লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

অন্ধকবিন্দ সূত্র

একসময় ভগবান মগধ রাজ্যের অন্ধকবিন্দে অবস্থান করছিলেন। অনন্তর আয়ুষ্মান আনন্দ ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদনপূর্বক একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান আনন্দকে ভগবান এরূপ বললেন :

“হে আনন্দ, যে-সকল ভিক্ষু নবীন, অচির প্রব্রজিত এবং এই ধর্ম-বিনয়ে অধুনা আগত; আনন্দ, সেসকল ভিক্ষুদের পঞ্চবিধ ধর্ম হৃদয়ঙ্গম করা কর্তব্য, নিবিষ্ট হওয়া কর্তব্য এবং তা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করা কর্তব্য। পঞ্চ কী কী?

আবুসোগণ, এক্ষেত্রে তোমরা শীলবান হও। প্রাতিমোক্ষ সংবরে সংযত, আচার-গোচরসম্পন্ন, অণুমাত্র নিন্দনীয় আচরণেও ভয়দর্শী হয়ে অবস্থান কর এবং শিক্ষাপদসমূহ গ্রহণ করে চরিত্র গঠন কর। এরূপে প্রাতিমোক্ষ সংবর হৃদয়ঙ্গম করা কর্তব্য, নিবিষ্ট হওয়া কর্তব্য এবং তা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করা কর্তব্য।

আবুসোগণ, এক্ষেত্রে তোমরা ইন্দ্রিয়ে গুপ্তদ্বার, স্মৃতিরক্ষক, স্মৃতিতে বিচক্ষণ, সুরক্ষিত চিত্তের দ্বারা এবং জাগ্রত ও রক্ষিত চিত্তের দ্বারা সমন্নাগত হয়ে অবস্থান কর। এরূপে ইন্দ্রিয়-সংবর হৃদয়ঙ্গম করা কর্তব্য, নিবিষ্ট হওয়া কর্তব্য এবং তা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করা কর্তব্য।

আবুসোগণ, এক্ষেত্রে তোমরা অল্পভাষী ও পরিমিত ভাষী হও। এরূপে সীমিত ভাষণ হৃদয়ঙ্গম করা কর্তব্য, নিবিষ্ট হওয়া কর্তব্য এবং তা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করা কর্তব্য।

আবুসোগণ, এক্ষেত্রে তোমরা আরণ্যিক হও। অরণ্যে-বনপ্রান্তে শয়ন স্থান পরিভোগ কর। এরূপে কায়িক নির্জনতা হৃদয়ঙ্গম করা কর্তব্য, নিবিষ্ট হওয়া কর্তব্য এবং তা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করা কর্তব্য।

আবুসোগণ, এক্ষেত্রে তোমরা সম্যক দৃষ্টিসম্পন্ন ও সম্যক দর্শনের দ্বারা সমন্নাগত হও। এরূপে সম্যক দর্শন হৃদয়ঙ্গম করা কর্তব্য, নিবিষ্ট হওয়া কর্তব্য এবং তা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করা কর্তব্য।

আনন্দ, যে-সকল ভিক্ষু নবীন, অচির প্রব্রজিত এবং এই ধর্ম-বিনয়ে অধুনা আগত; আনন্দ, সেসকল ভিক্ষুদের এই পঞ্চবিধ ধর্ম হৃদয়ঙ্গম করা কর্তব্য, নিবিষ্ট হওয়া কর্তব্য এবং তা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করা কর্তব্য।”

অন্ধকবিন্দ সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]