লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

আসংশ সূত্র

“ভিক্ষুগণ, জগতে এই তিন প্রকার ব্যক্তি বিদ্যমান। কী কী? আশাহীন, আশাবাদী এবং যে আশা পরিহার করিয়াছে। ভিক্ষুগণ, আশাহীন ব্যক্তি কিরূপ? ভিক্ষুগণ, কোনো কোনো ব্যক্তি নীচ কুলে বা চণ্ডালকুলে বা ব্যাধকুলে বা ঝুড়ি তৈরিকারের পরিবারে বা রথচালক বা ঝাড়ুদারকুলে বা কোনো দরিদ্রকুলে জন্ম পরিগ্রহ করে যার পক্ষে খাদ্যের সংস্থান করা বা জীবিকার্জন বা অন্ন-বস্ত্রের সংস্থান করা কষ্টকর। অধিকন্তু সে হয় দুর্বর্ণ, কুৎসিৎ, বামন, রুগ্ন, ক্ষীণদৃষ্টিসম্পন্ন, বক্র, খঞ্জ বা বিকলাঙ্গ। সে অন্ন, পানীয়, বস্ত্র, যান, মালাগন্ধ, বিলেপন, শয্যা, আসন, প্রদীপলাভী হয় না। সে এইরূপ শুনিতে পায় : “ক্ষত্রিয়ের বদান্যতায় ক্ষত্রিয়ের দ্বারা অমুক অমুক ক্ষত্রিয় পদে অভিষিক্ত হইয়াছে।” কিন্তু তাহার ক্ষেত্রে এইরূপ হয় না; আমি আশ্চর্য হই ক্ষত্রিয়েরা কি আমাকে ক্ষত্রিয় পদে অভিষিক্ত করিবেন? ভিক্ষুগণ, এইরূপ পুদ্‌গল নিরাশ (আশাহীন) পুদ্‌গল বলিয়া খ্যাত। ভিক্ষুগণ, আশাবাদী পুদ্‌গল কিরূপ? মনে কর ভিক্ষুগণ, অভিষিক্ত ক্ষত্রিয় রাজার জ্যেষ্ঠ পুত্র অভিষেকের যোগ্য কিন্তু অভিষিক্ত হয় নাই এবং সে অভিষিক্ত হওয়ার বয়ঃপ্রাপ্ত। সে শুনিতে পায় “অমুক ক্ষত্রিয় ক্ষত্রিয় রাজা কর্তৃক ক্ষত্রিয় পদে অভিষিক্ত হইয়াছে।” তাহার এইরূপ মনে হয় : ক্ষত্রিয়গণ কখন আমাকে ক্ষত্রিয় পদে অভিষিক্ত করিবেন? ভিক্ষুগণ, এইরূপ ব্যক্তি আশাবাদী বলিয়া কথিত। ভিক্ষুগণ, কীরূপ ব্যক্তি আশাহত? মনে কর ভিক্ষুগণ, ক্ষত্রিয় পদে অভিষিক্ত কোনো রাজা আছে। সে শুনিতে পায় : অমুক ক্ষত্রিয় রাজা কর্তৃক ক্ষত্রিয় পদে অভিষিক্ত। কিন্তু তাহার এইরূপ মনে হয় না : ক্ষত্রিয়গণ কখন আমাকে ক্ষত্রিয় পদে অভিষিক্ত করিবেন? তাহার কারণ কী? যেহেতু ভিক্ষুগণ, পূর্বে অনভিষিক্ত ব্যক্তির অভিষেকের আশা সম্পূর্ণরূপে বিগত। ভিক্ষুগণ, এই ব্যক্তি আশাহত ব্যক্তি বলিয়া অভিহিত। ভিক্ষুগণ, এই তিন প্রকার ব্যক্তি জগতে বিদ্যমান। তদ্রূপ হে ভিক্ষুগণ, ভিক্ষুদের মধ্যেও তিন প্রকার ভিক্ষু বিদ্যমান। কী কী? নিরাশ, আশান্বিত, আশাহত। ভিক্ষুগণ, নিরাশ পুদ্‌গল ভিক্ষু কেমন? ভিক্ষুগণ, কোনো