লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

অশ্রদ্ধা সূত্র

“হে ভিক্ষুগণ, আমি তোমাদেরকে অসৎপুরুষ, অসৎপুরুষের চেয়েও অসৎপুরুষতর এবং সৎপুরুষ, সৎপুরুষের চেয়েও সৎপুরুষতর সম্বন্ধে দেশনা করব। তোমার তা শ্রবণ কর; উত্তমরূপে মনোনিবেশ কর। আমি দেশনা করছি।” “হ্যাঁ ভদন্ত” বলে সেই ভিক্ষুগণ ভগবানকে প্রত্যুত্তর প্রদান করলেন। অতঃপর ভগবান এরূপ বললেন :

“হে ভিক্ষুগণ, অসৎপুরুষ কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি অশ্রদ্ধাসম্পন্ন হয়; পাপের প্রতি নির্লজ্জী, পাপের প্রতি নির্ভীক, অল্পশ্রুত হয়; এবং আলস্যপরায়ণ, বিস্মৃতিসম্পন্ন ও দুষ্প্রাজ্ঞ হয়। ভিক্ষুগণ, একে বলে অসৎপুরুষ।

অসৎপুরুষের চেয়েও অসৎপুরুষতর কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি নিজে অশ্রদ্ধাসম্পন্ন হয় এবং অপরকেও অশ্রদ্ধাসম্পন্ন হবার জন্য উৎসাহিত করে। নিজে পাপের প্রতি নির্লজ্জী হয়ে অপরকেও পাপের প্রতি নির্লজ্জী হবার জন্য উৎসাহিত করে। নিজেই পাপের প্রতি নির্ভীক হয়ে অপরকেও পাপের প্রতি নির্ভীক হবার জন্য উৎসাহিত করে। নিজে অল্পশ্রুত হয়ে অপরকেও অল্পশ্রুত হবার জন্য উৎসাহিত করে। নিজে আলস্যপরায়ণ হয়ে অপরকেও আলস্যপরায়ণ হবার জন্য উৎসাহিত করে। নিজে বিস্মৃতিসম্পন্ন হয়ে অপরকেও বিস্মৃতিসম্পন্ন হবার জন্য উৎসাহিত করে। নিজে দুষ্প্রাজ্ঞ হয়ে অপরকেও দুষ্প্রাজ্ঞ হবার জন্য উৎসাহিত করে। একে বলে অসৎপুরুষের চেয়েও অসৎপুরুষতর।

সৎপুরুষ কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি শ্রদ্ধাসম্পন্ন হয়, পাপের প্রতি লজ্জাশীল, পাপের প্রতি ভয়শীল, বহুশ্রুত, আরব্ধবীর্য, স্মৃতিমান এবং প্রজ্ঞাবান হয়। একে বলে সৎপুরুষ।

সৎপুরুষের চেয়েও সৎপুরুষতর কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি নিজে শ্রদ্ধাসম্পন্ন হয়ে অপরকেও শ্রদ্ধাসম্পন্ন হবার জন্য উৎসাহিত করে। নিজে পাপের প্রতি লজ্জাশীল হয়ে অপরকেও পাপের প্রতি লজ্জাশীল হবার জন্য উৎসাহিত করে। নিজে পাপের প্রতি ভয়শীল হয়ে অপরকেও পাপের প্রতি ভয়শীল হবার জন্য উৎসাহিত করে। নিজে বহুশ্রুত হয়ে অপরকেও বহুশ্রুত হবার জন্য উৎসাহিত করে। নিজে আরব্ধবীর্যসম্পন্ন হয়ে অপরকেও আরব্ধবীর্যসম্পন্ন হবার জন্য উৎসাহিত করে। নিজে স্মৃতিমান হয়ে অপরকেও স্মৃতিমান হবার জন্য উৎসাহিত করে। নিজে প্রজ্ঞাবান হয়ে অপরকেও প্রজ্ঞাবান হবার জন্য উৎসাহিত করে। একে বলে সৎপুরুষের চেয়েও সৎপুরুষতর।” (দ্বিতীয় সূত্র)

ব্যাখ্যা [০]