“হে ভিক্ষুগণ, চার প্রকার যোগ । সেই চার প্রকার কী কী? যথা : কামযোগ, ভবযোগ, মিথ্যাদৃষ্টি-যোগ, অবিদ্যা-যোগ। ভিক্ষুগণ, কামযোগ কাকে বলে? এ জগতে কেউ কামের সমুদয়, অন্তর্ধান, আস্বাদ, আদীনব, নিঃসরণ যথাযথভাবে জানে না। সেই কামের সমুদয়, অন্তর্ধান, আস্বাদ, আদীনব, নিঃসরণ যথাযথভাবে না জানার দরুন সে কামে কামরাগ, কামনন্দী, কামপ্রেম, কামমোহ, কামপিপাসা, কাম-উন্মাদনা, কামাসক্তি, কামতৃষ্ণা পরিতৃপ্তি করতে চেষ্টা করে। একেই বলা হয় কামযোগ। এটিই কামযোগ।
ভবযোগ কাকে বলে? এ জগতে কেউ ভবের সমুদয়, অন্তর্ধান, আস্বাদ, আদীনব, নিঃসরণ যথাযথভাবে জানে না। সেই ভবের সমুদয়, অন্তর্ধান, আস্বাদ, আদীনব, নিঃসরণ যথাযথভাবে না জানার দরুন সে ভবে ভবরাগ, ভবনন্দী, ভবপ্রেম, ভবমোহ, ভবপিপাসা, ভব-উন্মাদনা, ভবাসক্তি, ভবতৃষ্ণা পরিতৃপ্তি করতে চেষ্টা করে। একেই বলা হয় ভবযোগ। এটিই ভবযোগ।
মিথ্যাদৃষ্টি-যোগ কাকে বলে? এ জগতে কেউ মিথ্যাদৃষ্টির সমুদয়, অন্তর্ধান, আস্বাদ, আদীনব, নিঃসরণ যথাযথভাবে জানে না। সেই মিথ্যাদৃষ্টির সমুদয়, অন্তর্ধান, আস্বাদ, আদীনব, নিঃসরণ যথাযথভাবে না জানার দরুন সে মিথ্যাদৃষ্টিতে মিথ্যাদৃষ্টি রাগ, মিথ্যাদৃষ্টি নন্দী, মিথ্যাদৃষ্টি প্রেম, মিথ্যাদৃষ্টি মোহ, মিথ্যাদৃষ্টি পিপাসা, মিথ্যাদৃষ্টি উন্মাদনা, মিথ্যাদৃষ্টি আসক্তি, মিথ্যাদৃষ্টি তৃষ্ণা পরিতৃপ্তি করতে চেষ্টা করে। একেই বলা হয় মিথ্যাদৃষ্টি-যোগ। এটিই মিথ্যাদৃষ্টি-যোগ।
অবিদ্যা-যোগ কাকে বলে? এ জগতে কেউ ছয় স্পর্শায়তনের সমুদয়, অন্তর্ধান, আস্বাদ, আদীনব, নিঃসরণ যথাযথভাবে জানে না। সেই ছয় স্পর্শায়তনের সমুদয়, অন্তর্ধান, আস্বাদ, আদীনব, নিঃসরণ যথাযথভাবে না জানার দরুন সে ছয় স্পর্শায়তনে অবিদ্যা, অজ্ঞানকে পরিতৃপ্তি করতে চেষ্টা করে। একেই বলা হয় অবিদ্যা-যোগ। এরূপে কামযোগ, ভবযোগ, মিথ্যাদৃষ্টি-যোগ, অবিদ্যা-যোগাদি পাপজনক অকুশল কর্ম, সংক্লেশ, পুনর্জন্ম প্রদান, ক্লেশজনক দুঃখ বিপাক, ভবিষ্যতে জন্ম-জরা-মরণাদিতে সংযুক্ত করে। তদ্ধেতু একে অযোগক্ষেম (আসক্তি) বলা হয়। ভিক্ষুগণ, এগুলোই চার প্রকার যোগ।
ভিক্ষুগণ, বিসংযোগ (বিচ্ছেদ) চার প্রকার। সেই চার প্রকার কী কী? যথা : কামযোগ বিসংযোগ, ভবযোগ বিসংযোগ, মিথ্যাদৃষ্টি-যোগ বিসংযোগ, অবিদ্যা-যোগ বিসংযোগ।
