একসময় বহু স্থবির ভিক্ষু বারাণসীর নিকটস্থ ঋষিপতনের মৃগদায়ে অবস্থান করছিলেন। সেই স্থবির ভিক্ষুরা পিণ্ডচারণ হতে প্রত্যাবর্তনের এবং আহারকৃত্য সম্পাদনের পর মণ্ডলমালে (বা ভোজনশালায়) বসে এরূপ আলোচনা করতে লাগলেন :
“বন্ধুগণ, ভাবনাকারী ভিক্ষুকে দর্শনের জন্য গমন করার উপযুক্ত সময় কয়টি?”
এরূপে আলোচনার সূত্রপাত হলে জনৈক ভিক্ষু স্থবির ভিক্ষুদের বললেন :
“আবুসোগণ, যে-সময়ে ভাবনাকারী ভিক্ষু পিণ্ডচারণ সমাপনে আহারকৃত্য সমাধা করে পাদপ্রক্ষালনপূর্বক পর্যঙ্কাবদ্ধ (পদ্মাসন) হয়ে দেহকে ঋজুভাবে রেখে, সম্মুখে স্মৃতি উপস্থাপিত করে উপবেশন করেন, সেই সময়ই তাকে দর্শনের জন্য উপযুক্ত।”
এরূপ বলা হলে অন্য এক ভিক্ষু সেই স্থবির ভিক্ষুদের বললেন :
“নহে, আবুসো, ভাবনাকারী ভিক্ষুকে দর্শনের জন্য গমনের উপযুক্ত সময় তা নয়। কেননা, আবুসো, যখন ভাবনাকারী ভিক্ষু পিণ্ডচারণ ও আহারকৃত্য সমাপনে পাদপ্রক্ষালনপূর্বক পদ্মাসনে দেহকে ঋজুভাবে রেখে সম্মুখে স্মৃতি উপস্থাপিত করে উপবেশন করেন, কিন্তু পিণ্ডচারণ বা ভুক্ত খাদ্যের দরুন তিনি অবসন্ন বোধ করেন এবং ক্লান্ত হন। তাই, ভাবনাকারী ভিক্ষুকে দর্শনের জন্য গমনের উপযুক্ত সময় তা নয়। আবুসো, যখন ভাবনাকারী ভিক্ষু সন্ধ্যাকালীন সময়ে নির্জনতা হতে উত্থিত হয়ে আবাসের ছায়াময় স্থানে পদ্মাসনে বসে দেহকে ঋজুভাবে রেখে সম্মুখে স্মৃতি উপস্থাপিত করে উপবেশন করেন, সেই সময়ই তাকে দর্শনের জন্য গমন করার উপযুক্ত।”
এরূপ বলা হলে অন্য আর এক ভিক্ষু সেই ভিক্ষুকে বললেন :
“নহে আবুসো, ভাবনাকারী ভিক্ষুকে দর্শনের জন্য গমনের উপযুক্ত সময় তা নয়। কেননা, আবুসো, যখন ভাবনাকারী ভিক্ষু সন্ধ্যাকালীন সময়ে নির্জনতা হতে উত্থিত হয়ে আবাসের ছায়াময় স্থানে পদ্মাসনে বসে দেহকে ঋজুভাবে রেখে সম্মুখে স্মৃতি উপস্থাপিত করে উপবেশন করেন, সেই সময়ে দিনের বেলায় গৃহীত ভাবনার নিমিত্তাদি তার চিত্তে উদিত হয়। তাই, আবুসো, ভাবনাকারী ভিক্ষুকে দর্শনের জন্য গমনের উপযুক্ত সময় তা নয়। আবুসো, যখন ভাবনাকারী ভিক্ষু রাত্রির অন্তিম যামে জাগ্রত হয়ে পদ্মাসনে বসে দেহকে ঋজুভাবে রেখে সম্মুখে স্মৃতি উপস্থাপিত করে উপবেশন করেন, সেই সময়ই তাকে দর্শনের জন্য গমন করার উপযুক্ত।”
এরূপ বলা হলে অন্য আরেক ভিক্ষু সেই ভিক্ষুকে বললেন :
“নহে আবুসো, ভাবনাকারী ভিক্ষুকে দর্শনের জন্য গমনের উপযুক্ত সময় তা নয়। কেননা, আবুসো, যখন ভাবনাকারী ভিক্ষু রাত্রির অন্তিম যামে জাগ্রত হয়ে পদ্মাসনে বসে দেহকে ঋজুভাবে রেখে সম্মুখে স্মৃতি উপস্থাপিত করে উপবেশন করেন, সেই সময়ে তার শরীর রসপূর্ণ হয় এবং বুদ্ধের শাসনে বা শিক্ষায় গভীরভাবে মনোনিবেশ করতে সক্ষম হন। তাই, ভাবনাকারী ভিক্ষুকে দর্শনের জন্য গমনের উপযুক্ত সময় তা নয়।”
