লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

আর্যমার্গ সূত্র

“হে ভিক্ষুগণ, চার প্রকার কর্ম স্বয়ং অভিজ্ঞা দ্বারা উপলব্ধি করে আমাকর্তৃক প্রজ্ঞাপিত হয়েছে। সেই চার প্রকার কী কী? যথা : অকুশল কর্মে অকুশল বিপাক, কুশল কর্মে কুশল বিপাক, কুশলাকুশল কর্মে কুশলাকুশল বিপাক এবং কর্ম ও বিপাক অকুশলও নয় কুশলও নয় যা কর্মক্ষয়ের জন্য পরিচালিত হয়।

ভিক্ষুগণ, অকুশল কর্মে অকুশল বিপাক কিরূপ? ভিক্ষুগণ, এ জগতে কোনো কোনো ব্যক্তি হিংসামূলক কায়সংস্কার, বাক্‌সংস্কার ও মনঃসংস্কার সম্পাদন করে। সে হিংসামূলক কায়সংস্কার, বাক্‌সংস্কার ও মনঃসংস্কার সম্পাদন করে হিংসাভরা জগতে বা নরকে উৎপন্ন হয়। ব্যাপাদময় জগতে উৎপন্ন হয়ে সে ব্যাপাদময় স্পর্শ পায় এবং ব্যাপাদময় স্পর্শে স্পৃষ্ট হয়ে নারকীয় সত্ত্বগণের ন্যায় একান্তই দুঃখ অনুভব করে। ভিক্ষুগণ, এটাই অকুশল কর্মে অকুশল বিপাক।

ভিক্ষুগণ, কুশল কর্মে কুশল বিপাক কিরূপ? ভিক্ষুগণ, এ জগতে কোনো কোনো ব্যক্তি অহিংসামূলক বা অব্যাপাদ কায়সংস্কার, বাক্‌সংস্কার ও মনঃসংস্কার সম্পাদন করে। সে অহিংসামূলক কায়সংস্কার, বাক্‌সংস্কার ও মনঃসংস্কার সম্পাদন করে অহিংসায় ভরা জগতে বা স্বর্গে উৎপন্ন হয়। অব্যাপাদময় জগতে উৎপন্ন হয়ে সে অব্যাপাদময় স্পর্শ পায়। অব্যাপাদময় স্পর্শে স্পৃষ্ট হয়ে স্বর্গীয় সত্ত্বগণের ন্যায় একান্তই সুখ অনুভব করে। ভিক্ষুগণ, এটাই কুশল কর্মে কুশলবিপাক বা ফলপ্রদায়ী।”

ভিক্ষুগণ, কুশলাকুশল কর্মে কুশলাকুশল বিপাক বা ফলপ্রদায়ী কিরূপ? ভিক্ষুগণ, এ জগতে কোনো কোনো ব্যক্তি হিংসামূলক ও অহিংসামূলক কায়সংস্কার, বাক্‌সংস্কার ও মনঃসংস্কার সম্পাদন করে। সে হিংসামূলক ও অহিংসামূলক কায়সংস্কার, বাক্‌সংস্কার ও মনঃসংস্কার সম্পাদন করে হিংসায় ও অহিংসায় ভরা জগতে বা নরকে ও স্বর্গে উৎপন্ন হয়। ব্যাপাদময় ও অব্যাপাদময় জগতে উৎপন্ন হয়ে সে অব্যাপাদময় ও ব্যাপাদময় স্পর্শ পায় এবং অব্যাপাদময় ও ব্যাপাদময় স্পর্শে স্পৃষ্ট হয়ে নারকীয় ও স্বর্গীয় সত্ত্বগণের ন্যায় একান্ত দুঃখ ও সুখ অনুভব করে। ভিক্ষুগণ, এটাই কুশলাকুশল কর্মে কুশলাকুশল বিপাক বা ফলপ্রদায়ী।

ভিক্ষুগণ, কিরূপ কর্ম ও ফল অকুশলও নয় কুশলও নয়, যা কর্মক্ষয়ের জন্য পরিচালিত হয়? যথা : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। ভিক্ষুগণ, এই কর্ম ও ফল অকুশলও নয় কুশলও নয়, যা কর্মক্ষয়ের জন্য পরিচালিত হয়। ভিক্ষুগণ, এই চার প্রকার কর্ম স্বয়ং অভিজ্ঞা দ্বারা উপলব্ধি করে আমাকর্তৃক প্রজ্ঞাপিত হয়েছে।” (ষষ্ঠ সূত্র)

ব্যাখ্যা [০]