লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

বলাহক সূত্র (দ্বিতীয়)

“হে ভিক্ষুগণ, বলাহক চার প্রকার। সেই চার প্রকার কী কী? যথা : গর্জন করে কিন্তু বর্ষণ করে না; বর্ষণ করে কিন্তু গর্জন করে না; গর্জনও করে না, বর্ষণও করে না; গর্জনও করে, বর্ষণও করে। এই চার প্রকার বলাহক। ভিক্ষুগণ, ঠিক এরূপে চার প্রকার বলাহক সদৃশ পুদ্গল জগতে বিদ্যমান। সেই চার প্রকার কী কী? যথা : গর্জনকারী কিন্তু বর্ষণকারী নয়; বর্ষণকারী কিন্তু গর্জনকারী নয়; গর্জনকারীও নয়, বর্ষণকারীও নয়; গর্জনকারী ও বর্ষণকারী।

কিরূপ পুদ্গল গর্জনকারী কিন্তু বর্ষণকারী নয়? এ জগতে কোনো পুদ্গল সূত্র, গেয়, ব্যাকরণ, গাথা, উদান, ইতিবুত্তক, জাতক, অদ্ভুতধর্ম, বেদল্ল ইত্যাদি ধর্মসমূহ সম্পূর্ণরূপে শিক্ষা করে। কিন্তু সে ‘এটা দুঃখ’ বলে যথাযথভাবে জানে না, ‘এটা দুঃখ সমুদয়’ বলে যথাযথভাবে জানে না, ‘এটা দুঃখ নিরোধ’ বলে যথাযথভাবে জানে না, ‘এটা দুঃখ নিরোধগামিনী প্রতিপদা’ বলে যথাযথভাবে জানে না। এরূপ পুদ্গল গর্জনকারী কিন্তু বর্ষণকারী নয়। যেমন কোনো বলাহক গর্জন করে কিন্তু বর্ষণ করে না। এই পুদ্গলকে আমি তাদৃশই বলি।

কিরূপ পুদ্গল বর্ষণকারী কিন্তু গর্জনকারী নয়? এ জগতে কোনো পুদ্গল সূত্র, গেয়, ব্যাকরণ, গাথা, উদান, ইতিবুত্তক, জাতক, অদ্ভুতধর্ম, বেদল্ল ইত্যাদি ধর্মসমূহ সম্পূর্ণরূপে শিক্ষা করে না। কিন্তু সে ‘এটা দুঃখ’ বলে যথাযথভাবে জানে, ‘এটা দুঃখ সমুদয়’ বলে যথাযথভাবে জানে, ‘এটা দুঃখ নিরোধ’ বলে যথাযথভাবে জানে, ‘এটা দুঃখ নিরোধগামিনী প্রতিপদা’ বলে যথাযথভাবে জানে। এরূপ পুদ্গল বর্ষণকারী কিন্তু গর্জনকারী নয়। যেমন কোনো বলাহক বর্ষণ করে কিন্তু গর্জন করে না। এ পুদ্গলকে আমি তাদৃশই বলি।

কিরূপ পুদ্গল গর্জনকারীও নয়, বর্ষণকারীও নয়? এ জগতে কোনো পুদ্গল সূত্র, গেয়, ব্যাকরণ, গাথা, উদান, ইতিবুত্তক, জাতক, অদ্ভুতধর্ম, বেদল্ল ইত্যাদি ধর্মসমূহ সম্পূর্ণরূপে শিক্ষা করে না। অন্যদিকে সে ‘এটা দুঃখ’ বলে যথাযথভাবে জানে না, ‘এটা দুঃখ সমুদয়’ বলে যথাযথভাবে জানে না, ‘এটা দুঃখ নিরোধ’ বলে যথাযথভাবে জানে না, ‘এটা দুঃখ নিরোধগামিনী প্রতিপদা’ বলে যথাযথভাবে জানে না। এরূপ পুদ্গল গর্জনকারীও নয়, বর্ষণকারীও নয়। যেমন কোনো বলাহক গর্জনও করে না, বর্ষণও করে না। এই পুদ্গলকে আমি তাদৃশই বলি।

কিরূপ পুদ্গল গর্জনকারী ও বর্ষণকারী? এ জগতে কোনো পুদ্গল সূত্র, গেয়, ব্যাকরণ, গাথা, উদান, ইতিবুত্তক, জাতক, অদ্ভুতধর্ম, বেদল্ল ইত্যাদি ধর্মসমূহ সম্পূর্ণরূপে শিক্ষা করে এবং সে ‘এটা দুঃখ’ বলে যথাযথভাবে জানে, ‘এটা দুঃখ সমুদয়’ বলে যথাযথভাবে জানে, ‘এটা দুঃখ নিরোধ’ বলে যথাযথভাবে জানে, ‘এটা দুঃখ নিরোধগামিনী প্রতিপদা’ বলে যথাযথভাবে জানে। এরূপ পুদ্গল গর্জনকারী ও বর্ষণকারী। যেমন কোনো বলাহক গর্জনও করে, বর্ষণও করে। এ পুদ্গলকে আমি তাদৃশই বলি। ভিক্ষুগণ, এই চার প্রকার বলাহক সদৃশ পুদ্গল জগতে বিদ্যমান।” (দ্বিতীয় সূত্র)

ব্যাখ্যা [০]