লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

আনন্দ সূত্র

একসময় আয়ুষ্মান আনন্দ আয়ুষ্মান মহাকোট্ঠিকের নিকট উপস্থিত হয়ে তাকে ‘হে আবুসো’ বলে সম্বোধন করলেন। প্রীতিপূর্ণ কুশল বিনিময় করে একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট আয়ুষ্মান আনন্দ আয়ুষ্মান মহাকোট্ঠিককে এরূপ বললেন :

“হে আবুসো, ষড়বিধ স্পর্শায়তনের অশেষ, বিরাগ ও নিরোধ হলে তদ্ভিন্ন কি বিদ্যমান থাকে?”

“হে আবুসো, এরূপ প্রশ্ন করো না।”

“আবুসো, ষড়বিধ স্পর্শায়তনের অশেষ, বিরাগ ও নিরোধ হলে তদ্ভিন্ন কি কিছুই বিদ্যমান থাকে না?”

“আবুসো, এরূপ প্রশ্ন করো না।”

“আবুসো, ষড়বিধ স্পর্শায়তনের অশেষ, বিরাগ ও নিরোধ হলে তদ্ভিন্ন কি কিছু বিদ্যমান থাকে, নাকি থাকে না?”

“আবুসো, এরূপ প্রশ্ন করো না।”

“আবুসো, ষড়বিধ স্পর্শায়তনের অশেষ, বিরাগ ও নিরোধ হলে তদ্ভিন্ন কিছু বিদ্যমান থাকে না, আবার না থাকে তাও নয় কি?”

“আবুসো, এরূপ প্রশ্ন করো না।”

অতঃপর আয়ুষ্মান আনন্দ আয়ুষ্মান মহাকোট্ঠিককে উদ্দেশ করে বলে ওঠেন-“হে আবুসো, ‘ষড়বিধ স্পর্শায়তনের অশেষ, বিরাগ ও নিরোধ হলে তদ্ভিন্ন কি বিদ্যমান থাকে’ এরূপ প্রশ্ন করলে পূর্বোক্তরূপে বললেন, ‘আবুসো, এরূপ প্রশ্ন করো না।’ ‘ষড়বিধ স্পর্শায়তনের অশেষ, বিরাগ ও নিরোধ হলে তদ্ভিন্ন কি কিছুই বিদ্যমান থাকে না’ এরূপ প্রশ্ন করলে পূর্বোক্তরূপে বললেন, ‘আবুসো, এরূপ প্রশ্ন করো না।’ ‘ষড়বিধ স্পর্শায়তনের অশেষ, বিরাগ ও নিরোধ হলে তদ্ভিন্ন কি কিছু বিদ্যমান থাকে, নাকি থাকে না’ এরূপ প্রশ্ন করলেও পূর্বোক্তরূপে বললেন, ‘আবুসো, এরূপ প্রশ্ন করো না।’ ‘ষড়বিধ স্পর্শায়তনের অশেষ, বিরাগ ও নিরোধ হলে কিছু বিদ্যমান থাকে না, আবার না থাকে তাও নয়’ এরূপ প্রশ্ন করলেও পূর্বোক্তরূপে বললেন, ‘আবুসো, এরূপ প্রশ্ন করো না।’ আবুসো, তাহলে এই ভাষিত বিষয়ের অর্থ কিরূপে দ্রষ্টব্য?”

এবার আয়ুষ্মান মহাকোট্ঠিক বলেন-“হে আবুসো, ষড়বিধ স্পর্শায়তনের অশেষ, বিরাগ ও নিরোধ হলে তদ্ভিন্ন কি বিদ্যমান থাকে’ এরূপ বললে অপ্রতিবন্ধক প্রতিবন্ধক হয়। ‘ষড়বিধ স্পর্শায়তনের অশেষ, বিরাগ ও নিরোধ হলে তদ্ভিন্ন কি কিছুই বিদ্যমান থাকে না’ এরূপ বললেও অপ্রতিবন্ধক প্রতিবন্ধক হয়। ‘ষড়বিধ স্পর্শায়তনের অশেষ, বিরাগ ও নিরোধ হলে তদ্ভিন্ন কি কিছু বিদ্যমান থাকে, নাকি থাকে না’ এরূপ বললে অপ্রতিবন্ধক প্রতিবন্ধক হয়। আর ‘ষড়বিধ স্পর্শায়তনের অশেষ, বিরাগ ও নিরোধ হলে কিছু বিদ্যমান থাকে না, আবার না থাকে তাও নয়’ এরূপ বললেও অপ্রতিবন্ধক প্রতিবন্ধক হয়। ষড়বিধ স্পর্শায়তনের গতি যতদূর প্রপঞ্চের (প্রতিবন্ধকের) গতিও ততদূর; আর প্রপঞ্চের গতি যতদূর, ষড়বিধ স্পর্শায়তনের গতিও ততদূর।

আবুসো, ষড়বিধ স্পর্শায়তনের অশেষ, বিরাগ এবং নিরোধ হলে প্রপঞ্চও নিরোধ ও উপশম হয়।” (চতুর্থ সূত্র)

ব্যাখ্যা [০]