“ভিক্ষুগণ, পরিষদ এই তিন প্রকার। কী কী? বিশিষ্ট পরিষদ, বিরোধী পরিষদ, সামঞ্জস্যপূর্ণ পরিষদ। ভিক্ষুগণ, বিশিষ্ট পরিষদ কিরূপ? যে পরিষদের স্থবির ভিক্ষুগণ বাহুল্য প্রবৃত্ত (বিলাসপ্রিয়) নহে, লম্পট নহে, পাপের প্রদর্শক হয় না, নির্জন জীবনভার পরিত্যাগী হয় না কিন্তু যাহা অলব্ধ তাহা লাভ করিতে চেষ্টাশীল হয়, অপ্রাপ্তির প্রাপ্তির জন্য, অনুপলব্ধির বিষয় উপলব্ধির জন্য, পরবর্তী জনগণ তাহাদের মতের উপর নির্ভর করে : ভিক্ষুগণ, এই পরিষদ “বিশিষ্ট পরিষদ” নামে অভিহিত।
ভিক্ষুগণ, বিরোধী পরিষদ কিরূপ? ভিক্ষুগণ, যে পরিষদের ভিক্ষুগণ কলহপ্রিয়, বিবাদ-পরায়ণ, তর্কপ্রিয়, পরস্পর পরস্পরকে জিহ্বাস্ত্র দ্বারা আহত করে : এইরূপ পরিষদ “বিরোধী পরিষদ” হিসেবে খ্যাত।
ভিক্ষুগণ, সামঞ্জস্যপূর্ণ পরিষদ কিরূপ? যে পরিষদের ভিক্ষুগণ একতাবদ্ধ হইয়া বাস করে, বিনীত, বিবাদ-পরায়ণ নহে, দুধ ও জল মিশ্রিত যেমন, একে অপরকে প্রিয় চক্ষে দর্শন করে : এইরূপ পরিষদ “সামঞ্জস্যপূর্ণ পরিষদ” নামে অভিহিত।
ভিক্ষুগণ, যে সময়ে ভিক্ষুরা একতাবদ্ধ হইয়া বাস করে, বিনীত, বিবাদ-পরায়ণ নহে, দুধ ও জল মিশ্রিত যেমন, একে অপরকে প্রিয় চক্ষে দর্শন করে সেই সময়ে তাহারা বহু পুণ্য প্রসব করে। ভিক্ষুগণ, এই সময়ে তাহারা ব্রহ্ম বিহার করে অর্থাৎ মুদিতা (সহানুভূতি) দ্বারা চিত্ত বিমুক্তিতে প্রমোদিত হইলে যাহার প্রীতি উৎপন্ন হয়। প্রীতিযুক্ত ভিক্ষুর দেহ প্রশান্ত হয় যাহার দেহ প্রশান্ত হয় সে সুখ অনুভব করে। সুখী ব্যক্তির চিত্ত সমাধিযুক্ত (সমতাপ্রাপ্ত) হয়।
ভিক্ষুগণ, যখন পর্বতোপরি ভারী বৃষ্টিপাত হয় সেই জলধারা জায়গার ঢালুতানুসারে পর্বত-কন্দর, পর্বত-কন্দর শাখা পরিপূর্ণ করে এবং যখন এইগুলি পরিপূর্ণ হয় তখন পূর্ণ করে ক্ষুদ্র ডোবা, পুনঃ ক্ষুদ্র ডোবা, বড় জলাশয় এবং পুনঃ এইগুলি ক্ষুদ্র নদী, এইগুলি আবার নদী এবং বড় নদীসমূহ পরিপূর্ণ হইয়া সমুদ্র পরিপূর্ণ করে তদ্রূপ ভিক্ষুগণ, যে-সময়ে ভিক্ষুরা একতাবদ্ধ হইয়া বাস করে, বিনীত, বিবাদ-পরায়ণ নহে, দুধ ও জল মিশ্রিত যেমন, একে অপরকে প্রিয় চক্ষে দর্শন করে, সেই সময়ে তাহারা বহু পুণ্য প্রসব করে ভিক্ষুগণ, এই সময়ে তাহারা ব্রহ্ম বিহার করে অর্থাৎ মুদিতা (সহানুভূতি) দ্বারা চিত্ত বিমুক্তিতে প্রমোদিত হইলে যাহার প্রীতি উৎপন্ন হয়। প্রীতিযুক্ত ভিক্ষুর দেহ প্রশান্ত হয় যাহার দেহ প্রশান্ত হয় সে সুখ অনুভব করে। সুখী ব্যক্তির চিত্ত সমাধিযুক্ত (সমতাপ্রাপ্ত) হয়। এইগুলিই ত্রিবিধ পরিষদ”।
ব্যাখ্যা [০]