লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

নগরোপম সূত্র

“হে ভিক্ষুগণ, যখন কোনো রাজার নগর সীমানায় দুর্গের সপ্ত আবশ্যক দ্রব্য দ্বারা কোনো দুর্গ সুপরিক্ষিপ্ত (পরিপূর্ণ) থাকে এবং ইচ্ছাক্রমে, সহজে ও বিনাকষ্টে চার প্রকার সরবরাহ লাভ করে থাকে তখন এটা উক্ত হয় যে, কোনো বহিঃ শত্রু বা বিশ্বাসঘাতক সহযোগী দ্বারা রাজদুর্গ ক্ষতিগ্রস্ত হতে পারে না।

কোন সপ্ত আবশ্যক দ্রব্য দ্বারা দুর্গ সু-পরিপূর্ণ থাকে?

হে ভিক্ষুগণ, রাজার সীমানায় দুর্গ গভীরে সুন্দরভাবে খনিত অচল অটল স্তম্ভ প্রোথিত থাকে। এই প্রথম আবশ্যক দ্রব্য দ্বারা রাজ সীমানায় দুর্গ সুরক্ষিত থাকে অভ্যন্তর নিবাসীদের বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য।

পুনঃ হে ভিক্ষুগণ, রাজদুর্গে থাকে গভীর ও বিস্তৃত পরিখা। এই দ্বিতীয় আবশ্যক দ্রব্য দ্বারা রাজ সীমানায় দুর্গ সুরক্ষিত থাকে অভ্যন্তর নিবাসীদের বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য।

পুনঃ হে ভিক্ষুগণ, দুর্গের চতুর্দিকে উচ্চ এবং বিস্তৃত রাস্তা থাকে। এই তৃতীয় আবশ্যক দ্রব্য দ্বারা রাজ সীমানায় দুর্গ সুরক্ষিত থাকে অভ্যন্তর নিবাসীদের বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য।

পুনঃ হে ভিক্ষুগণ, রাজার দুর্গে বহু বল্লম তরবারি থাকে। এই চতুর্থ আবশ্যক দ্রব্য দ্বারা রাজ সীমানায় দুর্গ সুরক্ষিত থাকে অভ্যন্তর নিবাসীদের বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য।

পুনঃ হে ভিক্ষুগণ, দুর্গে বহু সৈন্য থাকে, যেমন মাহুত, অশ্বারোহী, রথারোহী, ধনুর্ধারী, উন্নত মানের বাহক, সৈন্যদের বাসস্থান নির্দেশ দানের অফিসার, পিণ্ড সরবরাহকারী, খ্যাতিবান রাজপুত্র, অত্যন্ত বিপজ্জনক যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য নির্বাচিত সৈন্যদল, নাগসদৃশ সাহসী শক্তিবান পুরুষ, সাহসী যোদ্ধা এবং দাস-পুত্র ইত্যাদি। এই পঞ্চম আবশ্যক দ্রব্য দ্বারা রাজ সীমানায় দুর্গ সুরক্ষিত থাকে অভ্যন্তর নিবাসীদের বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য।

পুনঃ হে ভিক্ষুগণ, সেখানে থাকে চালাক, বুদ্ধিমান, বিবেচক দ্বার রক্ষক যে অপরিচিতকে প্রবেশ করতে দেয় না এবং পরিচিতদেরকে প্রবেশ দান করে। এই ষষ্ঠ আবশ্যক দ্রব্য দ্বারা রাজ সীমানায় দুর্গ সুরক্ষিত থাকে অভ্যন্তর নিবাসীদের বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য।

পুনঃ হে ভিক্ষুগণ, রাজদুর্গে আচ্ছাদনীযুক্ত উচ্চ ও প্রশস্ত দুর্গ প্রাচীরও থাকে। এই সপ্তম আবশ্যক দ্রব্য দ্বারা অভ্যন্তরভাগস্থ নিবাসীদের বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য রাজ সীমানায় দুর্গ সুরক্ষিত থাকে। এই সপ্ত আবশ্যক বিষয়ে দুর্গ ভালোভাবে রক্ষিত থাকে। যে চার প্রকার আবশ্যক দ্রব্য ইচ্ছাক্রমে, সহজে, বিনাকষ্টে দুর্গে লাভ করে থাকে সেগুলি কী কী?

