লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

শিক্ষাপদ সূত্র

“হে ভিক্ষুগণ, আমি তোমাদের অসৎপুরুষ, অসৎপুরুষের চেয়েও অসৎপুরুষতর এবং সৎপুরুষ, সৎপুরুষের চেয়েও সৎপুরুষতর সম্বন্ধে দেশনা করব। তোমরা তা শ্রবণ কর, উত্তমরূপে মনোনিবেশ কর। আমি দেশনা করছি।” “হ্যাঁ, ভদন্ত” বলে সেই ভিক্ষুগণ ভগবানকে প্রত্যুত্তর প্রদান করলেন। অতঃপর ভগবান এরূপ বললেন :

“ভিক্ষুগণ, অসৎপুরুষ কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি প্রাণিহত্যাকারী, অদত্তবস্তু গ্রহণকারী, মিথ্যা কামাচারী, মিথ্যাভাষী ও সুরা-মদ্যপায়ী বা সেবনকারী হয়। একে বলে অসৎপুরুষ।

অসৎপুরুষের চেয়েও অসৎপুরুষতর কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি নিজে প্রাণিহত্যাকারী হয় এবং অপরকেও প্রাণিহত্যা করার জন্য উৎসাহিত করে। নিজে অদত্তবস্তু গ্রহণকারী হয় এবং অপরকেও অদত্তবস্তু গ্রহণ করতে উৎসাহিত করে। নিজে মিথ্যা কামাচারী হয় এবং অপরকেও মিথ্যা কামাচারে উৎসাহিত করে। নিজে মিথ্যা ভাষণকারী হয় এবং অপরকেও মিথ্যা ভাষণ করার জন্য উৎসাহিত করে। নিজে সুরা-মদ্যপায়ী হয় আর অপরকেও সুরা-মদ্যপানে উৎসাহিত করে। একে বলে অসৎপুরুষের চেয়েও অসৎপুরুষতর।

সৎপুরুষ কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি প্রাণিহত্যা হতে বিরত হয়, অদত্তবস্তু গ্রহণ হতে বিরত হয়, মিথ্যা কামাচার হতে বিরত হয়, মিথ্যা ভাষণ হতে বিরত হয় এবং সুরা-মদ্যপান হতে বিরত হয়। ভিক্ষুগণ, একে বলে সৎপুরুষ।

সৎপুরুষের চেয়েও সৎপুরুষতর কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি নিজে প্রাণিহত্যা হতে বিরত হয় এবং অপরকেও প্রাণিহত্যা হতে বিরত থাকার জন্য উৎসাহিত করে। নিজে অদত্তবস্তু গ্রহণ হতে বিরত হয় এবং অপরকেও অদত্তবস্তু গ্রহণ হতে বিরত থাকার জন্য উৎসাহিত করে। নিজে মিথ্যা কামাচার হতে বিরত থাকে এবং অপরকেও মিথ্যা কামাচার হতে বিরত থাকার জন্য উৎসাহিত করে। নিজে মিথ্যা ভাষণ হতে বিরত হয় এবং অপরকেও মিথ্যা ভাষণ হতে বিরত থাকার জন্য উৎসাহিত করে। নিজে সুরা-মদ্যপান হতে বিরত হয় এবং অপরকেও সুরা-মদ্যপান হতে বিরত থাকার জন্য উৎসাহিত করে। একে বলে সৎপুরুষের চেয়েও সৎপুরুষতর।” (প্রথম সূত্র)

ব্যাখ্যা [০]