“ভিক্ষুগণ, এই তিন প্রকার ব্যক্তি জগতে বিদ্যমান। কী কী? ভিক্ষুগণ, কোনো কোনো ব্যক্তি রূপসংজ্ঞা অতিক্রম করিয়া, প্রতিঘসংজ্ঞার (বিপরীত চেতনা) অবসানে নানাত্ব-সংজ্ঞায় মনোযোগ না দিয়া, আকাশকে অনন্ত ভাবিয়া আকাশ অনন্ত আয়তন লাভ করে তাহাতে অবস্থান করে। সে ইহা উপভোগ করে, ইচ্ছা করে এবং তাহাতে সুখ পায়। তাহাতে স্থিত, প্রবৃত্ত, সাধারণত তাহাতে সময় ব্যয় করিয়া, তাহা হইতে বিচ্যুত না হইয়া যখন সে কালপ্রাপ্ত (মৃত্যু) হয় তখন আকাশ অনন্ত আয়তনে দেবতাদের মধ্যে জন্মপরিগ্রহ করে। ভিক্ষুগণ, আকাশানন্তায়তনের দেবগণের আয়ু বিশ হাজার বছর। সাধারণ লোক ওই দেবগণের আয়ুপ্রমাণ সেখানে অবস্থান করে। তথা হইতে সে নরকে, তির্যক (প্রাণী) যোনিতে বা প্রেতযোনিতে চলিয়া যায়। কিন্তু ভগবানের শ্রাবক দেবগণের আয়ু পরিমাণ সেখানে অবস্থান করে সেখান হইতেই পরিনির্বাণ লাভ করে। ভিক্ষুগণ, ভাগ্য এবং পুনর্জন্মের ব্যাপারে শ্রুতবান (শিক্ষিত) আর্যশ্রাবক এবং অশ্রুতবান পৃথগ্জনের (সাধারণ লোকের) মধ্যে ইহাই বিশেষ পার্থক্য, ইহাই বৈশিষ্ট্য।
পুনঃ ভিক্ষুগণ, কোনো কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে আকাশ অনন্ত আয়তন অতিক্রম করিয়া বিজ্ঞানকে অনন্ত ভাবিয়া বিজ্ঞান অনন্ত আয়তন লাভ করিয়া তাহাতে অবস্থান করে। সে ইহা উপভোগ করে, ইচ্ছা করে এবং তাহাতে সুখ লাভ করে। তাহাতে স্থিত, প্রবৃত্ত, সাধারণত তাহাতে সময় ব্যয় করিয়া, তাহা হইতে বিচ্যুত না হইয়া যখন সে কালপ্রাপ্ত (মৃত্যু) হয় তখন বিজ্ঞান আয়তনে দেবতাদের মধ্যে জন্ম পরিগ্রহ করে। ভিক্ষুগণ, ওই দেবগণের আয়ু চল্লিশ হাজার বছর। সাধারণ লোক ওই দেবগণের আয়ুপ্রমাণ সেখানে অবস্থান করে। তথা হইতে সে নরকে, তির্যক (প্রাণী) যোনিতে বা প্রেতযোনিতে চলিয়া যায়। কিন্তু ভগবানের শ্রাবক দেবগণের আয়ু পরিমাণ সেখানে অবস্থান করে সেখান হইতেই পরিনির্বাণ লাভ করে। ভিক্ষুগণ, ভাগ্য এবং পুনর্জন্মের ব্যাপারে শ্রুতবান (শিক্ষিত) আর্যশ্রাবক এবং অশ্রুতবান পৃথগ্জনের (সাধারণ লোকের) মধ্যে ইহাই বিশেষ পার্থক্য, ইহাই বৈশিষ্ট্য।
পুনঃ ভিক্ষুগণ, কোনো কোনো ব্যক্তি আছে যাহারা সম্পূর্ণভাবে বিজ্ঞান অনন্ত আয়তন অতিক্রম করিয়া “কিছুই বিদ্যমান থাকে না” এই ভাবিয়া আকিঞ্চন আয়তন লাভ করিয়া তাহাতে অবস্থান করে। সে ইহা উপভোগ করে, ইচ্ছা করে এবং তাহাতে সুখ লাভ করে। আকিঞ্চন আয়তন দেবগণের আয়ু ষাট হাজার বছর। সাধারণ লোক ওই দেবগণের আয়ু প্রমাণ সেখানে অবস্থান করে। তথা হইতে সে নরকে, তির্যক (প্রাণী) যোনিতে বা প্রেত যোনিতে চলিয়া যায়। কিন্তু ভগবানের শ্রাবক দেবগণের আয়ু পরিমাণ সেখানে অবস্থান করে সেখান হইতেই পরিনির্বাণ লাভ করে। ভিক্ষুগণ, ভাগ্য এবং পুনর্জন্মের ব্যাপারে শ্রুতবান (শিক্ষিত) আর্যশ্রাবক এবং অশ্রুতবান পৃথগ্জনের (সাধারণ লোকের) মধ্যে ইহাই বিশেষ পার্থক্য, ইহাই বৈশিষ্ট্য। ভিক্ষুগণ, এই তিন প্রকার ব্যক্তি জগতে বিদ্যমান।”
ব্যাখ্যা [০]