হে ভিক্ষুগণ, রাজ সীমানায় দুর্গে অভ্যন্তর ভাগের জনগণের সুবিধা, আরাম-আয়েশ, মঙ্গলের জন্য এবং বাহ্যিক উপদ্রব হতে রক্ষা পাওয়ার জন্য বহু তৃণ-কাষ্ঠ-জল সঞ্চিত থাকে।

পুনঃ হে ভিক্ষুগণ, অভ্যন্তরস্থ জনগণের সুযোগ-সুবিধা, আরাম-আয়েশ, মঙ্গল এবং বাহ্যিক উপদ্রব হতে রক্ষা পাওয়ার জন্য দুর্গে শালি-যব সঞ্চিত থাকে।

পুনঃ হে ভিক্ষুগণ, অভ্যন্তরস্থ জনগণের সুযোগ-সুবিধা, আরাম-আয়েশ, মঙ্গল এবং বাহ্যিক উপদ্রব হতে রক্ষা পাওয়ার জন্য দুর্গে তিল-মুগ-মাস-শস্য সঞ্চিত থাকে।

পুনঃ হে ভিক্ষুগণ, অভ্যন্তরস্থ জনগণের সুযোগ-সুবিধা, আরাম-আয়েশ, মঙ্গল এবং বাহ্যিক উপদ্রব হতে রক্ষা পাওয়ার জন্য দুর্গে বহু ভৈষজ্য সঞ্চিত থাকে, যেমন : সর্পি, নবনীত, তৈল, মধু, চিনি, লবণ।

এই চার প্রকার আবশ্যক দ্রব্য ইচ্ছাক্রমে, অতি সহজে, বিনাকষ্টে লাভ করে থাকে।

যখন হে ভিক্ষুগণ, এই সপ্তবিধ আবশ্যক দ্রব্য দ্বারা রাজদুর্গ সুরক্ষিত থাকে এবং ইচ্ছাক্রমে, অতি সহজে, বিনাকষ্টে চার প্রকার দ্রব্য লাভ করা যায় এটা উক্ত হয় যে, কোনো বহিঃ শত্রু বা বিশ্বাসঘাতক সহযোগী দ্বারা রাজদুর্গ ক্ষতিগ্রস্ত হতে পারে না, তদ্রূপ হে ভিক্ষুগণ, যখন আর্যশ্রাবক সপ্ত ধর্ম সমন্বিত হয় এবং চার ধ্যান অভি চৈতসিক (উচ্চতর মানসিক) যা ইহ জীবনে সুখ আনয়ন করে তা ইচ্ছাক্রমে, অতি সহজে, বিনাকষ্টে লাভ করে, হে ভিক্ষুগণ, এই আর্যশ্রাবক মার কর্তৃক নষ্ট হতে পারে না, পাপমতি দ্বারা নষ্ট হতে পারে না। কোন সপ্ত ধর্ম সমন্বিত হয়?

যেমন, হে ভিক্ষুগণ, অভ্যন্তরস্থ জনগণের বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য রাজ দুর্গের গভীর তলদেশ উত্তমভাবে খনিত অচল অটল স্তম্ভ প্রোথিত থাকে, তদ্রূপ, আর্যশ্রাবক শ্রদ্ধাশীল হয়, তথাগতের বোধিকে শ্রদ্ধা করে, সেই ভগবান অর্হৎ, সম্যকসম্বুদ্ধ, বিদ্যাচরণসম্পন্ন, সুগত, লোকবিদ, অনুত্তর পুরুষদম্য সারথি, দেবমনুষ্যগণের শাস্তা (শিক্ষক), বুদ্ধ ভগবান। হে ভিক্ষুগণ, স্তম্ভ সদৃশ শ্রদ্ধা দ্বারা আর্যশ্রাবক অকুশল পরিত্যাগ করে, কুশল বৃদ্ধি করে, সাবদ্য (নিন্দনীয় বিষয়) পরিহার করে, অনবদ্য (অনিন্দনীয়) ভাবে, সে আত্মশুদ্ধিতা রক্ষা করে। সে এই প্রথম সদ্ধর্ম সমন্বিত হয়।

