লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

নিবেশক সূত্র

“অতঃপর আয়ুষ্মান আনন্দ ভগবানের নিকট উপস্থিত হন। উপস্থিত হইয়া ভগবানকে বন্দনা করিয়া একপ্রান্তে উপবেশন করিলেন। উপবিষ্ট হইয়া আয়ুষ্মান আনন্দকে ভগবান বলেন, “আনন্দ, যাহার জন্য তোমার অনুকম্পা আছে এবং যাহারা মনে করে যে তাহাদের কথা তোমার শ্রবণযোগ্য, তাহারা বন্ধু বা সহচর বা জ্ঞাতি বা রক্তের সম্পর্কিত যাহাই হউক না কেন, তাহারা তিন কারণে বা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে উপদেশযোগ্য। কী কী?

তাহারা বুদ্ধের প্রতি অবিচলিত শ্রদ্ধা ভিত্তি করিয়া, স্থাপন করিয়া উপদিষ্ট হওয়া উচিত যেমন-সেই ভগবান অর্হৎ, সম্যকসম্বুদ্ধ, বিদ্যাচরণসম্পন্ন, সুগত, লোকবিদ, অনুত্তর পুরুষদম্য সারথি, দেবমনুষ্যদের শাস্তা, বুদ্ধ ভগবান। তাহারা ধর্মের প্রতি অবিচলিত শ্রদ্ধা ভিত্তি করিয়া, স্থাপন করিয়া উপদিষ্ট হওয়া উচিত; যেমন-ভগবানের ধর্ম সু-ব্যাখ্যাত… বিজ্ঞ ব্যক্তির উপলব্ধিযোগ্য। তাহারা সংঘের প্রতি অবিচলিত শ্রদ্ধা ভিত্তি করিয়া, স্থাপন করিয়া উপদিষ্ট হওয়া উচিত, যেমন-ভগবানের শ্রাবকসংঘ সুপথে প্রতিপন্ন… জগতে শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র।

আনন্দ, চতুর্মহাভূত-মাটি, জল, তাপ, বায়ুর পরিবর্তন ঘটিতে পারে, কিন্তু বুদ্ধের প্রতি অবিচলিত শ্রদ্ধাবান আর্যশ্রাবকের পরিবর্তন অসম্ভব। “পরিবর্তন” দ্বারা আমি বুঝি, এইরূপ ব্যক্তির নিরয় বা তির্যক বা প্রেতযোনিতে পুনর্জন্ম যাহা অসম্ভব।

আনন্দ, চতুর্মহাভূত-মাটি, জল, তাপ, বায়ুর পরিবর্তন ঘটিতে পারে, কিন্তু ধর্মের প্রতি অবিচলিত শ্রদ্ধাবান আর্যশ্রাবকের পরিবর্তন যাহা অসম্ভব। আনন্দ, চতুর্মহাভূত-মাটি, জল, তাপ, বায়ুর পরিবর্তন ঘটিতে পারে, কিন্তু সংঘের প্রতি অবিচলিত শ্রদ্ধাবান আর্যশ্রাবকের পরিবর্তন যাহা অসম্ভব। সুতরাং আনন্দ, যাহার জন্য তোমার অনুকম্পা আছে এবং যাহারা মনে করে যে তাহাদের কথা তোমার শ্রবণযোগ্য তাহারা বন্ধু বা সহচর বা জ্ঞাতি বা রক্তের সম্পর্কিত যাহাই হউক না কেন, তাহারা তিন কারণে বা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে উপদেশযোগ্য।”

ব্যাখ্যা [০]