লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

কালকারাম সূত্র

একসময় ভগবান সাকেত নগরে কালকারামে অবস্থান করছিলেন। তথায় ভগবান ‘হে ভিক্ষুগণ’ বলে ভিক্ষুগণকে আহ্বান করলেন। ‘হ্যাঁ ভদন্ত’ বলে সেই ভিক্ষুগণ ভগবানকে প্রত্যুত্তর প্রদান করলেন। অতঃপর ভগবান এরূপ বললেন :

“হে ভিক্ষুগণ, দেবলোক, ব্রহ্মলোক, মারভুবনসহ এ জগতে শ্রমণ-ব্রাহ্মণ, দেবতা-মনুষ্যগণের মন দ্বারা যা দৃষ্ট, শ্রুত, অনুমিত, জ্ঞাত, প্রাপ্ত, নির্ণীত, ভাবিত, বিবেচিত, তা আমি (বিশেষভাবে) জানি।

দেবলোক, ব্রহ্মলোক, মারভুবনসহ এ জগতে শ্রমণ-ব্রাহ্মণ, দেবতা-মনুষ্যগণের মন দ্বারা যা দৃষ্ট, শ্রুত, অনুমিত, জ্ঞাত, প্রাপ্ত, নির্ণীত, ভাবিত, বিবেচিত, তা আমার অভিজ্ঞাত হয়েছে। তা তথাগতের বিদিত, অবিদিত নয়।

দেবলোক, ব্রহ্মলোক, মারভুবনসহ এ জগতে শ্রমণ-ব্রাহ্মণ, দেবতা-মনুষ্যগণের মন দ্বারা যা দৃষ্ট, শ্রুত, অনুমিত, জ্ঞাত, প্রাপ্ত, নির্ণীত, ভাবিত, বিবেচিত, তা আমি জানি বললে, আমার মিথ্যা বলা হবে না।

দেবলোক, ব্রহ্মলোক, মারভুবনসহ এ জগতে শ্রমণ-ব্রাহ্মণ, দেবতা-মনুষ্যগণের মন দ্বারা যা দৃষ্ট, শ্রুত, অনুমিত, জ্ঞাত, প্রাপ্ত, নির্ণীত, ভাবিত, বিবেচিত, তা আমি জানি। আবার জানি না বললে মিথ্যা বলা হবে। দেবলোক, ব্রহ্মলোক, মারভুবনসহ এ জগতে শ্রমণ-ব্রাহ্মণ, দেবতা-মনুষ্যগণের মন দ্বারা যা দৃষ্ট, শ্রুত, অনুমিত, জ্ঞাত, প্রাপ্ত, নির্ণীত, ভাবিত, বিবেচিত, তা আমি জানি না; আবার জানি না বললে আমার মিথ্যা বলা হবে।

এরূপে ভিক্ষুগণ, তথাগত দ্রষ্টব্য বিষয় দেখেন এবং দৃষ্ট বিষয় মনে স্থান দেন না; অদৃষ্ট বিষয় মনে স্থান দেন না, দর্শনীয় বিষয়ও মনে স্থান দেন না; অনুমান করেন, কিন্তু অনুমিতব্য মনে করেন না; অনুমানযোগ্য মনে করেন না, আবার অনুমিত বলেও মনে করেন না; অনুমানকারী মনে করেন না; জ্ঞাত হয়ে জ্ঞাতব্য মনে করেন না, জ্ঞাত মনে করেন না, অজ্ঞাত মনে করেন না, উপলব্ধি মনে করেন না। এভাবে, ভিক্ষুগণ, দৃষ্ট, শ্রুত, অনুমিত, জ্ঞাত বিষয়ে আগের বুদ্ধগণ যেরূপ, অনাগত বুদ্ধগণও সেরূপ। এ হতে অন্যতর অধিকতর উৎকৃষ্ট নয় বলে আমি বলি।”

“আছে যত দৃষ্ট, শ্রুত বা অনুমিত,
অপরের তা সত্য নহে, মিথ্যায় গৃহীত।
সংযত নাহি হয়, যদি কোনো জনে,
সত্যকে মিথ্যারূপে বলিবে তখনে।
যে বিষয়ে সত্ত্বগণ আসক্তিতে রত,
তাহা দেখি তথাগত হন অবগত।
বলেন তিনি জেনে আর দেখে দৃষ্টিশল্য,
তথাগতের নেই জান আসক্তিরূপ অন্য।” (চতুর্থ সূত্র)

ব্যাখ্যা [০]