লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

তমপরায়ণ সূত্র

“হে ভিক্ষুগণ, জগতে চার প্রকার পুদ্গল বিদ্যমান। সেই চার প্রকার কী কী? যথা : তম তমপরায়ণ, তম জ্যোতিঃপরায়ণ, জ্যোতি তমপরায়ণ, জ্যোতি জ্যোতিঃপরায়ণ।

কিরূপ পুদ্গল তমতমপরায়ণ? এ জগতে কোনো ব্যক্তি নীচকুলে জন্মগ্রহণ করে। যেমন : চণ্ডালকুলে, বেনকুলে, ব্যাধকুলে, চর্মকারকুলে, ঝাড়ুদারকুলে, অন্ন-পান-ভোজনে অভাবক্লিষ্ট দরিদ্রকুলে-যেখানে অতি দুঃখকষ্টে গ্রাসাচ্ছাদন লাভ হয়। সে দুর্বর্ণ, দুর্দর্শনীয়, কদাকার, বহুরোগগ্রস্ত, অন্ধ, খঞ্জ, পক্ষাঘাতগ্রস্ত হয়। অন্ন, পানীয়, বস্ত্র, যান, মালা-গন্ধদ্রব্য পেষণ-লেপন, শয্যাসন, আবাস, তৈল-প্রদীপ ইত্যাদি দ্রব্যসম্ভার লাভ করতে পারে না। সে কায়ে দুশ্চরিত আচরণ করে, বাক্যে দুশ্চরিত আচরণ করে, মনে দুশ্চরিত আচরণ করে। সেই কায়-বাক্য-মন দ্বারা দুশ্চরিত আচরণ করার ফলে দেহান্তে মরণের পর অপায় দুর্গতি নিরয়ে উৎপন্ন হয়। এরূপ পুদ্গল তমতমপরায়ণ।

কিরূপ পুদ্গল তমজ্যোতিপরায়ণ? এ জগতে কোনো ব্যক্তি নীচকুলে জন্মগ্রহণ করে। যেমন : চণ্ডালকুলে, বেনকুলে, ব্যাধকুলে, চর্মকারকুলে, ঝাড়ুদারকুলে, অন্ন-পান-ভোজনে অভাবক্লিষ্ট দরিদ্রকুলে-যেখানে অতি দুঃখকষ্টে গ্রাসাচ্ছাদন লাভ হয়। সে দুর্বর্ণ, দুর্দর্শনীয়, কদাকার, বহুরোগগ্রস্ত, অন্ধ, খঞ্জ, পক্ষাঘাতগ্রস্ত হয়। অন্ন, পানীয়, বস্ত্র, যান, মালা-গন্ধদ্রব্য পেষণ-লেপন, শয্যাসন, আবাস, তৈল-প্রদীপ ইত্যাদি দ্রব্যসম্ভার লাভ করতে পারে না। কিন্তু সে কায়ে দুশ্চরিত আচরণ করে না, বাক্যে দুশ্চরিত আচরণ করে না, মনে দুশ্চরিত আচরণ করে না। সেই কায়-বাক্য-মন দ্বারা সুচরিত আচরণ করার ফলে দেহান্তে মরণের পর সুগতি স্বর্গে উৎপন্ন হয়। এরূপ পুদ্গল তমজ্যোতিপরায়ণ।

কিরূপ পুদ্গল জ্যোতিতমপরায়ণ? এ জগতে কোনো ব্যক্তি উচ্চকুলে জন্মগ্রহণ করে। যেমন : মহা বিত্তবান ক্ষত্রিয়কুলে, মহা বিত্তবান ব্রাহ্মণকুলে, মহা বিত্তবান গৃহপতিকুলে অথবা মহা ভোগ-সম্পদ, স্বর্ণ-রৌপ্য ও প্রভূত বিত্তোপকরণসম্পন্ন এবং ধন-ধান্যসম্পন্ন পরিবারে। সে অতি সুশ্রী, সুদর্শন, মনোহর ও উৎকৃষ্ট বর্ণবিশিষ্ট হয়। অন্ন, পানীয়, বস্ত্র, যান, মালা ও প্রসাধনীয় সুগন্ধ দ্রব্য, শয্যাসন, আবাস, প্রদীপ ইত্যাদি দ্রব্যসম্ভার লাভ করে। তবে সে কায়ে দুশ্চরিত আচরণ করে, বাক্যে দুশ্চরিত আচরণ করে, মনে দুশ্চরিত আচরণ করে। সেই কায়-বাক্য-মন দ্বারা দুশ্চরিত আচরণ করার ফলে দেহান্তে মরণের পর অপায় দুর্গতি বিনিপাত নিরয়ে উৎপন্ন হয়। এরূপ পুদ্গল জ্যোতিতমপরায়ণ।

কিরূপ পুদ্গল জ্যোতিজ্যোতিপরায়ণ? এ জগতে কোনো ব্যক্তি উচ্চকুলে জন্মগ্রহণ করে। যেমন : মহা বিত্তবান ক্ষত্রিয়কুলে, মহা বিত্তবান ব্রাহ্মণকুলে, মহা বিত্তবান গৃহপতিকুলে অথবা মহা ভোগ-সম্পদ, স্বর্ণ-রৌপ্য ও প্রভূত বিত্তোপকরণসম্পন্ন এবং ধন-ধান্যসম্পন্ন পরিবারে। সে অতি সুশ্রী, সুদর্শন, মনোহর ও উৎকৃষ্ট বর্ণবিশিষ্ট হয়। অন্ন, পানীয়, বস্ত্র, যান, মালা ও প্রসাধনীয় সুগন্ধ দ্রব্য, শয্যাসন, আবাস, প্রদীপ ইত্যাদি দ্রব্যসম্ভার লাভ করে। সে কায়ে সুচরিত আচরণ করে, বাক্যে সুচরিত আচরণ করে, মনে সুচরিত আচরণ করে। সেই কায়-বাক্য-মন দ্বারা সুচরিত আচরণ করার ফলে দেহান্তে মরণের পর সুগতি স্বর্গে উৎপন্ন হয়। এরূপ পুদ্গল জ্যোতিজ্যোতিপরায়ণ। এই চার প্রকার পুদ্গল জগতে বিদ্যমান।” (পঞ্চম সূত্র)

ব্যাখ্যা [০]