লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

দ্বিতীয় আজানীয় সূত্র

“ভিক্ষুগণ, তিনটি গুণযুক্ত রাজার ভদ্র মার্জিত অশ্ব রাজার উপযুক্ত, রাজকীয় সম্পদ, রাজার গৌরব। তিনটি গুণ কী কী? ভিক্ষুগণ, রাজার ভদ্র অশ্ব বর্ণসম্পদে সমৃদ্ধ, বলসম্পদে সমৃদ্ধ এবং গতিবান। এই তিনটি গুণযুক্ত রাজার ভদ্র মার্জিত অশ্ব রাজার উপযুক্ত, রাজকীয় সম্পদ, রাজার গৌরব।

তদ্রূপ ভিক্ষুগণ, তিনটি গুণযুক্ত ভিক্ষু ভক্তি বা দানের যোগ্য, আতিথেয়তার যোগ্য, দানের যোগ্য, অঞ্জলির যোগ্য, জগতের শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র। তিনটি গুণ কী কী? বর্ণ (জীবনের)-সম্পন্ন, বল (চরিত্র)-সম্পন্ন এবং গতি (প্রজ্ঞারূপ)-সম্পন্ন।

ভিক্ষুগণ, একজন ভিক্ষু কিভাবে বর্ণসম্পন্ন হয়? ভিক্ষু শীলবান, উত্তম আচার অনুশীলনে দক্ষ হয়, সামান্য দোষেও ভয় দর্শন করে, শিক্ষাপদসমূহ গ্রহণ করিয়া শিক্ষা করে। এইভাবে সে (জীবনের) বর্ণসম্পন্ন হয়।

ভিক্ষুগণ, কিভাবে একজন ভিক্ষু বলসম্পন্ন হয়? ভিক্ষু আরব্ধবীর্য হইয়া বাস করে। অকুশল বিষয় পরিত্যাগে এবং কুশল গ্রহণে নিয়ত বীর্যবান, দৃঢ় পরাক্রমী হয়, কুশলধর্মের ভার অপরিত্যাগী হয়। এইভাবে ভিক্ষু বলসম্পন্ন (চরিত্র বলে বলীয়ান) হয়।

কিভাবে ভিক্ষু গতিসম্পন্ন হয়? ভিক্ষুগণ, পঞ্চ সংযোজন যেইগুলি নিম্নতর জগতে আবদ্ধ করে সেই সমস্ত ধ্বংস করিয়া উপপাতিক (আপনা হইতেই জন্মগ্রহণ করে), সেইখান হইতে পরিনির্বাণ লাভ করে, তথা হইতে আর এইখানে প্রত্যাবর্তন করে না। এইভাবে ভিক্ষুগণ, ভিক্ষু গতিবান হয়। ভিক্ষুগণ, এই তিনটি গুণযুক্ত ভিক্ষু ভক্তি বা দানের যোগ্য, আতিথেয়তার যোগ্য, দানের যোগ্য, অঞ্জলির যোগ্য, জগতের শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র।”

ব্যাখ্যা [০]