ভিক্ষুগণ, কামযোগ বিসংযোগ কাকে বলে? এ জগতে কেউ কামের সমুদয়, অন্তর্ধান, আস্বাদ, আদীনব, নিঃসরণ যথাযথভাবে জানে। সেই কামের সমুদয়, অন্তর্ধান, আস্বাদ, আদীনব, নিঃসরণ যথাযথভাবে জানার দরুন সে কামে কামরাগ, কামনন্দী, কামপ্রেম, কামমোহ, কামপিপাসা, কাম-উন্মাদনা, কামাসক্তি, কামতৃষ্ণা পরিতৃপ্তি করতে চেষ্টা করে না। একেই বলা হয় কামযোগ বিসংযোগ। এটিই কামযোগ বিসংযোগ।
ভবযোগ বিসংযোগ কাকে বলে? এ জগতে কেউ ভবের সমুদয়, অন্তর্ধান, আস্বাদ, আদীনব, নিঃসরণ যথাযথভাবে জানে। সেই ভবের সমুদয়, অন্তর্ধান, আস্বাদ, আদীনব, নিঃসরণ যথাযথভাবে জানার দরুন সে ভবে ভবরাগ, ভবনন্দী, ভবপ্রেম, ভবমোহ, ভবপিপাসা, ভব-উন্মাদনা, ভবাসক্তি, ভবতৃষ্ণা পরিতৃপ্তি করতে চেষ্টা করে না। একেই বলা হয় ভবযোগ বিসংযোগ। এটিই ভবযোগ বিসংযোগ।
মিথ্যাদৃষ্টি-যোগ বিসংযোগ কাকে বলে? এ জগতে কেউ মিথ্যাদৃষ্টির সমুদয়, অন্তর্ধান, আস্বাদ, আদীনব, নিঃসরণ যথাযথভাবে জানে। সেই মিথ্যাদৃষ্টির সমুদয়, অন্তর্ধান, আস্বাদ, আদীনব, নিঃসরণ যথাযথভাবে জানার দরুন সে মিথ্যাদৃষ্টিতে মিথ্যাদৃষ্টি রাগ, মিথ্যাদৃষ্টি নন্দী, মিথ্যাদৃষ্টি প্রেম, মিথ্যাদৃষ্টি মোহ, মিথ্যাদৃষ্টি পিপাসা, মিথ্যাদৃষ্টি উন্মাদনা, মিথ্যাদৃষ্টি আসক্তি, মিথ্যাদৃষ্টি তৃষ্ণা পরিতৃপ্তি করতে চেষ্টা করে না। একেই বলা হয় মিথ্যাদৃষ্টি-যোগ বিসংযোগ। এটিই মিথ্যাদৃষ্টি-যোগ বিসংযোগ।
অবিদ্যা-যোগ বিসংযোগ কাকে বলে? এ জগতে কেউ ছয় স্পর্শায়তনের সমুদয়, অন্তর্ধান, আস্বাদ, আদীনব, নিঃসরণ যথাযথভাবে জানে। সেই ছয় স্পর্শায়তনের সমুদয়, অন্তর্ধান, আস্বাদ, আদীনব, নিঃসরণ যথাযথভাবে জানার দরুন সে ছয় স্পর্শায়তনে অবিদ্যা, অজ্ঞানকে পরিতৃপ্তি করতে চেষ্টা করে না। একেই বলা হয় অবিদ্যা-যোগ বিসংযোগ। এরূপে কামযোগ বিসংযোগ, ভবযোগ বিসংযোগ, মিথ্যাদৃষ্টি-যোগ বিসংযোগ, অবিদ্যা-যোগ বিসংযোগাদি পাপজনক অকুশল ধর্ম, সংক্লেশ, পুনর্জন্ম প্রদান, ক্লেশজনক দুঃখ বিপাক, ভবিষ্যতের জন্ম-জরা-মরণাদি হতে বিসংযুক্ত করে। তদ্ধেতু একে যোগক্ষেম বলা হয়।
ভিক্ষুগণ, এগুলোই চার প্রকার বিসংযোগ।”
“কামযোগে সংযুক্ত আর ভবযোগে উভয়ে,
দৃষ্টিযোগে সংযুক্ত অবিদ্যাযোগ পুরাভাগে।
অজ্ঞ নর এভাবে ভ্রমি ভব সংসারে,
জন্ম-মৃত্যুর অধীন হয় পুনঃ বারে বারে।
মিথ্যাদৃষ্টি সমুচ্ছেদ হয় অবিদ্যা বিদূরণ,
সর্বযোগ বিসংযোগ হয়, তাতেই মুনির যোগজয়।” (দশম সূত্র)
স্মারক-গাথা :
অনুবুদ্ধ, প্রপতিত দুই, ক্ষত, অনুশ্রুত পঞ্চমে,
অল্পশ্রুত, শোভন আর বৈশারদ্য, তৃষ্ণাযোগ দশমে।
ব্যাখ্যা [০]