লোড হচ্ছে

অনুবাদসমূহ [২০]

তৃতীয় অনাগত ভয় সূত্র

“হে ভিক্ষুগণ, পাঁচ প্রকার অনাগত ভয় বর্তমানে অনুদিত; কিন্তু ভবিষ্যৎ-এ উদিত হবে। তাই তোমাদের সর্তক থাকতে হবে। সতর্ক থেকে তৎসমস্ত ত্যাগের নিমিত্ত প্রচেষ্টা করতে হবে। পঞ্চ কী কী?

ভিক্ষুগণ, দীর্ঘ সময় পর অনাগতে ভিক্ষুরা অভাবিত কায়, অভাবিত শীল, অভাবিত চিত্ত এবং অভাবিত প্রজ্ঞাসম্পন্ন হবে। তারা অভাবিত কায়, অভাবিত শীল, অভাবিত চিত্ত এবং অভাবিত প্রজ্ঞাসম্পন্ন হয়ে সমকক্ষ অপরকে উপসম্পদা প্রদান করবে (ভিক্ষুরূপে প্রতিষ্ঠিত করবে)। এবং সত্যি তারা উপসম্পন্নদের অধিশীল, অধিচিত্ত ও অধিপ্রজ্ঞার শিক্ষা দিতে সক্ষম হবে না। ফলে তারাও হবে অভাবিত কায়, অভাবিত শীল, অভাবিত চিত্ত এবং অভাবিত প্রজ্ঞাসম্পন্ন। তারা অভাবিত কায়, অভাবিত শীল, অভাবিত চিত্ত এবং অভাবিত প্রজ্ঞাসম্পন্ন হয়ে সমকক্ষ অপরকে উপসম্পদা প্রদান করবে। এবং তারাও উপসম্পন্নদের অধিশীল, অধিচিত্ত ও অধিপ্রজ্ঞার শিক্ষা দিতে সক্ষম হবে না। ফলে তারাও হবে অভাবিত কায়, অভাবিত শীল ও অভাবিত প্রজ্ঞাসম্পন্ন। ভিক্ষুগণ, এইরূপে ধর্ম-দূষণের দ্বারা বিনয় দূষিত হবে। বিনয়-দূষণের দ্বারা ধর্ম দূষিত হবে। ভিক্ষুগণ, ইহা হচ্ছে প্রথম অনাগত ভয় যা বর্তমানে অনুদিত; কিন্তু ভবিষ্যতে উদিত হবে। তাই তোমাদের সর্তক থাকতে হবে। সতর্ক থেকে তৎসমস্ত প্রহাণের জন্য প্রচেষ্টা করতে হবে।

পুনশ্চ, ভিক্ষুগণ, দীর্ঘ সময় পর অনাগতে ভিক্ষুরা অভাবিত কায়, অভাবিত শীল, অভাবিত চিত্ত এবং অভাবিত প্রজ্ঞাসম্পন্ন হবে। তারা অভাবিত কায়, অভাবিত শীল, অভাবিত চিত্ত এবং অভাবিত প্রজ্ঞাসম্পন্ন হয়ে সমকক্ষ অপরকে নিশ্রয় প্রদান করবে। এবং সত্যিই তারা তাদের (নিশ্রয় প্রাপ্তদের) অধিশীল, অধিচিত্ত ও অধিপ্রজ্ঞার শিক্ষা দিতে সক্ষম হবে না। ফলে তারাও হবে অভাবিত কায়, অভাবিত শীল, অভাবিত চিত্ত এবং অভাবিত প্রজ্ঞাসম্পন্ন। তারা অভাবিত কায়, অভাবিত শীল, অভাবিত চিত্ত এবং অভাবিত প্রজ্ঞাসম্পন্ন হয়ে সমকক্ষ অপরকে নিশ্রয় প্রদান করবে। এবং তারাও নিশ্রয় প্রাপ্তদের অধিশীল, অধিচিত্ত ও অধিপ্রজ্ঞার শিক্ষা দিতে সক্ষম হবে না। ফলে তারাও হবে অভাবিত কায়, অভাবিত শীল ও অভাবিত প্রজ্ঞারসম্পন্ন। ভিক্ষুগণ, এইরূপে ধর্ম দূষণের দ্বারা বিনয় দূষিত হবে। বিনয় দূষণের দ্বারা ধর্ম দূষিত হবে। ভিক্ষুগণ, ইহা হচ্ছে দ্বিতীয় অনাগত ভয় যা বর্তমানে অনুদিত; কিন্তু ভবিষ্যতে উদিত হবে। তাই তোমাদের সর্তক থাকতে হবে। সতর্ক থেকে তৎসমস্ত প্রহাণের জন্য প্রচেষ্টা করতে হবে।

