লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

মৈত্রী সূত্র (প্রথম)

“হে ভিক্ষুগণ, চার প্রকার পুদ্গল জগতে বিদ্যমান। সেই চার প্রকার কী কী? যথা : এ জগতে কোনো পুদ্গল মৈত্রীসহগত চিত্তে একদিক পরিব্যপ্ত করে অবস্থান করে; সেরূপে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থদিক পরিব্যপ্ত করে অবস্থান করে। এরূপে ঊর্ধ্বে, অধে, তির্যকক্রমে সর্বদা, সর্বস্থানে, সর্বলোকে; বিপুল, মহদ্‌গত, অপ্রমাণ, অবৈরী, প্রশান্ত, মৈত্রীসহগত চিত্তে পরিব্যাপ্ত করে অবস্থান করে। সে তা উপভোগ করে, বারবার আকাঙ্ক্ষা করে এবং তদ্বারা আনন্দ লাভ করে। তথায় স্থিত, অভিনিবিষ্ট হয়ে বহুবার অবস্থান করে এবং তা বিনষ্ট হয় না। পরে কোনো একসময়ে কালপ্রাপ্ত হয়ে ব্রহ্মকায়িক ব্রহ্মলোকে উৎপন্ন হয়। ব্রহ্মকায়িক ব্রহ্মলোকের আয়ু এক কল্প। তথায় পৃথগ্‌জন যথায়ুষ্কাল অবস্থান করে আয়ু শেষে নিরয়ে, তির্যককুলে, প্রেতকুলে গমন করে। আর ভগবানের শ্রাবকগণ তথায় যথায়ুষ্কাল অবস্থান করে আয়ু শেষে সেখানেই পরিনির্বাপিত হয়। এখানে নানাকরণ বলতে শ্রুতবান আর্যশ্রাবকের এবং অশ্রুতবান পৃথগ্‌জনের গতি, উৎপত্তির এ পার্থক্যবিশেষ।

পুনঃ, এ জগতে কোনো পুদ্গল করুণাসহগত চিত্তে একদিকে পরিব্যাপ্ত করে অবস্থান করে। এরূপে ঊর্ধ্বে, অধে, তির্যকক্রমে সর্বদা, সর্বস্থানে, সর্বলোকে; বিপুল, মহদ্‌গত, অপ্রমাণ, অবৈরী, প্রশান্ত, করুণাসহগত চিত্তে পরিব্যাপ্ত করে অবস্থান করে। সে তা উপভোগ করে, বারবার আকাঙ্ক্ষা করে এবং তদ্বারা আনন্দ লাভ করে। তথায় স্থিত, অভিনিবিষ্ট হয়ে বহুবার অবস্থান করে এবং তা বিনষ্ট হয় না। পরে কোনো একসময়ে কালপ্রাপ্ত হয়ে আভস্‌সর ব্রহ্মলোকে উৎপন্ন হয়। আভস্‌সর ব্রহ্মলোকের আয়ু দুই কল্প। তথায় পৃথগ্‌জন যথায়ুষ্কাল অবস্থান করে আয়ু শেষে নিরয়ে, তির্যককুলে, প্রেতকুলে গমন করে। আর ভগবানের শ্রাবকগণ তথায় যথায়ুষ্কাল অবস্থান করে আয়ু শেষে সেখানেই পরিনির্বাপিত হয়। এখানে নানাকরণ বলতে শ্রুতবান আর্যশ্রাবকের এবং অশ্রুতবান পৃথগ্‌জনের গতি, উৎপত্তির এ পার্থক্যবিশেষ।

পুনঃ, এ জগতে কোনো পুদ্গল মুদিতাসহগত চিত্তে একদিক পরিব্যাপ্ত করে অবস্থান করে; সেরূপে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থদিক পরিব্যাপ্ত করে অবস্থান করে। এরূপে ঊর্ধ্বে, অধে, তির্যকক্রমে সর্বদা, সর্বস্থানে, সর্বলোকে; বিপুল, মহদ্‌গত, অপ্রমাণ, অবৈরী, প্রশান্ত, মুদিতাসহগত চিত্তে একদিকে পরিব্যাপ্ত করে অবস্থান করে। সে তা উপভোগ করে, বারবার আকাঙ্ক্ষা করে এবং তদ্বারা আনন্দ লাভ করে। তথায় স্থিত, অভিনিবিষ্ট হয়ে বহুবার অবস্থান করে এবং তা বিনষ্ট হয় না। পরে কোনো একসময়ে কালপ্রাপ্ত হয়ে শুভকিণ্‌হ ব্রহ্মলোকে উৎপন্ন হয়। শুভকিণ্‌হ ব্রহ্মলোকের আয়ু চার কল্প। তথায় পৃথগ্‌জন যথায়ুষ্কাল অবস্থান করে আয়ু শেষে নিরয়ে, তির্যককুলে, প্রেতকুলে গমন করে। ভগবানের শ্রাবকগণ তথায় যথায়ুষ্কাল অবস্থান করে আয়ু শেষে সেখানেই পরিনির্বাপিত হয়। এখানে নানাকরণ বলতে শ্রুতবান আর্যশ্রাবকের এবং অশ্রুতবান পৃথগ্‌জনের গতি, উৎপত্তির এ পার্থক্যবিশেষ।

পুনঃ, এ জগতে কোনো পুদ্গল উপেক্ষাসহগত চিত্তে এক দিক পরিব্যপ্ত করে অবস্থান করে; সেরূপে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিক পরিব্যপ্ত করে অবস্থান করে। এরূপে ঊর্ধ্বে, অধে, তির্যকক্রমে সর্বদা, সর্বস্থানে, সর্বলোকে; বিপুল, মহদ্‌গত, অপ্রমাণ, অবৈরী, প্রশান্ত, উপেক্ষাসহগত চিত্তে পরিব্যপ্ত করে অবস্থান করে। সে তা উপভোগ করে, বারবার আকাঙ্ক্ষা করে এবং তদ্বারা আনন্দ লাভ করে। তথায় স্থিত, অভিনিবিষ্ট হয়ে বহুবার অবস্থান করে এবং তা বিনষ্ট হয় না। পরে কোনো একসময়ে কালপ্রাপ্ত হয়ে বেহপ্‌ফল ব্রহ্মলোকে উৎপন্ন হয়। বেহপ্‌ফল ব্রহ্মলোকের আয়ু পাঁচ কল্প। তথায় পৃথগ্‌জন যথায়ুষ্কাল অবস্থান করে আয়ু শেষে নিরয়ে, তির্যককুলে, প্রেতকুলে গমন করে। আর ভগবানের শ্রাবকগণ তথায় যথায়ুষ্কাল অবস্থান করে আয়ু শেষে সেখানেই পরিনির্বাপিত হয়। এখানে নানাকরণ বলতে শ্রুতবান আর্যশ্রাবকের এবং অশ্রুতবান পৃথগ্‌জনের গতি, উৎপত্তির এ পার্থক্যবিশেষ।

ভিক্ষুগণ, এই চার প্রকার পুদ্গল জগতে বিদ্যমান।” (পঞ্চম সূত্র)

ব্যাখ্যা [০]