“হে ভিক্ষুগণ, আম্র চার প্রকার। সেই চার প্রকার কী কী? যথা : কাঁচা কিন্তু পাকা প্রতীয়মান; পাকা কিন্তু কাঁচা প্রতীয়মান; কাঁচা এবং কাঁচা প্রতীয়মান; পাকা এবং পাকা প্রতীয়মান। এ চার প্রকার আম্র। ভিক্ষুগণ, ঠিক এরূপে চার প্রকার আম্রসদৃশ পুদ্গল জগতে বিদ্যমান। সেই চার প্রকার কী কী? যথা : কাঁচা কিন্তু পাকা প্রকৃতির; পাকা কিন্তু কাঁচা প্রকৃতির; কাঁচা এবং কাঁচা প্রকৃতির; পাকা এবং পাকা প্রকৃতির।
কিরূপ পুদ্গল কাঁচা কিন্তু পাকা প্রকৃতির? এ জগতে কোনো পুদ্গলের গমনাগমন, অবলোকন, বিলোকন, সংকোচন, প্রসারণ; সঙ্ঘাটি, পাত্র-চীবর ধারণ ইত্যাদি বাহ্যিক ব্যবহার খুবই সন্তোষজনক। কিন্তু সে ‘এটা দুঃখ’, ‘এটা দুঃখ সমুদয়’, ‘এটা দুঃখ নিরোধ’, ‘এটা দুঃখ নিরোধগামিনী প্রতিপদা’ বলে যথাযথভাবে জানে না। এরূপ পুদ্গল কাঁচা কিন্তু পাকা প্রকৃতির। যেমন কোনো আম্র কাঁচা কিন্তু পাকা প্রতীয়মান। এই পুদ্গলকে আমি তাদৃশই বলি।
কিরূপ পুদ্গল পাকা কিন্তু কাঁচা প্রকৃতির? এ জগতে কোনো পুদ্গলের গমনাগমন, অবলোকন, বিলোকন, সংকোচন, প্রসারণ; সঙ্ঘাটি, পাত্র-চীবর ধারণ ইত্যাদি বাহ্যিক ব্যবহার সন্তোষজনক নয়। কিন্তু সে ‘এটা দুঃখ’, ‘এটা দুঃখ সমুদয়’, ‘এটা দুঃখ নিরোধ’, ‘এটা দুঃখ নিরোধগামিনী প্রতিপদা’ বলে যথাযথভাবে জানে। এরূপ পুদ্গল পাকা কিন্তু কাঁচা প্রকৃতির। যেমন কোনো আম্র পাকা কিন্তু কাঁচা প্রতীয়মান। এই পুদ্গলকে আমি তাদৃশই বলি।
কিরূপ পুদ্গল কাঁচা এবং কাঁচা প্রকৃতির? এ জগতে কোনো পুদ্গলের গমনাগমন, অবলোকন, বিলোকন, সংকোচন, প্রসারণ; সঙ্ঘাটি, পাত্র-চীবর ধারণ ইত্যাদি বাহ্যিক ব্যবহার সন্তোষজনক নয়। এবং সে ‘এটা দুঃখ’, ‘এটা দুঃখ সমুদয়’, ‘এটা দুঃখ নিরোধ’, ‘এটা দুঃখ নিরোধগামিনী প্রতিপদা’ বলে যথাযথভাবে জানে না। এরূপ পুদ্গল কাঁচা এবং কাঁচা প্রকৃতির। যেমন কোনো আম্র কাঁচা এবং কাঁচা প্রতীয়মান। এই পুদ্গলকে আমি তাদৃশই বলি।
কিরূপ পুদ্গল পাকা এবং পাকা প্রকৃতির? এ জগতে কোনো পুদ্গলের গমনাগমন, অবলোকন, বিলোকন, সংকোচন, প্রসারণ; সঙ্ঘাটি, পাত্র-চীবর ধারণ ইত্যাদি বাহ্যিক ব্যবহার খুবই সন্তোষজনক। এবং সে ‘এটা দুঃখ’, ‘এটা দুঃখ সমুদয়’, ‘এটা দুঃখ নিরোধ’, ‘এটা দুঃখ নিরোধগামিনী প্রতিপদা’ বলে যথাযথভাবে জানে। এরূপ পুদ্গল পাকা এবং পাকা প্রকৃতির। যেমন কোনো আম্র পাকা এবং পাকা প্রতীয়মান। এই পুদ্গলকে আমি তাদৃশই বলি। ভিক্ষুগণ, এই চার প্রকার আম্রসদৃশ পুদ্গল জগতে বিদ্যমান।” (পঞ্চম সূত্র)
ব্যাখ্যা [০]