“ভিক্ষুগণ, প্রতিমাসে দুইবার শিক্ষাপদসমূহের যে আবৃত্তি অনুষ্ঠিত হয় তাহাতে শিক্ষাপদের সংখ্যা একশত পঞ্চাশেরও অধিক, যেখানে উৎসাহী ও মঙ্গলকামী কুলপুত্রগণ শিক্ষা লাভ করে। ভিক্ষুগণ, এইসব একত্রে যুক্ত হইয়া শিক্ষার তিনটি আকার হয়। কী কী? উচ্চতর নৈতিকতা, উচ্চতর মননশীলতা, উচ্চতর প্রজ্ঞা। ভিক্ষুগণ, এই তিন প্রকার শিক্ষা ইহাতে একত্রে যুক্ত।
ভিক্ষুগণ, ভিক্ষু শীল পরিপূরণ করে, সে মাঝারি-ভাবে সমাধি ও প্রজ্ঞার জন্য চেষ্টা করে। ক্ষুদ্রানুক্ষুদ্র যেসব পালনীয় বিষয় আছে সেইগুলি সে বর্জন করে, ঐগুলি মুক্ত হয়। কেন? আমি এইগুলির জন্য তাহাকে অনুপযুক্ত বলিয়া ঘোষণা করি না। যেহেতু সে কঠোরভাবে ব্রহ্মচর্যের মূলনীতি, উপাদান প্রতিপালন করে, সে শীলে প্রতিষ্ঠিত, শিক্ষাপদসমূহ গ্রহণ করিয়া পালন করে। সে তিনটি সংযোজন ধ্বংস করিয়া বেশি হইলে সাতবার অধিক জন্ম নেয়, দেব এবং মনুষ্যদের মধ্যে অধিক সাতবার বিচরণ করে এবং তৎপর দুঃখ অতিক্রম করে। সে তিনটি সংযোজন ধ্বংস করিয়া উত্তম পরিবারে জন্ম পরিগ্রহ করে। দুই বা তিন পরিবারে দেহান্তে গমনের পর সে দুঃখের অন্তসাধন করে। অথবা পুনঃ তিন সংযোজন ধ্বংস করিয়া একবীজী হয়-সে শুধুমাত্র একবার মানব হিসেবে পুনর্জন্ম গ্রহণ করে এবং তৎপর দুঃখ অতিক্রম করে। এই ভিক্ষু তিন সংযোজন ধ্বংস করিয়া এবং রাগ, দ্বেষ ও মোহ দুর্বল করিয়া সকৃদাগামী (একবার মাত্র আগমনকারী) হয়। পুনরায় সে একবার মাত্র এই ভবে আগমন করে এবং দুঃখ সমাপ্ত করে।
ভিক্ষুগণ, ভিক্ষু শীল পরিপূরণ করে, সে মাঝারি-ভাবে সমাধি ও প্রজ্ঞার জন্য চেষ্টা করে। ক্ষুদ্রানুক্ষুদ্র যেসব পালনীয় বিষয় আছে সেইগুলি সে বর্জন করে, ঐগুলি মুক্ত হয়। কেন? আমি এইগুলির জন্য তাহাকে অনুপযুক্ত বলিয়া ঘোষণা করি না। যেহেতু সে কঠোরভাবে ব্রহ্মচর্যের মূলনীতি, উপাদান প্রতিপালন করে, সে শীলে প্রতিষ্ঠিত, শিক্ষাপদসমূহ গ্রহণ করিয়া পালন করে। সে পাঁচটি সংযোজন (বন্ধন) ধ্বংস করিয়া (যাহা নীচ লোকে পুনর্জন্ম লাভে বাধ্য করে) ঊর্ধ্বগামী হয়, সে অকনিষ্ঠগামী হয়। অথবা সে পঞ্চ সংযোজন ধ্বংস করিয়া সসংস্কার পরিনির্বাণ লাভ করে (অতি কষ্ট বিনা বিমুক্তি)। অথবা এই পঞ্চ সংযোজন ক্ষয় করিয়া সামান্য কষ্টে সে বিমুক্তি লাভ করে (অসংস্কার পরিনির্বাণ লাভ করে)। অথবা এই পঞ্চ সংযোজন ধ্বংস করিয়া সে তাহার সময় হ্রাসে পরিনির্বাণ (উপহচ্চ পরিনির্বাণ) লাভ করে। অথবা এই পঞ্চ সংযোজন ধ্বংস করিয়া অন্তরা পরিনির্বাণ (মধ্যপথে পরিনির্বাণ) লাভ করে।
ভিক্ষুগণ, ভিক্ষু পরিপূর্ণভাবে শীল পালন করে, পরিপূর্ণভাবে সমাধি ও প্রজ্ঞার মূলনীতিসমূহ প্রতিপালন করে, ক্ষুদ্রানুক্ষুদ্র যেসব পালনীয় বিষয় আছে সেইগুলি সে বর্জন করে, ঐগুলি মুক্ত হয়। কেন? আমি এইগুলির জন্য তাহাকে অনুপযুক্ত বলিয়া ঘোষণা করি না। যেহেতু সে কঠোরভাবে ব্রহ্মচর্যের মূলনীতি, উপাদান প্রতিপালন করে, সে শীলে প্রতিষ্ঠিত, শিক্ষাপদসমূহ গ্রহণ করিয়া শিক্ষা করে। এইরূপ ভিক্ষু আসবের ক্ষয় করিয়া অনাসক্ত, চিত্তের বিমুক্তি, প্রজ্ঞাবিমুক্তি সে পুরোপুরি অবগত হয় এবং ইহজীবনেই স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করিয়া তাহাতে অবস্থান করে। এইভাবে ভিক্ষুগণ, আংশিক শিক্ষাপদ অনুসরণকারীগণ আংশিক ফল লাভ করে এবং সম্পূর্ণ শিক্ষাপদ অনুসরণকারীগণ পূর্ণ ফল লাভ করিয়া থাকে। আমি ঘোষণা করি যে, শিক্ষাপদসমূহ নিষ্ফল হয় না।”
ব্যাখ্যা [০]