যেমন হে ভিক্ষুগণ, অভ্যন্তরস্থ জনগণকে বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য রাজদুর্গে গভীর ও বিস্তৃত পরিখা থাকে, তদ্রূপ, হে ভিক্ষুগণ, একজন আর্যশ্রাবক হিরিসম্পন্ন (ধর্মভীরু) হয়, কায় দুশ্চরিত বিষয়ে লজ্জাশীল হয়, বাক দুশ্চরিত্রে ও মনো দুশ্চরিত্রে লজ্জাশীল হয়, পাপ-অকুশল ধর্মাধীন হতে লজ্জা করে। হে ভিক্ষুগণ, পরিখা সদৃশ হিরি দ্বারা আর্যশ্রাবক অকুশল পরিত্যাগ করে, কুশল বৃদ্ধি করে, সাবদ্য (নিন্দনীয় বিষয়) পরিহার করে, অনবদ্য (অনিন্দনীয়) ভাবে সে আত্মশুদ্ধিতা রক্ষা করে। সে এই দ্বিতীয় সদ্ধর্ম দ্বারা বিভূষিত হয়।

যেমন হে ভিক্ষুগণ, অভ্যন্তরে বসবাসকারী জনগণকে বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য রাজদুর্গের চতুর্দিকে উচ্চ ও বিস্তৃত রাস্তা থাকে, তদ্রূপ, হে ভিক্ষুগণ, একজন আর্যশ্রাবকের দোষে ভয় আছে, কায়-বাক্য-মনোদুশ্চরিত দ্বারা দোষযুক্ত হতে ভয় করে, সে পাপ ও অকুশল ধর্মাধীন হতে ভয় করে। হে ভিক্ষুগণ, চতুর্দিক বেষ্টিত উচ্চ ও বিস্তৃত রাস্তা সদৃশ দোষ ভয় দ্বারা আর্যশ্রাবক অকুশল পরিহার করে, কুশল বৃদ্ধি করে, সাবদ্য (নিন্দনীয় বিষয়) পরিহার করে অনবদ্য (অনিন্দনীয়) ভাবে, সে আত্মশুদ্ধিতা রক্ষা করে। সে এই তৃতীয় সদ্ধর্ম দ্বারা বিভূষিত হয়।

যেমন, হে ভিক্ষুগণ, অভ্যন্তরে বসবাসকারী জনগণকে বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য রাজদুর্গে বহু বল্লম ও অস্ত্র থাকে, তদ্রূপ হে ভিক্ষুগণ, একজন আর্যশ্রাবক বহুশ্রুত, শ্রুতধর, শ্রুত বিষয়ের সঞ্চয়াগার হয় যে ধর্মের আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যাবসান কল্যাণ, সার্থক সব্যঞ্জন [অর্থযুক্ত-ব্যঞ্জনযুক্ত], সমগ্র পরিপূর্ণ, পরিশুদ্ধ ব্রহ্মচর্য ঘোষণা করে, তদ্রূপ ধর্মে বহুশ্রুত হয়, প্রতিজ্ঞাবদ্ধ হয়, উক্তি দ্বারা পরিচিত, অন্তরে অনুধ্যানকৃত, দৃষ্টি দ্বারা সুপ্রতিবিদ্ধ। হে ভিক্ষুগণ, জ্ঞানরূপ অস্ত্র দ্বারা আর্যশ্রাবক অকুশল পরিত্যাগ করে, কুশল বৃদ্ধি করে, সাবদ্য (নিন্দনীয় বিষয়) পরিহার করে, অনবদ্য (অনিন্দনীয়) ভাবে, সে আত্মশুদ্ধিতা রক্ষা করে। সে এই চতুর্থ সদ্ধর্ম দ্বারা বিভূষিত হয়।

