লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

আজানীয় সূত্র (দ্বিতীয়)

“হে ভিক্ষুগণ, চারটি গুণে গুণান্বিত ভদ্র আজানেয় অশ্ব রাজার যোগ্য, রাজভোগ্য এবং রাজ অঙ্গরূপে বিবেচিত হয়। সেই চার প্রকার কী কী? ভিক্ষুগণ, রাজার ভদ্র অশ্ব বর্ণসমপদে সমৃদ্ধ, বলসম্পন্ন, গতিসম্পন্ন ও আরোহ পরিণাহ (দীর্ঘ বিস্তৃত) সম্পন্ন হয়। এই চারটি গুণে গুণান্বিত হয়ে ভদ্র আজানেয় অশ্ব রাজার যোগ্য, রাজভোগ্য এবং রাজার অঙ্গরূপে বিবেচিত হয়। ঠিক তদ্রূপ চার ধর্মে সমন্বিত ভিক্ষু ভক্তি বা পূজার যোগ্য, আতিথেয়তার যোগ্য, দানের যোগ্য, অঞ্জলির যোগ্য এবং জগতের অনুত্তর পুণ্যক্ষেত্র। সেই চার প্রকার কী কী? এ জগতে ভিক্ষু বর্ণসম্পন্ন, বলসম্পন্ন, গতিসম্পন্ন ও আরোহ পরিণাহ (লাভে আরোহী)-সম্পন্ন হয়।

ভিক্ষুগণ, কিরূপে ভিক্ষু বর্ণসম্পন্ন হয়? এ জগতে ভিক্ষু শীলবান, উত্তম আচার অনুশীলনে দক্ষ হয়। সামান্য দোষেও ভয় প্রদর্শন করে এবং শিক্ষাপদসমূহ উত্তমরূপে শিক্ষা করে। এরূপেই ভিক্ষু বর্ণসম্পন্ন হয়।

কিরূপে ভিক্ষু বলসম্পন্ন হয়? ভিক্ষুগণ, এ জগতে ভিক্ষু আরব্ধবীর্য সম্পন্ন হয়ে অবস্থান করে, অকুশলধর্মসমূহ পরিত্যাগ করে এবং কুশলধর্মসমূহ গ্রহণে নিয়ত বীর্যবান, দৃঢ় পরাক্রমশালী হয়ে কুশল ধর্মের কার্যভার অপরিত্যাগী হয়। এভাবেই ভিক্ষু বলসম্পন্ন হয়।

কীভাবে ভিক্ষু গতিবান বা প্রজ্ঞাসম্পন্ন হয়? এ জগতে ভিক্ষু আসবসমূহের ক্ষয়ে অনাসব হয়ে এ জীবনে স্বয়ং অভিজ্ঞা দ্বারা চিত্তবিমুক্তি ও প্রজ্ঞাবিমুক্তি উপলব্ধি করে অবস্থান করে। এরূপেই ভিক্ষু গতিবান বা প্রজ্ঞাসম্পন্ন হয়।

কিরূপে ভিক্ষু আরোহ পরিণাহ সম্পন্ন হয়? ভিক্ষুগণ, এ জগতে ভিক্ষু চীবর-পিণ্ডপাত-শয্যাসন-গিলান প্রত্যয়-ভৈষজ্যলাভী হয়। এভাবেই ভিক্ষু আরোহ পরিণাহসম্পন্ন হয়।

ভিক্ষুগণ, এই চার ধর্মে সমৃদ্ধ ভিক্ষু ভক্তি বা পূজার যোগ্য, আতিথেয়তার যোগ্য, দানের যোগ্য, অঞ্জলির যোগ্য এবং জগতের অনুত্তর পুণ্যক্ষেত্র।” (সপ্তম সূত্র)

ব্যাখ্যা [০]