লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

সিবথিকা শ্মশান সূত্র

“হে ভিক্ষুগণ, সিবথিকা শ্মশানের পাঁচ প্রকার আদীনব আছে। পাঁচ প্রকার কী কী? যথা :

অশুচি, দুর্গন্ধ, ভয়ানক, মূর্খ অমনুষ্যদের আবাস এবং বহুজনের ক্রন্দনের স্থান। ভিক্ষুগণ, সিবথিকা শ্মশানের এই পাঁচ প্রকার আদীনব আছে।

ঠিক তদ্রূপ, হে ভিক্ষুগণ, সিবথিকা শ্মশান সদৃশ পুদ্গলের পাঁচ প্রকার আদীনব আছে। পাঁচ প্রকার কী কী? যথা :

এক্ষেত্রে ভিক্ষুগণ, কোনো কোনো পুদ্গল (ব্যক্তি) অশুচি কায়-বাক্‌-মনঃকর্মের দ্বারা সমৃদ্ধ হয়। আমি বলি, ইহা হচ্ছে তার অশুচিতা। যেমন, ভিক্ষুগণ, সেই সিবথিকা শ্মশান অশুচি; আমি বলছি, সেই উপমা সদৃশই এই পুদ্গল।

সেই অশুচি কায়-বাক্‌ ও মনঃকর্মের দ্বারা সমৃদ্ধ জনের পাপকীর্তিশব্দ প্রচার হয়। আমি বলি, ইহা হচ্ছে তার দুর্গন্ধতা। যেমন, ভিক্ষুগণ, সেই সিবথিকা শ্মশান দুর্গন্ধময়; আমি বলছি, সেই উপমা সদৃশই এই পুদ্গল।

সেই অশুচি কায়-বাক্‌-মনঃকর্মের দ্বারা সমৃদ্ধ জনকে সদাচারী সব্রহ্মচারীরা দূর থেকে এড়িয়ে চলে। আমি বলি, ইহা হচ্ছে তার ভয়ানকতা। যেমন, ভিক্ষুগণ, সেই সিবথিকা শ্মশান ভয়ানক; আমি বলছি, সেই উপমা সর্দৃশই এই পুদ্গল।

সে অশুচি কায়-বাক্‌-মনঃকর্মের দ্বারা সমৃদ্ধ হয়ে সাধারণ ব্যক্তিদের সাথে বসবাস করে। আমি বলি, ইহা হচ্ছে তার মূর্খবৎ বাস করা। যেমন, ভিক্ষুগণ, সেই সিবথিকা শ্মশান মূর্খ-অমনুষ্যদের আবাস; আমি বলছি, সেই উপমা সদৃশই এই পুদ্গল।

সেই অশুচি কায়-বাক্‌-মনঃকর্মের দ্বারা সমৃদ্ধ জনকে সদাচারী সব্রহ্মচারীরা দেখে নিরানন্দ প্রাপ্ত হয়ে বলে : ‘অহো! সত্যিই আমাদের দুঃখ যে, আমরা এরূপ ব্যক্তিদের সাথে সহবস্থান করছি।’ আমি বলি, ইহা হচ্ছে তার দরুন সৃষ্ট ক্রন্দন। যেমন, ভিক্ষুগণ, সেই সিবথিকা শ্মশান বহুজনের ক্রন্দনের স্থান; আমি বলছি, সেই উপমা সদৃশ এই পুদ্গল। ভিক্ষুগণ, সিবথিকা শ্মশান সদৃশ পুদ্গলের এই পাঁচ প্রকার আদীনব আছে।”

সিবথিকা শ্মশান সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]