এরূপ বলার পর আয়ুষ্মান মহাকাত্যায়ন স্থবির ভিক্ষুদের বললেন :
“হে আবুসোগণ, আমি ভগবানের নিকট শুনেছি এবং ধারণ করেছি যে, “হে ভিক্ষু, ভাবনাকারী ভিক্ষুকে দর্শনের জন্য গমনের উপযুক্ত সময় ছয় প্রকার। সেই ছয় প্রকার বিষয় কী কী? যথা :
এক্ষেত্রে, ভিক্ষু, যে-সময়ে কোনো ভিক্ষু কামরাগে পর্যুদস্ত ও কামরাগে উৎপীড়িত চিত্তে অবস্থান করে, উৎপন্ন কামরাগের নিঃসরণ বা প্রতিকার যথার্থরূপে জানে না। সেই সময়ে ভাবনাকারী ভিক্ষুর নিকট উপস্থিত হয়ে তার এরূপ বলা উচিত : ‘আবুসো, আমি কামরাগে পর্যুদস্ত ও পরাস্ত চিত্তে অবস্থান করি এবং উৎপন্ন কামরাগের বিনাশ বা নিঃসরণ যথার্থরূপে জানি না। সত্যিই, আয়ুষ্মান, তা উত্তম হয় যদি আপনি আমাকে কামরাগ প্রহাণের জন্য ধর্মদেশনা প্রদান করেন।’ তাকে ভাবনাকারী ভিক্ষু কামরাগ প্রহাণের জন্য ধর্মদেশনা প্রদান করেন। ভিক্ষু, ইহা হচ্ছে ভাবনাকারী ভিক্ষুকে দর্শনের জন্য গমন করার প্রথম উপযুক্ত সময়।
পুনশ্চ, ভিক্ষু, যে-সময়ে কোনো ভিক্ষু ব্যাপাদে পর্যুদস্ত ও ব্যাপাদে উৎপীড়িত চিত্তে অবস্থান করে, উৎপন্ন ব্যাপাদের নিঃসরণ বা প্রতিকার যথার্থরূপে জানে না। সেই সময়ে ভাবনাকারী ভিক্ষুর নিকট উপস্থিত হয়ে তার এরূপ বলা উচিত : ‘আবুসো, আমি ব্যাপাদে পর্যুদস্ত ও পরাস্ত চিত্তে অবস্থান করি এবং উৎপন্ন ব্যাপাদের বিনাশ বা নিঃসরণ যথার্থরূপে জানি না। সত্যিই, আয়ুষ্মান, তা উত্তম হয় যদি আপনি আমাকে ব্যাপাদ প্রহাণের জন্য ধর্মদেশনা প্রদান করেন।’ তাকে ভাবনাকারী ভিক্ষু ব্যাপাদ প্রহাণের জন্য ধর্মদেশনা প্রদান করেন। ভিক্ষু, ইহা হচ্ছে ভাবনাকারী ভিক্ষুকে দর্শনের জন্য গমন করার দ্বিতীয় উপযুক্ত সময়।
পুনশ্চ, ভিক্ষু, যে-সময়ে কোনো ভিক্ষু আলস্য-তন্দ্রায় পর্যুদস্ত ও আলস্য-তন্দ্রায় উৎপীড়িত চিত্তে অবস্থান করে, উৎপন্ন আলস্য-তন্দ্রার নিঃসরণ বা প্রতিকার যথার্থরূপে জানে না। সেই সময়ে ভাবনাকারী ভিক্ষুর নিকট উপস্থিত হয়ে তার এরূপ বলা উচিত : ‘আবুসো, আমি আলস্য-তন্দ্রায় পর্যুদস্ত ও পরাস্ত চিত্তে অবস্থান করি এবং উৎপন্ন আলস্য-তন্দ্রার বিনাশ বা নিঃসরণ যথার্থরূপে জানি না। সত্যিই, আয়ুষ্মান, তা উত্তম হয় যদি আপনি আমাকে আলস্য-তন্দ্রা প্রহাণের জন্য ধর্মদেশনা প্রদান করেন।’ তাকে ভাবনাকারী ভিক্ষু আলস্য-তন্দ্রা প্রহাণের জন্য ধর্মদেশনা প্রদান করেন। ভিক্ষু, ইহা হচ্ছে ভাবনাকারী ভিক্ষুকে দর্শনের জন্য গমন করার তৃতীয় উপযুক্ত সময়।
