লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

পাপধর্ম সূত্র (দ্বিতীয়)

“হে ভিক্ষুগণ, আমি তোমাদের পাপ, পাপের চেয়েও মহাপাপ এবং কল্যাণ, কল্যাণের চেয়েও মহাকল্যাণ সম্বন্ধে দেশনা করব। তোমরা তা শ্রবণ কর; উত্তমরূপে মনোনিবেশ কর। আমি দেশনা করছি।” “হ্যাঁ ভদন্ত”, বলে ভিক্ষুগণ ভগবানকে প্রত্যুত্তর দিলেন। অতঃপর ভগবান এরূপ বললেন :

“ভিক্ষুগণ, পাপ কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি মিথ্যা দৃষ্টি, মিথ্যা সংকল্প, মিথ্যা বাক্য, মিথ্যা কর্ম, মিথ্যা জীবিকা, মিথ্যা ব্যায়াম, মিথ্যা স্মৃতি, মিথ্যা সমাধি, মিথ্যা জ্ঞান এবং মিথ্যা বিমুক্তিসম্পন্ন হয়। একে বলে পাপ।”

“পাপের চেয়েও মহাপাপ কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি নিজে মিথ্যা দৃষ্টিসম্পন্ন হয়ে অপরকেও মিথ্যা দৃষ্টিতে উৎসাহিত করে। নিজে মিথ্যা সংকল্পী হয়ে অপরকেও মিথ্যা সংকল্পে উৎসাহিত করে। নিজে মিথ্যা বাক্যভাষী হয়ে অপরকেও মিথ্যা ভাষণে উৎসাহিত করে। নিজে মিথ্যা কর্ম সম্পাদনকারী হয়ে অপরকেও মিথ্যা কর্মে উৎসাহিত করে। নিজে মিথ্যা জীবিকাসম্পন্ন হয়ে অপরকেও মিথ্যা জীবিকায় উৎসাহিত করে। নিজে মিথ্যা ব্যায়ামকারী হয়ে অপরকেও মিথ্যা ব্যায়ামে উৎসাহিত করে। নিজে মিথ্যা স্মৃতিসম্পন্ন হয়ে অপরকেও মিথ্যা স্মৃতিসম্পন্ন হতে উৎসাহিত করে। নিজে মিথ্যা সমাধিপরায়ণ হয়ে অপরকেও মিথ্যা সমাধিপরায়ণ হতে উৎসাহিত করে। নিজে মিথ্যা জ্ঞানী হয়ে অপরকেও মিথ্যা জ্ঞানী হবার জন্য উৎসাহিত করে, নিজে মিথ্যা বিমুক্তিসম্পন্ন হয়ে অপরকেও মিথ্যা বিমুক্তিসম্পন্ন হবার জন্য উৎসাহিত করে। একে বলে পাপের চেয়েও মহাপাপ।”

“কল্যাণ কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, সম্যক জ্ঞান এবং সম্যক বিমুক্তিসম্পন্ন হয়। একে বলে কল্যাণ।”

“কল্যাণের চেয়েও মহাকল্যাণ কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি নিজে সম্যক দৃষ্টিসম্পন্ন হয়ে অপরকেও সম্যক দৃষ্টিসম্পন্ন হবার জন্য উৎসাহিত করে। নিজে সম্যক সংকল্পী হয়ে অপরকেও সম্যক সংকল্পী হবার জন্য উৎসাহিত করে। নিজে সম্যক বাক্য ভাষণকারী হয়ে অপরকেও সম্যক বাক্য ভাষণ করার জন্য উৎসাহিত করে। নিজে সম্যক কর্ম সম্পাদন করে অপরকেও সম্যক কর্ম সম্পাদন করার জন্য উৎসাহিত করে। নিজে সম্যক জীবিকাসম্পন্ন হয়ে অপরকেও সম্যক জীবিকাসম্পন্ন হবার জন্য উৎসাহিত করে। নিজে সম্যক ব্যায়াম বা সম্যক প্রচেষ্টাকারী হয়ে অপরকেও সম্যক ব্যায়াম বা সম্যক প্রচেষ্টা করার জন্য উৎসাহিত করে। নিজে সম্যক স্মৃতিমান হয়ে অপরকেও সম্যক স্মৃতিমান হবার জন্য উৎসাহিত করে। নিজে সম্যক সমাধিতে নিবিষ্ট হয়ে অপরকেও সম্যক সমাধিতে নিবিষ্ট হবার জন্য উৎসাহিত করে। নিজে সম্যক জ্ঞানী হয়ে অপরকেও সম্যক জ্ঞানী হবার জন্য উৎসাহিত করে। নিজে সম্যক বিমুক্তিসম্পন্ন হয়ে অপরকেও সম্যক বিমুক্তিসম্পন্ন হবার জন্য উৎসাহিত করে। একে বলে কল্যাণের চেয়েও মহাকল্যাণ।” (অষ্টম সূত্র)

ব্যাখ্যা [০]