পুনশ্চ, ভিক্ষুগণ, দীর্ঘ সময় পর অনাগতে ভিক্ষুরা অভাবিত কায়, অভাবিত শীল, অভাবিত চিত্ত এবং অভাবিত প্রজ্ঞাসম্পন্ন হবে। তারা অভাবিত কায়, অভাবিত শীল, অভাবিত চিত্ত এবং অভাবিত প্রজ্ঞাসম্পন্ন হয়ে অভিধর্ম, বেদল্ল ভাষণকালে যথাযথ অর্থ জ্ঞাত হবে না। অধিকন্তু কৃষ্ণধর্মে (পাপ) প্রবিষ্টমান হবে। ভিক্ষুগণ, এরূপে ধর্ম-দূষণের দ্বারা বিনয় দূষিত হবে। বিনয়-দূষণের দ্বারা ধর্ম দূষিত হবে। ভিক্ষুগণ, ইহা হচ্ছে তৃতীয় অনাগত ভয় যা বর্তমানে অনুদিত; কিন্তু ভবিষ্যতে উদিত হবে। তাই তোমাদের সতর্ক থাকতে হবে। সতর্ক থেকে তৎসমস্ত প্রহাণের জন্য প্রচেষ্টা করতে হবে।

পুনশ্চ, ভিক্ষুগণ, দীর্ঘ সময় পর অনাগতে ভিক্ষুরা অভাবিত কায়, অভাবিত শীল, অভাবিত চিত্ত এবং অভাবিত প্রজ্ঞাসম্পন্ন হবে। তারা অভাবিত কায়, অভাবিত শীল, অভাবিত চিত্ত এবং অভাবিত প্রজ্ঞাসম্পন্ন হয়ে যে-সমস্ত উপদেশাদি তথাগত কর্তৃক ভাষিত, গম্ভীর, গম্ভীর অর্থ, লোকোত্তর, শূন্যতাসংযুক্ত; তা আবৃত্তিকালে শ্রবণ করবে না, শ্রোত্রে মনোসংযোগ করবে না, অপর চিত্ত উপস্থাপিত করবে না এবং সেই ধর্মাদি শিক্ষা করা উচিত, আয়ত্ত আনা উচিত বলে মনে করবে না। কিন্তু যে-সমস্ত উপদেশাদি ছন্দোবদ্ধভাবে রচিত, কাব্য, ভাব সৌন্দর্যপূর্ণ, চিত্তব্যঞ্জন, অন্যতীর্থিয় শ্রাবকদের কর্তৃক ভাষিত, তা আবৃত্তিকালে শ্রবণ করবে; শ্রোত্রে মনোসংযোগ করবে, অপর চিত্ত উপস্থাপিত করবে এবং সেই ধর্মাদি শিক্ষা করা উচিত, আয়ত্তে আনা উচিত বলে মনে করবে। ভিক্ষুগণ, এরূপে ধর্ম-দূষণের দ্বারা বিনয় দূষিত হবে। বিনয়-দূষণের দ্বারা ধর্ম দূষিত হবে। ভিক্ষুগণ, ইহা হচ্ছে চতুর্থ অনাগত ভয় যা বর্তমানে অনুদিত; কিন্তু ভবিষ্যতে উদিত হবে। তাই তোমাদের সর্তক থাকতে হবে। সতর্ক থেকে তৎসমস্ত প্রহাণের জন্য প্রচেষ্টা করতে হবে।

পুনশ্চ, ভিক্ষুগণ, দীর্ঘ সময় পর অনাগতে ভিক্ষুরা অভাবিত কায়, অভাবিত শীল, অভাবিত চিত্ত এবং অভাবিত প্রজ্ঞাসম্পন্ন হবে। তারা অভাবিত কায়, অভাবিত শীল, অভাবিত চিত্ত এবং অভাবিত প্রজ্ঞাসম্পন্ন হয়ে স্থবির ভিক্ষুরা বিলাসী হবে, নীতিহীন, নীতিস্খলনের প্রস্তাবক, প্রবিবেকধুর ত্যাগকারী হবে। তারা অপ্রাপ্ত বিষয় প্রাপ্তির জন্য, অনধিগত বিষয় অধিগতের জন্য এবং অনুপলব্ধ বিষয় উপলব্ধির জন্য বীর্যারম্ভ (প্রচেষ্টা) করবে না। তাদের পরবর্তী জনেরাও ভ্রান্ত দর্শনের দরুন একই পথে প্রবিষ্ট হবে। তারাও বিলাসী হবে, নীতিহীন, নীতিস্খলনের প্রস্তাবক, প্রবিবেকধুর ত্যাগকারী হবে। তারা অপ্রাপ্ত বিষয় প্রাপ্তির জন্য, অনধিগত বিষয় অধিগতের জন্য এবং অনুপলব্ধ বিষয় উপলব্ধির জন্য বীর্যারম্ভ (প্রচেষ্টা) করবে না। ভিক্ষুগণ, এরূপে ধর্ম দূষণের দ্বারা বিনয় দূষিত হবে। বিনয় দূষণের দ্বারা ধর্ম দূষিত হবে। ভিক্ষুগণ, ইহা হচ্ছে পঞ্চম অনাগত ভয় যা বর্তমানে অনুদিত; কিন্তু ভবিষ্যতে উদিত হবে। তাই তোমাদের সর্তক থাকতে হবে। সতর্ক থেকে তৎসমস্ত প্রহাণের জন্য প্রচেষ্টা করতে হবে।

হে ভিক্ষুগণ, এই পাঁচ প্রকার অনাগত ভয় বর্তমানে অনুদিত; কিন্তু ভবিষ্যতে উদিত হবে। তাই তোমাদের সর্তক থাকতে হবে। সতর্ক থেকে তৎসমস্ত প্রহাণের জন্য প্রচেষ্টা করতে হবে।”

তৃতীয় অনাগত ভয় সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]