লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

শিক্ষানিশংস সূত্র

“হে ভিক্ষুগণ, শিক্ষানিশংস, শ্রেষ্ঠ প্রজ্ঞা, বিমুক্তিসার ও প্রধান মনোযোগিতার উদ্দেশ্যেই ব্রহ্মচর্য উদ্‌যাপিত হয়।

শিক্ষানিশংস কিরূপ? এ জগতে অপ্রসন্নদের প্রসন্নতার জন্য এবং প্রসন্নদের আরও অধিকতর প্রসন্নতার দরুন আমাকর্তৃক শ্রাবকদের জন্য অভিসমাচারিক বা উপযুক্ত শিক্ষা প্রজ্ঞাপ্ত হয়েছে। অপ্রসন্নদের প্রসন্নতার জন্য এবং প্রসন্নদের আরও অধিকতর প্রসন্নতার দরুন আমাকর্তৃক যেভাবে যেভাবে শ্রাবকদের জন্য উপযুক্ত শিক্ষা প্রজ্ঞাপ্ত হয়েছে; সেভাবে সেভাবে তারা সেই শিক্ষার অখণ্ডকারী, অচ্ছিদ্রকারী, অসবলকারী ও সামঞ্জস্যকারী হয়ে শিক্ষাপদসমূহ গ্রহণ করে শিক্ষা করে।

পুনঃ, ভিক্ষুগণ, সম্যকরূপে সমস্ত দুঃখক্ষয়ের জন্য আমাকর্তৃক শ্রাবকদের নিকট আদি ব্রহ্মচর্য-শিক্ষা প্রজ্ঞাপ্ত হয়েছে। সম্যকরূপে সমস্ত দুঃখক্ষয়ের জন্য আমাকর্তৃক শ্রাবকদের নিকট যেভাবে যেভাবে আদি ব্রহ্মচর্য-শিক্ষা প্রজ্ঞাপ্ত হয়েছে, সেভাবে সেভাবে তারা সেই শিক্ষার অখণ্ডকারী, অচ্ছিদ্রকারী, অসবলকারী ও সামঞ্জস্যকারী হয়ে শিক্ষাপদসমূহ গ্রহণ করে শিক্ষা করে। এরূপেই শিক্ষানিশংস হয়।

কিরূপে শ্রেষ্ঠ প্রজ্ঞা লাভ হয়? এ জগতে সম্যকরূপে সমস্ত দুঃখক্ষয়ের জন্য আমাকর্তৃক শ্রাবকদের নিকট ধর্মসমূহ দেশিত হয়েছে। সম্যকরূপে সমস্ত দুঃখক্ষয়ের জন্য যেভাবে যেভাবে আমাকর্তৃক শ্রাবকদের নিকট যে ধর্মসমূহ দেশিত হয়েছে; সেভাবে সেভাবে সেই ধর্মসমূহ তাদের কর্তৃক প্রজ্ঞা দ্বারা পর্যবেক্ষণ বা ধারণ করা হয়। ভিক্ষুগণ, এরূপেই শ্রেষ্ঠ প্রজ্ঞা লাভ হয়।

কিরূপে বিমুক্তিসার লাভ হয়? এ জগতে সম্যকরূপে সমস্ত দুঃখক্ষয়ের জন্য আমাকর্তৃক শ্রাবকদের নিকট ধর্মসমূহ দেশিত হয়েছে। সম্যকরূপে সমস্ত দুঃখক্ষয়ের জন্য যেভাবে যেভাবে আমাকর্তৃক যে ধর্মসমূহ দেশিত হয়েছে, সেভাবে সেভাবে সেই ধর্মসমূহ তাদের কর্তৃক বিমুক্তি দ্বারা স্পর্শিত হয় বা (অনুভূত হয়)। ভিক্ষুগণ, এরূপেই বিমুক্তিসার লাভ হয়।

কিরূপে প্রবল মনোযোগিতাসম্পন্ন হয়? ‘আমি অপরিপূর্ণ এরূপ উপযুক্ত শিক্ষাকে পরিপূর্ণ করব এবং পরিপূর্ণ উপযুক্ত শিক্ষাকে তথায় তথায় অনুগৃহীত বা প্রদর্শন করব’-এরূপে আধ্যাত্মিক চিত্ত সমাধিস্থ বা সুপ্রতিষ্ঠিত হয়। ‘অপরিপূর্ণ এরূপ আদি ব্রহ্মচর্য-শিক্ষাকে পরিপূর্ণ করব এবং পরিপূর্ণ আদি ব্রহ্মচর্য-শিক্ষাকে তথায় তথায় প্রজ্ঞা দ্বারা অনুগৃহীত বা প্রদর্শন করব’-এরূপে আধ্যাত্মিক চিত্ত সমাধিস্থ হয়। ‘অননুশীলন এরূপ ধর্মকে প্রজ্ঞা দ্বারা অনুশীলন বা ধারণ করব এবং অনুশীলিত ধর্মকে তথায় তথায় প্রজ্ঞা দ্বারা অনুগৃহীত বা প্রদর্শন করব’-এরূপে আধ্যাত্মিক চিত্ত সমাধিস্থ হয়। ‘অননুভূত এরূপ ধর্মকে প্রজ্ঞা দ্বারা অনুভূত বা স্পর্শ করব’ এবং অনুভূত বা স্পর্শিত ধর্মকে তথায় তথায় প্রজ্ঞা দ্বারা অনুগৃহীত করব’-এরূপেও আধ্যাত্মিক চিত্ত সমাধিস্থ হয়। এরূপেই প্রবল বা প্রধান মনোযোগিতাসম্পন্ন হয়। ভিক্ষুগণ, শিক্ষানিশংস, শ্রেষ্ঠ প্রজ্ঞা, বিমুক্তসার ও প্রবল মনোযোগিতার উদ্দেশ্যেই ব্রহ্মচর্য উদ্‌যাপিত হয় (এরূপে যা বলা হয়েছে তা একেই ভিত্তি করে কথিত)।” (তৃতীয় সূত্র)

ব্যাখ্যা [০]