কোনো ভিক্ষু দুঃশীল (নীতিহীন), মন্দকর্মা, সন্দেহপরায়ণ, গোপনে কার্য সম্পাদনকারী। যদিও সে শ্রমণ বলিয়া ভান করে প্রকৃতই সে শ্রমণ নহে, অব্রহ্মচারী হইয়া ব্রহ্মচারীর ভান করে, অভ্যন্তরীণ দোষযুক্ত এবং কামাসক্ত, চরিত্রহীন। সে এইরূপ শুনিতে পাইল : “অমুক অমুক ভিক্ষু আসবের ক্ষয় করিয়া অনাসব, স্বয়ং ইহজীবনেই সম্পূর্ণরূপে চিত্তবিমুক্তি, প্রজ্ঞাবিমুক্তি লাভ করিয়া তাহাতে অবস্থান করিতেছে।” কিন্তু তাহার এইরূপ চিন্তা হয় না-কখন আমি আসবের ক্ষয় করিয়া অনাসব হইব এবং চিত্তবিমুক্তি, প্রজ্ঞাবিমুক্তি লাভ করিয়া দৃষ্টধর্মে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করিয়া তাহাতে অবস্থান করিব? ভিক্ষুগণ, এইরূপ ভিক্ষু নিরাশ বলিয়া পরিচিত। ভিক্ষুগণ, কোন ধরনের ভিক্ষু আশান্বিত? ভিক্ষুগণ, এইরূপ ভিক্ষু শীলবান এবং কল্যাণ ধর্মপরায়ণ (নীতিবান ও উত্তম চরিত্রবান)। তিনি শুনিতে পাইলেন, “অমুক অমুক ভিক্ষু আসবের ক্ষয় করিয়া অনাসব, স্বয়ং ইহজীবনেই সম্পূর্ণরূপে চিত্তবিমুক্তি, প্রজ্ঞাবিমুক্তি লাভ করিয়া তাহাতে অবস্থান করিতেছে।” তখন তিনি এইরূপ ভাবেন : কখন আমি আসবের ক্ষয় করিয়া অনাসব হইব এবং চিত্তবিমুক্তি, প্রজ্ঞাবিমুক্তি লাভ করিয়া দৃষ্টধর্মে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করিয়া তাহাতে অবস্থান করিব? ভিক্ষুগণ, এইরূপ ভিক্ষু আশান্বিত ভিক্ষু বলিয়া অভিহিত। ভিক্ষুগণ, কীরূপ ভিক্ষু আশাহত? ভিক্ষুগণ, এইরূপ ভিক্ষু ক্ষীণাসব, অর্হৎ। তিনি শুনিতে পাইলেন, “এইরূপ এইরূপ ভিক্ষু আসবের ক্ষয় করিয়া অনাসব, স্বয়ং ইহজীবনেই সম্পূর্ণরূপে চিত্তবিমুক্তি, প্রজ্ঞাবিমুক্তি লাভ করিয়া তাহাতে অবস্থান করিতেছে।” কিন্তু তাঁহার এইরূপ চিন্তার উদ্রেক হয় না-কখন আমি আসবের ক্ষয় করিয়া অনাসব হইব এবং চিত্তবিমুক্তি, প্রজ্ঞাবিমুক্তি লাভ করিয়া দৃষ্টধর্মে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করিয়া তাহাতে অবস্থান করিব? তাহার কারণ কী? যেহেতু ভিক্ষুগণ, পূর্বে অবিমুক্তের বিমুক্তির আশা এখন উপশান্ত হইয়াছে। ভিক্ষুগণ, এইরূপ ভিক্ষু আশাহত বলিয়া অভিহিত। ভিক্ষুগণ, জগতের মধ্যে এইরূপ তিন প্রকার ভিক্ষু বিদ্যমান।

ব্যাখ্যা [০]