লোড হচ্ছে

অনুবাদসমূহ [২০]

কেসি সূত্র

একসময় অশ্ব দমনকারী সারথি কেসি ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপার্শ্বে উপবেশন করলেন। তখন ভগবান উপবিষ্ট কেসিকে এরূপ বললেন :

“কেসি, তোমাকে তো প্রসিদ্ধ অশ্ব দমনকারী বলা হয়। তুমি কীভাবে অদমিত অশ্বকে দমন কর?” “ভন্তে, আমি অদমিত অশ্বকে আস্তে আস্তে দমন করি; কঠোরভাবে দমন করি; আস্তে আস্তে এবং কঠোরভাবে দমন করি।” “কেসি, যদি তোমার অদমিত অশ্ব আস্তে আস্তে দমনে দমিত না হয়; কঠোরভাবে দমনে দমিত না হয়; আস্তে আস্তে এবং কঠোরভাবে দমনে দমিত না হয়, তাহলে সেই অশ্বকে কী কর?” “ভন্তে, আমার অদমিত অশ্ব যদি আস্তে আস্তে দমনে দমিত না হয়; কঠোরভাবে দমনে দমিত না হয়; আস্তে আস্তে এবং কঠোরভাবে দমনে দমিত না হয়, তাহলে আমি সেই অশ্বকে হত্যা করি। তার কারণ কী? আমার আচার্যকুলের নিন্দা করা হবে বলে।”

“ভন্তে, ভগবানকে তো পুরুষদমনকারী সারথি বলা হয়। ভগবান কীভাবে অদম্য পুরুষকে দমন করেন?” “কেসি, আমি অদম্য পুরুষকে আস্তে আস্তে দমন করি; কঠোরভাবে দমন করি; আস্তে আস্তে এবং কঠোরভাবে দমন করি। তন্মধ্যে আস্তে আস্তে দমন এরূপ-এটি কায়সুচরিত, কায়সুচরিতের এ ফল; এটি বাক্‌সুচরিত, বাক্‌সুচরিতের এ ফল; এটি মনঃসুচরিত, মনঃসুচরিতের এ ফল; এরূপে দেবলোকে উৎপন্ন হওয়া যায়, এরূপে মনুষ্যলোকে জন্মলাভ হয়। কঠোরভাবে দমন এরূপ-এটি কায়দুশ্চরিত, কায়দুশ্চরিতের এ ফল; এটি বাক্‌দুশ্চরিত, বাক্‌দুশ্চরিতের এ ফল; এটি মনোদুশ্চরিত, মনোদুশ্চরিতের এ ফল; এরূপে নিরয়ে উৎপন্ন হয়, এরূপে তির্যককুলে গমন করে, এরূপে প্রেতলোকে গমন করে।”

“কেসি, আস্তে আস্তে এবং কঠোরভাবে দমন এরূপ-এটি কায়সুচরিত, কায়সুচরিতের এ ফল; এটি কায়দুশ্চরিত, কায়দুশ্চরিতের এ ফল; এটি বাক্‌সুচরিত, বাক্‌সুচরিতের এ ফল; এটি বাক্‌দুশ্চরিত; বাক্‌দুশ্চরিতের এ ফল; এটি মনঃসুচরিত, মনঃসুচরিতের এ ফল; এটি মনোদুশ্চরিত, মনোদুশ্চরিতের এ ফল; এরূপে দেবলোকে উৎপন্ন হওয়া যায়, এরূপে মনুষ্যলোকে জন্ম লাভ হয়; এরূপে নিরয়ে উৎপন্ন হয়, এরূপে তির্যককুলে গমন করে, এরূপে প্রেতলোকে গমন করে।”

“ভন্তে, আপনার অদম্য পুরুষ যদি আস্তে আস্তে দমনে দমিত না হয়, কঠোরভাবে দমনে দমিত না হয়, আস্তে আস্তে এবং কঠোরভাবে দমনে দমিত না হয়, তাহলে তাকে কী করেন?” “কেসি, যদি আমার অদম্য পুরুষ আস্তে আস্তে দমনে দমিত না হয়, কঠোরভাবে দমনে দমিত না হয়, আস্তে আস্তে এবং কঠোরভাবে দমনে দমিত না হয়, তাহলে আমি তাকে বধ করি।” “ভন্তে, ভগবানের পক্ষে তো প্রাণিহত্যা করা অসম্ভব, অথচ ভগবান এরূপ বলছেন, ‘কেসি, আমি তাকে বধ করি।” “সত্যিই, কেসি, তথাগতের পক্ষে প্রাণিহত্যা করা অসম্ভব। তবুও যেই অদম্য পুরুষ আস্তে আস্তে দমিত হয় না, কঠোরভাবে দমিত হয় না, আস্তে আস্তে এবং কঠোরভাবে দমিত হয় না; তথাগত তাকে বলা, অনুশাসন করা উচিত বলে মনে করেন না। এবং বিজ্ঞ সব্রহ্মচারীগণও তাকে বলা, অনুশাসন করা উচিত মনে করে না। আর্য বিনয়ে সেই পুরুষ মৃত, যাকে তথাগত বলা, অনুশাসন করা উচিত মনে করেন না এবং বিজ্ঞ সব্রহ্মচারীগণও বলা, অনুশাসন করা উচিত মনে করে না।”

“ভন্তে, সত্যিই সেই পুরুষ মৃত, যাকে তথাগত বলা, অনুশাসন করা উচিত মনে করেন না এবং বিজ্ঞ সব্রহ্মচারীগণও বলা, অনুশাসন করা উচিত মনে করেন না।

ভন্তে, খুবই আশ্চর্য! খুবই অদ্ভুত! যেমন অধোমুখী পাত্রকে ঊর্ধ্বমুখী করা হয়, আচ্ছাদিত বস্তুকে উন্মুক্ত করা হয়, পথভ্রষ্টকে পথ দেখানো হয়, চক্ষুষ্মানকে রূপ দেখাবার জন্য তৈল প্রদীপ ধারণ করা হয়, তেমনিভাবে তথাগত কর্তৃক অনেক প্রকারে ধর্ম প্রকাশিত হয়েছে। আমি ভগবানের শরণ, তাঁর ধর্মের এবং ভিক্ষুসংঘের শরণ গ্রহণ করছি। আজ হতে জীবনের শেষকাল পর্যন্ত আমাকে আপনার শরণাগত উপাসক হিসেবে গ্রহণ করুন।” (প্রথম সূত্র)

ব্যাখ্যা [০]