পুনশ্চ, ভিক্ষু, যে-সময়ে কোনো ভিক্ষু ঔদ্ধত্য-কৌকৃত্যে (অহংকার ও অনুশোচনাভাব) পর্যুদস্ত ও ঔদ্ধত্য-কৌকৃত্যে উৎপীড়িত চিত্তে অবস্থান করে, উৎপন্ন ঔদ্ধত্য-কৌকৃত্যের নিঃসরণ বা প্রতিকার যথার্থরূপে জানে না। সেই সময়ে ভাবনাকারী ভিক্ষুর নিকট উপস্থিত হয়ে তার এরূপ বলা উচিত : ‘আবুসো, আমি ঔদ্ধত্য-কৌকৃত্যে পর্যুদস্ত ও পরাস্ত চিত্তে অবস্থান করি এবং উৎপন্ন ঔদ্ধত্য-কৌকৃত্যের বিনাশ বা নিঃসরণ যথার্থরূপে জানি না। সত্যিই, আয়ুষ্মান, তা উত্তম হয় যদি আপনি আমাকে ঔদ্ধত্য-কৌকৃত্য প্রহাণের জন্য ধর্মদেশনা প্রদান করেন।’ তাকে ভাবনাকারী ভিক্ষু ঔদ্ধত্য-কৌকৃত্য প্রহাণের জন্য ধর্মদেশনা প্রদান করেন। ভিক্ষু, ইহা হচ্ছে ভাবনাকারী ভিক্ষুকে দর্শনের জন্য গমন করার চতুর্থ উপযুক্ত সময়।
পুনশ্চ, ভিক্ষু, যে-সময়ে কোনো ভিক্ষু বিচিকিৎসা বা সন্দেহভাবে পর্যুদস্ত ও বিচিকিৎসায় উৎপীড়িত চিত্তে অবস্থান করে, উৎপন্ন বিচিকিৎসার নিঃসরণ বা প্রতিকার যথার্থরূপে জানে না। সেই সময়ে ভাবনাকারী ভিক্ষুর নিকট উপস্থিত হয়ে তার এরূপ বলা উচিত : ‘আবুসো, আমি বিচিকিৎসায় পর্যুদস্ত ও পরাস্ত চিত্তে অবস্থান করি এবং উৎপন্ন বিচিকিৎসার বিনাশ বা নিঃসরণ যথার্থরূপে জানি না। সত্যিই, আয়ুষ্মান, তা উত্তম হয় যদি আপনি আমাকে বিচিকিৎসা প্রহাণের জন্য ধর্মদেশনা প্রদান করেন।’ তাকে ভাবনাকারী ভিক্ষু বিচিকিৎসা প্রহাণের জন্য ধর্মদেশনা প্রদান করেন। ভিক্ষু, ইহা হচ্ছে ভাবনাকারী ভিক্ষুকে দর্শনের জন্য গমন করার পঞ্চম উপযুক্ত সময়।
পুনশ্চ, ভিক্ষু, যে-সময়ে কোনো ভিক্ষু যেরূপ নিমিত্তের (পূর্র্বাভাসের) দরুন, যেরূপ নিমিত্তাদির বিবেচনা করার দরুন সর্বদা আসবসমূহ ক্ষয় পায়, তাদৃশ নিমিত্তাদি জানে না। সেই সময়ে ভাবনাকারী ভিক্ষুর নিকট উপস্থিত হয়ে তার এরূপ বলা উচিত : ‘আবুসো, যেরূপ নিমিত্তাদির বিবেচনা করার দরুন সর্বদা আসবসমূহ ক্ষয় পায়, তাদৃশ নিমিত্তাদি আমি জানি না। সত্যিই, আয়ুষ্মান, তা উত্তম হয় যদি আপনি আমাকে আসবসমূহ ক্ষয়কর-নিমিত্তাদি সম্পর্কে ধর্মদেশনা প্রদান করেন। ভিক্ষু, ইহা হচ্ছে ভাবনাকারী ভিক্ষুকে দর্শনের জন্য গমন করার ষষ্ঠ উপযুক্ত সময়। হে ভিক্ষু, এই ছয় প্রকার হচ্ছে ভাবনাকারী ভিক্ষুকে দর্শনের জন্য গমন করার উপযুক্ত সময়।”
হে আবুসোগণ, আমি ভগবানকে এরূপ বলতে শুনেছি এবং তা ধারণ করেছি যে, ‘ভিক্ষু, এই ছয় প্রকার হচ্ছে ভাবনাকারী ভিক্ষুকে দর্শনের জন্য গমন করার উপযুক্ত সময়।’
দ্বিতীয় সময় সূত্র সমাপ্ত।
ব্যাখ্যা [০]