“হে ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্ম ভাবিত ও বহুলীকৃত হলে চিত্তবিমুক্তিফল ও চিত্তবিমুক্তি ফলানিশংস এবং প্রজ্ঞাবিমুক্তিফল ও প্রজ্ঞাবিমুক্তি ফলানিশংস লাভ হয়।
পঞ্চ কী কী? যথা : অনিত্যসংজ্ঞা, দুঃখসংজ্ঞা, দুঃখে অনাত্মসংজ্ঞা, প্রহাণসংজ্ঞা এবং বিরাগসংজ্ঞা। ভিক্ষুগণ, এই পাঁচটি ধর্ম ভাবিত ও বহুলীকৃত হলে চিত্তবিমুক্তিফল ও চিত্তবিমুক্তি ফলানিশংস এবং প্রজ্ঞাবিমুক্তিফল ও প্রজ্ঞাবিমুক্তি ফলানিশংস লাভ হয়। যেহেতেু ভিক্ষুগণ, ভিক্ষু চিত্তবিমুক্ত ও প্রজ্ঞাবিমুক্ত হয়, তাই তাকে বলা যায়, ‘ইনি প্রতিবন্ধকহীন; পরিপূর্ণ দুর্গ-পরিখা (ঘাত); ওনার নগরদ্বারে প্রোথিত দৃঢ়স্তম্ভ উৎপাটিত; ইনি অর্গলহীন (বাধাহীন); আর্য, নিম্নে পতিত ধ্বজা; বোঝা অবনমিত; এবং বিসংযুক্ত (কোনো কিছু হতে বিচ্ছিন্ন)।
ভিক্ষুগণ, কিরূপে ভিক্ষু প্রতিবন্ধকহীন হয়?
এক্ষেত্রে ভিক্ষুগণ, ভিক্ষুর অবিদ্যা প্রহীন হয়, উচ্ছিন্নমূল হয়, সমূলে তালবৃক্ষ উৎপাটনের ন্যায় উৎপাটিত হয়, পুনঃ উৎপন্ন হওয়ার শক্তি রহিত হয় এবং অনুৎপাদধর্মী হয়। ভিক্ষুগণ, এরূপে ভিক্ষু প্রতিবন্ধকহীন হয়।
ভিক্ষুগণ, কিরূপে ভিক্ষু পরিপূর্ণ দুর্গ-পরিখা হয়?
এক্ষেত্রে ভিক্ষুগণ, ভিক্ষুর পুনর্জন্ম গ্রহণের অধীনতা প্রহীন হয়, উচ্ছিন্নমূল হয়, সমূলে তালবৃক্ষ উৎপাটনের ন্যায় উৎপাটিত হয়, পুনঃ উৎপন্ন হওয়ার শক্তি রহিত হয় এবং অনুৎপাদধর্মী হয়। ভিক্ষুগণ, এরূপে ভিক্ষু পরিপূর্ণ দুর্গ-পরিখা হয়।
ভিক্ষুগণ, কিরূপে ভিক্ষুর নগরদ্বারে প্রোথিত দৃঢ়স্তম্ভ উৎপাটিত হয়?
এক্ষেত্রে ভিক্ষুগণ, ভিক্ষুর তৃষ্ণা প্রহীন হয়, উচ্ছিন্নমূল হয়, সমূলে তালবৃক্ষ উৎপাটনের ন্যায় উৎপাটিত হয়, পুনঃ উৎপন্ন হওয়ার শক্তি রহিত হয় এবং অনুৎপাদধর্মী হয়। এরূপে, ভিক্ষুগণ, ভিক্ষুর নগরদ্বারে প্রোথিত দৃঢ়স্তম্ভ উৎপাটিত হয়।
ভিক্ষুগণ, কিরূপে ভিক্ষু অর্গলহীন হয়?
এক্ষেত্রে ভিক্ষুগণ, ভিক্ষুর পঞ্চবিধ অধঃভাগীয় সংযোজন প্রহীন হয়, উচ্ছিন্নমূল হয়, সমূলে তালবৃক্ষ উৎপাটনের ন্যায় উৎপাটিত হয়, পুনঃ উৎপন্ন হওয়ার শক্তি রহিত হয় এবং অনুৎপাদধর্মী হয়। এরূপে, ভিক্ষুগণ, ভিক্ষু অর্গলহীন হয়।
ভিক্ষুগণ, কিরূপে ভিক্ষু আর্য, নিম্নে পতিত ধ্বজা, বোঝা অবনমিত এবং বিসংযুক্ত হয়?
এক্ষেত্রে ভিক্ষুগণ, ভিক্ষুর আমিত্বরূপ মান প্রহীন হয়, উচ্ছিন্নমূল হয়, সমূলে তালবৃক্ষ উৎপাটনের ন্যায় উৎপাটিত হয়, পুনঃ উৎপন্ন হওয়ার শক্তি রহিত হয় এবং অনুৎপাদধর্মী হয়। এরূপে, ভিক্ষুগণ, ভিক্ষু আর্য, নিম্নে পতিত ধ্বজা, বোঝা অবনমিত এবং বিসংযুক্ত হয়।”
দ্বিতীয় চিত্তবিমুক্তিফল সূত্র সমাপ্ত।
ব্যাখ্যা [০]