যেমন, হে ভিক্ষুগণ, অভ্যন্তরে বসবাসকারী জনগণকে বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য রাজদুর্গে বহু সৈন্য থাকে, যেমন- মাহুত, গজারোহী, অশ্বারোহী, রথারোহী, ধনুর্ধারী, উন্নত মানের বাহক, সৈন্যদের বাসস্থান নির্দ্দেশক অফিসার, পিণ্ড সরবরাহকারী, যশস্বী রাজপুত্র, অত্যন্ত বিপজ্জনক যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য নির্বাচিত সৈন্যদল, নাগসম সাহসী শক্তিবান পুরুষ, সাহসী যোদ্ধা, দাসপুত্র। তদ্রূপ, হে ভিক্ষুগণ, আর্যশ্রাবক অকুশল ধর্ম ক্ষয় করার জন্য আরব্ধবীর্য হয়ে বিহার করে, কুশলধর্ম অনুসরণ করে, শক্তিশালী, দৃঢ় পরাক্রমী হয়, কুশল ধর্মে অপতনশীল হয়। হে ভিক্ষুগণ, বীর্যরূপ সশস্ত্র শক্তি দ্বারা আর্যশ্রাবক অকুশল পরিত্যাগ করে, কুশল বৃদ্ধি করে, নিন্দনীয় বিষয় পরিত্যাগ করে, অনবদ্য বিষয় অনুশীলন করে, সে আত্মশুদ্ধিতা রক্ষা করে। এই পঞ্চম সদ্ধর্ম দ্বারা সে বিভূষিত হয়।

যেমন, হে ভিক্ষুগণ, অভ্যন্তরে বসবাসকারী জনগণকে বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য রাজদুর্গে থাকে চালাক, বুদ্ধিমান, বিবেচক দৌবারিক যে অপরিচিত ব্যক্তিকে প্রবেশ করতে দেয় না এবং পরিচিত ব্যক্তিকে স্বচ্ছন্দে প্রবেশ দান করে, তদ্রূপ, হে ভিক্ষুগণ, আর্যশ্রাবক পরম স্মৃতিমান হয়, এরূপ সর্বোত্তম স্মৃতিসম্পন্ন হয় যে, দীর্ঘকাল পূর্বেকৃত, ভাষিত বিষয়ও স্মরণ-অনুস্মরণ করতে সক্ষম হয়। হে ভিক্ষুগণ, স্মৃতিরূপ দ্বার রক্ষক আর্যশ্রাবক অকুশল পরিত্যাগ করে, কুশল বৃদ্ধি করে, নিন্দনীয় বিষয় পরিত্যাগ করে, অনবদ্য বিষয় অনুশীলন করে, সে আত্মশুদ্ধিতা রক্ষা করে। এই ষষ্ঠ সদ্ধর্ম দ্বারা সে বিভূষিত হয়।

যেমন, হে ভিক্ষুগণ, অভ্যন্তরে বসবাসকারী জনগণকে বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য রাজদুর্গে আচ্ছাদনীযুক্ত উচ্চ ও প্রশস্ত দুর্গ-প্রাচীর থাকে। তদ্রূপ হে ভিক্ষুগণ, আর্যশ্রাবক প্রজ্ঞাবান হয়, উদয়-অস্ত [বৃদ্ধি ও ক্ষয়]-গামিনী প্রজ্ঞায় বিভূষিত হয়, সম্যকভাবে দুঃখক্ষয়গামিনী আর্য নির্বেধক প্রজ্ঞা [যে প্রজ্ঞা দ্বারা আর্যগণ প্রতিবিদ্ধ করতে সক্ষম] দ্বারা বিভূষিত। হে ভিক্ষুগণ, প্রজ্ঞারূপ আচ্ছাদনীসম্পন্ন আর্যশ্রাবক অকুশল পরিত্যাগ করে, কুশল বৃদ্ধি করে, নিন্দনীয় বিষয় পরিত্যাগ করে, অনবদ্য বিষয় অনুশীলন করে, সে আত্মশুদ্ধিতা রক্ষা করে। এই সপ্ত সদ্ধর্ম দ্বারা সে বিভূষিত হয়।

