লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

সংঘভেদ সূত্র

একসময় ভগবান কোশাম্বীস্থ ঘোষিতারামে অবস্থান করছিলেন। সে সময়ে আয়ুষ্মান আনন্দ ভগবানের নিকট উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপার্শ্বে বসলেন। একপার্শ্বে উপবিষ্ট আয়ুষ্মান আনন্দকে ভগবান এরূপ বললেন, “হে আনন্দ, এখনো কি সেই কলহ উপশম হয়নি?” “ভন্তে, কী করে সেই কলহ উপশম হবে! কারণ, আয়ুষ্মান অনুরুদ্ধের বাহিয়ো নামক সহবিহারী দীর্ঘদিন ধরে সংঘভেদে জড়িত আছে। তাছাড়া আয়ুষ্মান অনুরুদ্ধ তাকে একটি বাক্যও বলা উচিত মনে করে না।” “আনন্দ, কেন অনুরুদ্ধ সংঘের মধ্যে সেই কলহ উত্থাপন করেনি! কোনো কলহ বা বিবাদ উৎপন্ন হলে অবশ্যই তোমরা সারিপুত্র ও মৌদ্গল্লায়নের সাথে তা সমাধান করিও।

আনন্দ, চারটি কারণ দেখতে পেয়ে পাপী ভিক্ষু সংঘভেদে ইচ্ছা পোষণ করে। সেই চারটি কী কী? যথা : এ জগতে পাপী ভিক্ষু দুঃশীল, কলুষিত, পাপধর্মী, পাপাচারী, গোপনে পাপকর্ম সম্পাদনকারী, অশ্রমণ, শ্রমণের মিথ্যাগুণ বর্ণনাকারী, অব্রহ্মচারী, ব্রাহ্মণের মিথ্যাগুণ বর্ণনাকারী, দুশ্চরিত্র, কামুক ও অপবিত্র বা নিন্দনীয় হয়। তখন তার এরূপ চিন্তা হয় : ‘যদি ভিক্ষুগণ আমাকে বা আমার সম্বন্ধে জানে যে, ‘আমি দুঃশীল, কলুষিত, পাপধর্মী, পাপাচারী, গোপনে পাপকর্মকারী, অশ্রমণ, শ্রমণের মিথ্যাগুণ বর্ণনাকারী, অব্রহ্মচারী, ব্রাহ্মণের মিথ্যাগুণ বর্ণনাকারী, দুশ্চরিত্র, কামুক ও নিন্দনীয়। তাহলে একতাবদ্ধ শীলবান সংঘ আমার সুখ হরণ করবে, কিন্তু সংঘ বিভক্ত হলে আমাকে কিছু করতে পারবে না।’ এই প্রথম কারণ দেখতে পেয়ে পাপী ভিক্ষু সংঘভেদে ইচ্ছা পোষণ করে।

পুনঃ, পাপী ভিক্ষু মিথ্যাদৃষ্টিসম্পন্ন ও কুলপ্রথানুরূপ মতবাদে সমন্বিত হয়। তখন তার এরূপ চিন্তা হয় : ‘যদি ভিক্ষুগণ আমার সম্বন্ধে জানে যে, আমি মিথ্যাদৃষ্টিসম্পন্ন ও কুলপ্রথানুরূপ মতবাদে সমন্বিত; তাহলে একতাবদ্ধ শীলবান সংঘ আমার সুখ হরণ করবে। কিন্তু সংঘ বিভক্ত হলে আমাকে কিছু করতে পারবে না।’ এই দ্বিতীয় কারণ দেখতে পেয়ে পাপী ভিক্ষু সংঘভেদে ইচ্ছা পোষণ করে।

পুনঃ, পাপী ভিক্ষু মিথ্যা জীবিকাসম্পন্ন হয় এবং মিথ্যা জীবিকা দ্বারা জীবন ধারণ করে। তখন তার এরূপ চিন্তা হয় : ‘যদি ভিক্ষুগণ আমার সম্বন্ধে জানে যে, আমি মিথ্যা জীবিকাসম্পন্ন ও মিথ্যা জীবিকা দ্বারা জীবন ধারণ করি। তাহলে একতাবদ্ধ শীলবান সংঘ আমার সুখ হরণ করবে; কিন্তু সংঘ বিভক্ত হলে আমাকে কিছু করতে পারবে না।’ এই তৃতীয় কারণ দেখতে পেয়ে পাপী ভিক্ষু সংঘভেদে ইচ্ছা পোষণ করে।

পুনঃ, পাপী ভিক্ষু লাভ-সৎকারকামী ও নির্বাণ লাভে অনিচ্ছাকামী হয়। তখন তার এরূপ চিন্তা হয় : ‘যদি ভিক্ষুগণ আমার সম্বন্ধে জানে যে, আমি লাভ-সৎকারকামী ও নির্বাণ লাভে অনিচ্ছাকামী, তাহলে একতাবদ্ধ শীলবান সংঘ আমাকে সৎকার করবে না, গৌরব করবে না, শ্রদ্ধা করবে না এবং পূজাও করবে না; কিন্তু সংঘ বিভক্ত হলে আমাকে সৎকার করবে, গৌরব-শ্রদ্ধা-পূজা করবে।’ এই চতুর্থ কারণ দেখতে পেয়ে পাপী ভিক্ষু সংঘভেদে ইচ্ছা পোষণ করে। আনন্দ, এই চার প্রকার কারণ দেখতে পেয়ে পাপী ভিক্ষু সংঘভেদে ইচ্ছা পোষণ করে।” (প্রথম সূত্র)

ব্যাখ্যা [০]