“হে ভিক্ষুগণ, আমি তোমাদের পাপ, পাপের চেয়েও মহাপাপ এবং কল্যাণ, কল্যাণের চেয়েও মহাকল্যাণ সম্বন্ধে দেশনা করব। তোমরা তা শ্রবণ কর; উত্তমরূপে মনোনিবেশ কর। আমি দেশনা করছি।” “হ্যাঁ ভদন্ত” বলে ভিক্ষুগণ ভগবানকে প্রত্যুত্তর দিলেন। অতঃপর ভগবান এরূপ বললেন :
“হে ভিক্ষুগণ, পাপ কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি প্রাণিহত্যাকারী, অদত্তবস্তু গ্রহণকারী, মিথ্যা কামাচারী, মিথ্যা ভাষণকারী, পিশুনবাক্য ভাষণকারী, কর্কশবাক্য ভাষণকারী, সম্প্রলাপ (বৃথাবাক্য) ভাষণকারী, লোভী, প্রদুষ্ট চিত্ত ও মিথ্যাদৃষ্টিসম্পন্ন হয়। একে বলে পাপ।
পাপের চেয়েও মহাপাপ কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি নিজে প্রাণিহত্যাকারী হয়ে অপরকেও প্রাণিহত্যা করার জন্য উৎসাহিত করে। নিজে অদত্তবস্তু গ্রহণকারী হয়ে অপরকেও অদত্তবস্তু গ্রহণ করার জন্য উৎসাহিত করে। নিজে মিথ্যা কামাচারী হয়ে অপরকেও মিথ্যা কামাচারে উৎসাহিত করে। নিজে মিথ্যা ভাষণকারী হয়ে অপরকেও মিথ্যা ভাষণ করার জন্য উৎসাহিত করে। নিজে পিশুনবাক্য ভাষণকারী হয়ে অপরকেও পিশুনবাক্য ভাষণ করার জন্য উৎসাহিত করে। নিজে কর্কশবাক্য ভাষণকারী হয়ে অপরকেও কর্কশবাক্য ভাষণ করার জন্য উৎসাহিত করে। নিজে সম্প্রলাপ (বৃথাবাক্য) ভাষণকারী হয়ে অপরকেও সম্প্রলাপ (বৃথাবাক্য) ভাষণ করার জন্য উৎসাহিত করে। নিজে লোভী হয়ে অপরকেও লোভী হওয়ার জন্য উৎসাহিত করে। নিজে হিংসা চিত্তসম্পন্ন হয়ে অপরকেও হিংসা চিত্তসম্পন্ন হওয়ার জন্য উৎসাহিত করে। এবং নিজে মিথ্যাদৃষ্টিসম্পন্ন হয়ে অপরকেও মিথ্যাদৃষ্টিসম্পন্ন হওয়ার জন্য উৎসাহিত করে। একে বলে পাপের চেয়েও মহাপাপ।
কল্যাণ কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি প্রাণিহত্যা হতে বিরত হয়, অদত্তবস্তু গ্রহণ হতে বিরত হয়, মিথ্যা কামাচার হতে বিরত হয়, মিথ্যা ভাষণ হতে বিরত হয়, পিশুনবাক্য ভাষণ হতে বিরত হয়, কর্কশবাক্য ভাষণ হতে বিরত হয়, সম্প্রলাপ (বৃথাবাক্য) ভাষণ হতে বিরত হয়, নির্লোভী হয়, অহিংসা চিত্তসম্পন্ন এবং সম্যক দৃষ্টিসম্পন্ন হয়। একে বলে কল্যাণ।
কল্যাণের চেয়েও মহাকল্যাণ কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি নিজে প্রাণিহত্যা হতে বিরত হয়ে অপরকেও প্রাণিহত্যা হতে বিরত থাকার জন্য উৎসাহিত করে। নিজে অদত্তবস্তু গ্রহণ হতে বিরত হয়ে অপরকেও অদত্তবস্তু গ্রহণ হতে বিরত থাকার জন্য উৎসাহিত করে। নিজে মিথ্যা কামাচার হতে বিরত হয়ে অপরকেও মিথ্যা কামাচার হতে বিরত থাকার জন্য উৎসাহিত করে। নিজে মিথ্যা ভাষণ হতে বিরত হয়ে অপরকেও মিথ্যা ভাষণ হতে বিরত থাকার জন্য উৎসাহিত করে। নিজে পিশুনবাক্য ভাষণ হতে বিরত হয়ে অপরকেও পিশুনবাক্য ভাষণ হতে বিরত থাকার জন্য উৎসাহিত করে। নিজে কর্কশবাক্য ভাষণ হতে বিরত হয়ে অপরকেও কর্কশবাক্য ভাষণ হতে বিরত থাকার জন্য উৎসাহিত করে। নিজে সম্প্রলাপ (বৃথাবাক্য) ভাষণ হতে বিরত হয়ে অপরকেও সম্প্রলাপ (বৃথাবাক্য) ভাষণ হতে বিরত থাকার জন্য উৎসাহিত করে। নিজে নির্লোভী হয়ে অপরকেও লোভহীন হওয়ার জন্য উৎসাহিত করে। নিজে অহিংসা চিত্তসম্পন্ন হয়ে অপরকেও অহিংসা চিত্তসম্পন্ন হওয়ার জন্য উৎসাহিত করে। এবং নিজে সম্যক দৃষ্টিসম্পন্ন হয়ে অপরকেও সম্যক দৃষ্টিসম্পন্ন হওয়ার জন্য উৎসাহিত করে। একে বলে কল্যাণের চেয়েও মহাকল্যাণ।” (সপ্তম সূত্র)
ব্যাখ্যা [০]