লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

বিমুক্তায়তন সূত্র

“হে ভিক্ষুগণ, পাঁচ প্রকার বিমুক্ত-আয়তন আছে, যে বিষয়ে অপ্রমত্ত, আগ্রহশীল ও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে অবস্থানকারী ভিক্ষুর অবিমুক্তচিত্ত বিমুক্ত হয়; অপরিক্ষীণ আসবসমূহ পরিক্ষয় হয় এবং অলব্ধ অনুত্তর যোগক্ষেম অধিগত হয়।

সেই পাঁচ প্রকার বিমুক্ত-আয়তন কী কী? ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষুকে শাস্তা বা অন্য গুরুস্থানীয় সব্রহ্মচারী ধর্মদেশনা করেন। যতদূর পর্যন্ত ভিক্ষুগণ, সেই ভিক্ষুকে শাস্তা বা অন্য গুরুস্থানীয় সব্রহ্মচারী ধর্মদেশনা করেন; ঠিক ততদূর পর্যন্ত সে সেই ধর্মের অর্থ অভিজ্ঞাত হয় এবং ধর্ম অভিজ্ঞাত হয়। তার অর্থ ও ধর্ম অভিজ্ঞাতহেতু প্রমোদিত ভাব উৎপন্ন হয়। প্রমোদিত ভাব উৎপন্নহেতু প্রীতি উৎপন্ন হয়। প্রীতি উৎপন্নহেতু কায় প্রশান্ত হয়। প্রশান্তকায়ে সুখ উপলব্ধ হয় এবং সুখীজন চিত্ত-সমাধি প্রাপ্ত হয়। ভিক্ষুগণ, ইহা হচ্ছে প্রথম বিমুক্ত-আয়তন, যাতে অপ্রমত্ত, আগ্রহশীল ও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে অবস্থানকারী ভিক্ষুর অবিমুক্তচিত্ত বিমুক্ত হয়; অপরিক্ষীণ আসবসমূহ পরিক্ষয় হয় এবং অলব্ধ অনুত্তর যোগক্ষেম অধিগত হয়।

পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুকে শাস্তা বা অন্য গুরুস্থানীয় সব্রহ্মচারী ধর্মদেশনা করেন না, কিন্তু তিনি নিজে যা শুনেছেন এবং হৃদয়স্থ করেছেন তা অন্যদের বিস্তারিতভাবে দেশনা করেন। যতদূর পর্যন্ত, ভিক্ষুগণ, ভিক্ষু অপরের নিকট যথানুরূপ শ্রুত ও হৃদয়স্থ ধর্ম বিস্তারিতভাবে দেশনা করে; ঠিক ততদূর পর্যন্ত সে সেই ধর্মের অর্থ অভিজ্ঞাত হয় এবং ধর্ম অভিজ্ঞাত হয়। তার অর্থ ও ধর্ম অভিজ্ঞাতহেতু প্রমোদিত ভাব উৎপন্ন হয়। প্রমোদিত ভাব উৎপন্নহেতু প্রীতি উৎপন্ন হয়। প্রীতি উৎপন্নহেতু কায় প্রশান্ত হয়। প্রশান্তকায়ে সুখ উপলব্ধ হয় এবং সুখীজন চিত্ত-সমাধি প্রাপ্ত হয়। ভিক্ষুগণ, ইহা হচ্ছে দ্বিতীয় বিমুক্ত-আয়তন, যাতে অপ্রমত্ত, আগ্রহশীল ও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে অবস্থানকারী ভিক্ষুর অবিমুক্তচিত্ত বিমুক্ত হয়; অপরিক্ষীণ আসবসমূহ পরিক্ষয় হয় এবং অলব্ধ অনুত্তর যোগক্ষেম অধিগত হয়।

পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুকে শাস্তা বা অন্য গুরুস্থানীয় সব্রহ্মচারী ধর্মদেশনা করেন না এবং সেও অপরের নিকট যথানুরূপ শ্রুত এবং হৃদয়স্থ ধর্ম বিস্তারিতভাবে দেশনা করে না; অধিকন্তু, সে যথানুরূপ শ্রুত এবং হৃদয়স্থ ধর্ম বিস্তারিতভাবে স্বাধ্যয়ন করে। যতদূর পর্যন্ত, ভিক্ষুগণ, ভিক্ষু যথানুরূপ শ্রুত এবং হৃদয়স্থ ধর্ম বিস্তারিতভাবে স্বাধ্যয়ন করে; ঠিক ততদূর পর্যন্ত সে সেই ধর্মের অর্থ অভিজ্ঞাত হয় এবং ধর্ম অভিজ্ঞাত হয়। তার অর্থ ও ধর্ম অভিজ্ঞাতহেতু প্রমোদিত ভাব উৎপন্ন হয়। প্রমোদিত ভাব উৎপন্নহেতু প্রীতি উৎপন্ন হয়। প্রীতি উৎপন্নহেতু কায় প্রশান্ত হয়। প্রশান্ত কায়ে সুখ উপলব্ধ হয় এবং সুখীজন চিত্ত-সমাধি প্রাপ্ত হয়। ভিক্ষুগণ, ইহা হচ্ছে তৃতীয় বিমুক্ত-আয়তন, যাতে অপ্রমত্ত, আগ্রহশীল ও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে অবস্থানকারী ভিক্ষুর অবিমুক্তচিত্ত বিমুক্ত হয়; অপরিক্ষীণ আসবসমূহ পরিক্ষয় হয় এবং অলব্ধ অনুত্তর যোগক্ষেম অধিগত হয়।

পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুকে শাস্তা বা অন্য গুরুস্থানীয় সব্রহ্মচারী ধর্মদেশনা করেন না। সেও অপরের নিকট যথানুরূপ শ্রুত এবং হৃদয়স্থ ধর্ম বিস্তারিতভাবে দেশনা করে না; এবং যথানুরূপ শ্রুত ও হৃদয়স্থ ধর্ম বিস্তারিতভাবে অধ্যয়নও করে না। অধিকন্তু, সে যথানুরূপ শ্রুত, হৃদয়স্থ ধর্ম চিত্তের দ্বারা অনুবির্তক ও বিচার করে এবং মনের দ্বারা উত্তমরূপে বিবেচনা করে। যতদূর পর্যন্ত ভিক্ষুগণ, ভিক্ষু যথানুরূপ শ্রুত ও হৃদয়স্থ ধর্ম চিত্তের দ্বারা অনুবির্তক ও বিচার করে এবং মনের দ্বারা উত্তমরূপে বিবেচনা করে; ঠিক ততদূর পর্যন্ত সে সেই ধর্মের অর্থ অভিজ্ঞাত হয় এবং ধর্ম অভিজ্ঞাত হয়। তার অর্থ ও ধর্ম অভিজ্ঞাতহেতু প্রমোদিত ভাব উৎপন্ন হয়। প্রমোদিত ভাব উৎপন্নহেতু প্রীতি উৎপন্ন হয়। প্রীতি উৎপন্নহেতু কায় প্রশান্ত হয়। প্রশান্তকায়ে সুখ উপলব্ধ হয় এবং সুখীজন চিত্ত-সমাধি প্রাপ্ত হয়। ভিক্ষুগণ, ইহা হচ্ছে চতুর্থ বিমুক্ত-আয়তন, যাতে অপ্রমত্ত আগ্রহশীল ও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে অবস্থানকারী ভিক্ষুর অবিমুক্তচিত্ত বিমুক্ত হয়; অপরিক্ষীণ আসবসমূহ পরিক্ষয় হয় এবং অলব্ধ অনুত্তর যোগক্ষেম অধিগত হয়।

পুনশ্চ, ভিক্ষুগণ, ভিক্ষুকে শাস্তা বা অন্য গুরুস্থানীয় সব্রহ্মচারী ধর্মদেশনা করেন না। সেও অপরের নিকট যথানুরূপ শ্রুত এবং হৃদয়স্থ ধর্ম বিস্তারিতভাবে দেশনা করে না; এবং যথানুরূপ শ্রুত ও হৃদয়স্থ ধর্ম বিস্তারিতভাবে অধ্যয়নও করে না। সে যথানুরূপ শ্রুত ও হৃদয়স্থ ধর্ম চিত্তের দ্বারা অনুবির্তক ও বিচার করে না এবং মনের দ্বারা উত্তরূপে বিবেচনাও করে না। অধিকন্তু, তার দ্বারা অন্যতর সমাধি-নিমিত্ত সুগৃহীত হয়, উত্তমরূপে মননকৃত হয়, উত্তমরূপে উপধারিত হয় এবং প্রজ্ঞার দ্বারা সুপ্রতিবিদ্ধ হয়। যতদূর পর্যন্ত, ভিক্ষুগণ, ভিক্ষুর দ্বারা অন্যতর সমাধি-নিমিত্ত সুগৃহীত হয়, উত্তমরূপে মননকৃত হয়, উত্তমরূপে উপধারিত হয় এবং প্রজ্ঞার দ্বারা সুপ্রতিবিদ্ধ হয়; ঠিক ততদূর পর্যন্ত সেই ধর্মের অর্থ ও ধর্ম অভিজ্ঞাত হয়। তার অর্থ ও ধর্ম অভিজ্ঞাতহেতু প্রমোদিত ভাব উৎপন্ন হয়। প্রমোদিত ভাব উৎপন্নহেতু প্রীতি উৎপন্ন হয়। প্রীতি উৎপন্নহেতু কায় প্রশান্ত হয়। প্রশান্ত কায়ে সুখ উপলব্ধ হয় এবং সুখীজন চিত্ত-সমাধি প্রাপ্ত হয়। ভিক্ষুগণ, ইহা হচ্ছে পঞ্চম বিমুক্ত-আয়তন, যাতে অপ্রমত্ত আগ্রহশীল ও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে অবস্থানকারী ভিক্ষুর অবিমুক্তচিত্ত বিমুক্ত হয়; অপরিক্ষীণ আসবসমূহ পরিক্ষয় হয় এবং অলব্ধ অনুত্তর যোগক্ষেম অধিগত হয়।

হে ভিক্ষুগণ, এই সমস্ত হচ্ছে পাঁচ প্রকার বিমুক্ত-আয়তন। যে বিষয়ে অপ্রমত্ত আগ্রহশীল ও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে অবস্থানকারী ভিক্ষুর অবিমুক্তচিত্ত বিমুক্ত হয়; অপরিক্ষীণ আসবসমূহ পরিক্ষয় হয় এবং অলব্ধ অনুত্তর যোগক্ষেম অধিগত হয়।”

বিমুক্ত-আয়তন সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]