লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

অপ্রমাদ সূত্র

অনন্তর জনৈক ব্রা‏হ্মণ ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানের সাথে সম্বোধন করলেন। সম্বোধনীয় কথা ও স্মরণীয় বিষয় আলাপান্তে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট হয়ে সেই ব্রা‏হ্মণ ভগবানকে এরূপ বললেন :

“মাননীয় গৌতম, একটিমাত্র ধর্ম (বিষয়) আছে কি যা ভাবিত, বহুলীকৃত হলে ইহকাল ও পরকাল এই উভয়কালের কল্যাণে গ্রহণযোগ্য ও স্থিত হয়?’’

“হে ব্রা‏হ্মণ, একটিমাত্র ধর্ম আছে যা ভাবিত, বহুলীকৃত হলে ইহকাল ও পরকাল এই উভয়কালের কল্যাণে গ্রহণযোগ্য ও স্থিত হয়।

“মাননীয় গৌতম, সেই একটিমাত্র ধর্ম কি যা ভাবিত, বহুলীকৃত হলে ইহকাল ও পরকাল এই উভয়কালের কল্যাণে গ্রহণযোগ্য ও স্থিত হয়?’’

“ব্রা‏হ্মণ, অপ্রমাদ হচ্ছে একটিমাত্র বিষয় যা ভাবিত, বহুলীকৃত হলে ইহকাল ও পরকাল এই উভয়কালের কল্যাণে গ্রহণযোগ্য ও স্থিত হয়।

যেমন ব্রা‏হ্মণ, জঙ্গলের যে-সকল প্রাণী রয়েছে, তাদের সকলের পদচি‎হ্ন হস্তী পদচিহ্নের মধ্যে সংকুলান হয়। অন্যান্য প্রাণীর পদচি‎‎হ্ন হতে বৃহদাকারহেতু হস্তীর পদচি‏‎হ্ন শ্রেষ্ঠ। ঠিক তদ্রূপ, ব্রা‏‏হ্মণ, অপ্রমাদ হচ্ছে একটিমাত্র ধর্ম যা ভাবিত, বহুলীকৃত হলে ইহকাল ও পরকাল এই উভয়কালের কল্যাণে গ্রহণযোগ্য ও স্থিত হয়।

যেমন, ব্রা‏হ্মণ, চূড়াযুক্ত গৃহের যে-সমস্ত বরগা বা সহায়ক কড়িকাষ্ঠ (Rafter on a beam supporting the roof of a house) রয়েছে; তৎসমস্তই চূড়াগামী, চূড়া হতে নিন্মাভিমুখী এবং চূড়াতেই মিলিত। সে-সমস্ত কড়িকাষ্ঠ হতে চূড়াই শ্রেষ্ঠ। ঠিক তদ্রূপ, ব্রা‏হ্মণ, অপ্রমাদ হচ্ছে একটিমাত্র বিষয় যা ভাবিত, বহুলীকৃত হলে ইহকাল ও পরকাল এই উভয়কালের কল্যাণে গ্রহণযোগ্য ও স্থিত হয়।

যেমন, ব্রা‏হ্মণ, ঘাস কর্তনকারী তৃণাদি কর্তন করে অগ্রভাগ গ্রহণপূর্বক নাড়ায়, উভয়পার্শ্বেও নাড়ায় এবং সেই কর্তিত তৃণগুলো দিয়ে কোনো কিছুর উপর প্রহার করে। ঠিক তদ্রূপ, ব্রা‏হ্মণ, অপ্রমাদ হচ্ছে একটিমাত্র বিষয় যা ভাবিত, বহুলীকৃত হলে ইহকাল ও পরকাল এই উভয়কালের কল্যাণে গ্রহণযোগ্য ও স্থিত হয়।

যেমন, ব্রা‏হ্মণ, আমফলের বৃন্ত (ডাঁটা) ছেদনে যেমন বৃন্তস্থ সমস্ত গুচ্ছবদ্ধ আমই সেই বৃন্তের সাথে চলে আসে; ঠিক সেরূপই, ব্রা‏হ্মণ, অপ্রমাদ হচ্ছে একটিমাত্র বিষয় যা ভাবিত, বহুলীকৃত হলে ইহকাল ও পরকাল এই উভয়কালের কল্যাণে গ্রহণযোগ্য ও স্থিত হয়।

যেমন, ব্রা‏হ্মণ, যে-সকল ক্ষুদ্র রাজাগণ রয়েছেন, তারা সকলেই চক্রবর্তী রাজার অধীন হন। এবং তাদের হতে চক্রবর্তী রাজাই শ্রেষ্ঠরূপে বিবেচিত হন। ঠিক তদ্রূপ, ব্রা‏হ্মণ, অপ্রমাদ হচ্ছে একটিমাত্র বিষয় যা ভাবিত, বহুলীকৃত হলে ইহকাল ও পরকাল এই উভয়কালের কল্যাণে গ্রহণযোগ্য ও স্থিত হয়।

যেমন, ব্রা‏হ্মণ, সমস্ত তারকারাজির প্রভা চন্দ্রপ্রভার ষোলো কলার (অংশ) এক কলাও হয় না। সমস্ত তারকার হতে চন্দ্রপ্রভাই শ্রেষ্ঠরূপে বিবেচিত হয়। ঠিক তদ্রূপই, ব্রা‏হ্মণ, অপ্রমাদ হচ্ছে একটিমাত্র বিষয় যা ভাবিত, বহুলীকৃত হলে ইহকাল ও পরকাল এই উভয়কালের কল্যাণে গ্রহণযোগ্য ও স্থিত হয়।

হে ব্রা‏হ্মণ, এই এক প্রকার ধর্ম ভাবিত, বহুলীকৃত হলে ইহকাল ও পরকাল এই উভয়কালের কল্যাণে গ্রহণযোগ্য ও স্থিত হয়।”

“আশ্চর্য! মাননীয় গৌতম, অদ্ভুত! মাননীয় গৌতম, যেমন কেউ অধোমুখীকে উন্মুখী করে, আবৃতকে অনাবৃত করে, বিমূঢ়কে পথ নির্দেশ করে কিংবা অন্ধকারে তৈলপ্রদীপ ধারণ করে যাতে চক্ষুষ্মান ব্যক্তি রূপসমূহ দেখতে পায়; ঠিক এরূপেই, মহানুভব গৌতম কর্তৃক বহু পর্যায়ে, বিবিধ যুক্তিতে ধর্ম প্রকাশিত হয়েছে। এই আমি মহানুভব গৌতমের এবং তৎপ্রবর্তিত ধর্ম ও তৎপ্রতিষ্ঠিত ভিক্ষুসংঘের শরণাগত হচ্ছি। হে মহানুভব গৌতম, আজ হতে আমাকে আমরণ শরণাগত উপাসকরূপে অবধারণ করুন।”

অপ্রমাদ সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]