে তা বণ্টন করে এবং পুণ্যকর্ম ও সম্পাদন করে। এবং ‘সে ভোগ্যবিষয়ে অগ্রথিত, অমোহগ্রস্ত, অলালায়িত, দোষদর্শী, বা আদীনবদর্শী এবং নিঃসরণ প্রাজ্ঞ হয়ে তা পরিভোগ করে’; সে এই দশ প্রকার কামভোগী ব্যক্তিদের মধ্যে অগ্র, শ্রেষ্ঠ, প্রধান, উত্তম এবং প্রবর।” প্রথম সূত্র।

ব্যাখ্যা [০]