“হে ভিক্ষুগণ, চার প্রকার গুণে সমন্বিত রাজহস্তী রাজার যোগ্য, রাজভোগ্য এবং রাজার উপযুক্ত বলে পরিগণিত হয়। সেই চার প্রকার কী কী? যথা : এ জগতে রাজহস্তী শ্রবণকারী হয়, হত্যাকারী হয়, সহিষ্ণু হয়, দ্রুত গমনকারী হয়।
কিরূপে রাজহস্তী শ্রবণকারী হয়? এ জগতে হস্তী দমনকারী সারথি রাজহস্তীকে যা করতে বলে : ‘পূর্বে কৃত হোক বা না হোক,’ হস্তী তা উত্তমরূপে শ্রবণ করে (বা মেনে চলে)। এরূপে রাজহস্তী শ্রবণকারী হয়।
কিরূপে রাজহস্তী হত্যাকারী হয়? এ জগতে যুদ্ধরত রাজহস্তী হস্তী হত্যা করে, হস্তীতে আরোহী সৈন্য হত্যা করে; ঘোড়া হত্যা করে, ঘোড়ায় আরোহী সৈন্য হত্যা করে; রথ ধ্বংস করে, রথে আরোহী সৈন্য হত্যা করে এবং পদাতিক সৈন্য হত্যা করে। এরূপে রাজহস্তী হত্যাকারী হয়।
কিরূপে রাজহস্তী সহিষ্ণু হয়? এ জগতে যুদ্ধরত রাজহস্তী বর্শার আঘাত, অসির আঘাত, তীরের আঘাত, কুঠারের আঘাত এবং রণ ঢোল, শঙ্খ-মৃদঙ্গের উচ্চশব্দ সহ্য করে। এরূপে রাজহস্তী সহিষ্ণু হয়।
কিরূপে রাজহস্তী দ্রুত গমনকারী হয়? এ জগতে হস্তী দমনকারী সারথি রাজহস্তীকে যেদিকে পরিচালনা করে-পূর্বে গমন করুক বা না করুক, দ্রুত সেদিকে গমন করে। এরূপে রাজহস্তী দ্রুত গমনকারী হয়। এই চার অঙ্গে সমন্বিত রাজহস্তী রাজার যোগ্য, রাজভোগ্য এবং রাজার উপযুক্ত বলে পরিগণিত হয়।
ভিক্ষুগণ, ঠিক এভাবে চার প্রকার ধর্মে সমন্বিত ভিক্ষু আহ্বানের যোগ্য, পূজা পাবার যোগ্য, দক্ষিণা পাবার যোগ্য, অঞ্জলি পাবার যোগ্য এবং ত্রিলোকের অনুত্তর পুণ্যক্ষেত্র। সেই চার প্রকার কী কী? যথা : এ জগতে ভিক্ষু শ্রবণকারী হয়, হত্যাকারী হয়, সহিষ্ণু এবং দ্রুত গমনকারী হয়।
কিরূপে ভিক্ষু শ্রবণকারী হয়? এ জগতে ভিক্ষু তথাগতের প্রচারিত, দেশিত ধর্ম-বিনয়কে জ্ঞাত হতে মনেপ্রাণে, একাগ্রতা ও মনোযোগ দিয়ে শ্রবণ করে। এরূপে ভিক্ষু শ্রবণকারী হয়।
কিরূপে ভিক্ষু হত্যাকারী হয়? এ জগতে ভিক্ষু উৎপন্ন কামবিতর্ক গ্রহণ করে না বরং তা পরিত্যাগ, অপনোদন করে, সমূলে বিনষ্ট করে, (যাতে পুনর্বৎপন্ন হতে না পারে তজ্জন্য) সম্পূর্ণ নিবৃত্তি করে। উৎপন্ন ব্যাপাদ বিতর্ক গ্রহণ করে না বরং তা পরিত্যাগ, অপনোদন করে, সমূলে বিনষ্ট করে, সম্পূর্ণ নিবৃত্তি করে। উৎপন্ন বিহিংসা বিতর্ক গ্রহণ করে না বরং তা পরিত্যাগ, অপনোদন করে, সমূলে বিনষ্ট করে, সম্পূর্ণ নিবৃত্তি করে। উৎপন্ন-অনুৎপন্ন অকুশল পাপধর্ম গ্রহণ করে না বরং তা পরিত্যাগ, অপনোদন করে, সমূলে বিনষ্ট করে, সম্পূর্ণ নিবৃত্তি করে। এরূপে ভিক্ষু হত্যাকারী হয়।
কিরূপে ভিক্ষু সহিষ্ণু হয়? এ জগতে ভিক্ষু শীত-উষ্ণ, ক্ষুধা-পিপাসা, ডংশক-মশক, বায়ুতাপ, সরীসৃপ-বৃশ্চিকাদির আক্রমণ সহ্য করে; অপরের নিন্দাবাক্য, অনাদর, কুযুক্তি ও উৎপন্ন শারীরিক তীব্র, কটু, তিক্ত বিরক্তিকর দৈহিক যন্ত্রণা এবং অমনোজ্ঞ, সাংঘাতিক, প্রাণহরণকর মানসিক যন্ত্রণায় সহনশীল, ধৈর্যশীল হয়। এরূপে ভিক্ষু সহিষ্ণু হয়।
কিরূপে ভিক্ষু দ্রুত গমনকারী হয়? যেমন, কোনো ব্যক্তি ইতোপূর্বে দীর্ঘক্ষণ ধীর গতিতে চলার পর দ্রুত গতিতে গমন করে, ঠিক তেমনি, এ জগতে ভিক্ষু সব সংস্কার উপশম, সব আসক্তি পরিত্যাগ, তৃষ্ণা ক্ষয়, বিরাগ, নিরোধ করে দ্রুত নির্বাণলাভী হয়, সেই দ্রুত গমনকারীর মতো। এরূপে ভিক্ষু দ্রুত গমনকারী হয়।
ভিক্ষুগণ, এই চার প্রকার ধর্মে সমন্বিত ভিক্ষু আহ্বানের যোগ্য, পূজা পাবার যোগ্য, দক্ষিণা পাবার যোগ্য, অঞ্জলি পাবার যোগ্য এবং ত্রিলোকের অনুত্তর পুণ্যক্ষেত্র।” (চতুর্থ সূত্র)
ব্যাখ্যা [০]