লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

চীবর সূত্র

“হে ভিক্ষুগণ, পাংশুকুলিক পাঁচ প্রকার। কী কী?

মূর্খ ও মোহগ্রস্ততাহেতু কেউ কেউ পাংশুকুলিক হয়, পাপেচ্ছা ও ইচ্ছালোলুপবশে কেউ কেউ পাংশুকুলিক হয়, উন্মাদ ও চিত্তবিক্ষেপতার দরুন কেউ কেউ পাংশুকুলিক হয়, বুদ্ধগণ ও বুদ্ধশ্রাবকদের দ্বারা প্রশংসিত বিধায় কেউ কেউ পাংশুকুলিক হয় এবং কেউ কেউ অল্পেচ্ছুতা, সন্তুষ্টি, কঠোর সংযম (সল্লেখ), প্রবিবেক এবং এতেই যথেষ্ট, এরূপ সমর্থন করে পাংশুকুলিক হয়।

ভিক্ষুগণ, এই পাঁচ প্রকার পাংশুকুলিক আছে। ভিক্ষুগণ, এই পঞ্চবিধ পাংশুকুলিকদের মধ্যে যে পাংশুকুলিক অল্পেচ্ছুতা, সন্তুষ্টি, কঠোর সংযম, প্রবিবেক এবং এতেই যথেষ্ট, এরূপ সমর্থন করে পাংশুকুলিক হয়, সে-ই পঞ্চ পাংশুকুলিকদের মধ্যে অগ্র, শ্রেষ্ঠ, মোক্ষ, উত্তম ও প্রবর (পরমোৎকৃষ্ট)

যেমন, ভিক্ষুগণ, গরু হতে দুধ, দুধ হতে দধি, দধি হতে মাখন, মাখন হতে ঘৃত এবং ঘৃত হতে ঘৃতমণ্ড হয়। আর এ ঘৃতমণ্ডই অগ্র ও সর্বোত্তম হিসাবে বিবেচিত। ঠিক এরূপে, ভিক্ষুগণ, এই পঞ্চ পাংশুকুলিকদের মধ্যে যে পাংশুকুলিক অল্পেচ্ছুতা, সন্তুষ্টি, কঠোর সংযম, প্রবিবেক এবং এতেই যথেষ্ট, এরূপ সমর্থন করে পাংশুকুলিক হয়, সে-ই পঞ্চ পাংশুকুলিকদের মধ্যে অগ্র, শ্রেষ্ঠ, মোক্ষ, উত্তম ও প্রবর।”

চীবর সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]