সে এই সপ্ত সদ্ধর্ম দ্বারা বিভূষিত হয়। কোন চার ধ্যান, অভিচৈতসিক যা ইহ জীবনে সুখ আনয়ন করে তা ইচ্ছাক্রমে, অতি সহজে, বিনাকষ্টে সে লাভ করে?

যেমন, হে ভিক্ষুগণ, অভ্যন্তরস্থ জনগণের সুযোগ-সুবিধা, আরাম-আয়েশ ও মঙ্গলের জন্য, বাহ্যিক প্রতিঘাত হতে রক্ষা পাওয়ার জন্য রাজদুর্গে বহু তৃণ-কাষ্ঠ-জল সঞ্চিত থাকে, তদ্রূপ হে ভিক্ষুগণ, আর্যশ্রাবক কামনা ও অকুশল (পাপ) ধর্ম হতে বিরত হয়ে বিতর্ক ও বিচার (চিন্তন ও অনুসন্ধান) সহিত নির্জনতা জনিত প্রীতিসুখ সমন্বিত প্রথম ধ্যান লাভ করে অবস্থান করে; তার নিজ সুবিধার জন্য, আরামের জন্য, মঙ্গলের জন্য, নির্বাণে প্রবেশের জন্য।

যেমন, হে ভিক্ষুগণ, অভ্যন্তরস্থ জনগণের সুযোগ-সুবিধা, আরাম-আয়েশ ও মঙ্গলের জন্য, বাহ্যিক প্রতিঘাত হতে রক্ষা পাওয়ার জন্য রাজদুর্গে বহু শালিযব সঞ্চিত থাকে, তদ্রূপ, হে ভিক্ষুগণ, আর্যশ্রাবক বিতর্ক ও বিচার প্রশমিত আধ্যাত্মিক [স্বীয় চিত্তের] সমপ্রসাদ ও একাগ্রতাযুক্ত অবিতর্ক বিচারবিহীন সমাধিজনিত প্রীতিসুখ সমন্বিত দ্বিতীয় ধ্যান লাভ করে অবস্থান করে-তার নিজ সুবিধা, আরাম ও মঙ্গলের জন্য, নির্বাণে প্রবেশের জন্য।

যেমন, হে ভিক্ষুগণ, অভ্যন্তরস্থ জনগণের সুযোগ-সুবিধা, আরাম-আয়েশ ও মঙ্গলের জন্য, বাহ্যিক প্রতিঘাত হতে রক্ষা পাওয়ার জন্য রাজদুর্গে তিল-মুগ-মাস শস্য সঞ্চিত থাকে, তদ্রূপ, হে ভিক্ষুগণ, আর্যশ্রাবক প্রীতিতে বিরাগ উৎপন্ন হওয়ায় উপেক্ষাশীল হয়ে বিহার করে এবং স্মৃতি ও সম্প্রজ্ঞাত হয়ে কায়িক সুখ অনুভব করে, আর্যগণ যাকে উপেক্ষক, স্মৃতিমান, সুখবিহারী বলে অভিহিত করেন সেই তৃতীয় ধ্যান লাভ করে অবস্থান করে, তার নিজ সুবিধা, আরাম ও মঙ্গলের জন্য, নির্বাণে প্রবেশের জন্য।

যেমন, হে ভিক্ষুগণ, অভ্যন্তরস্থ জনগণের সুযোগ-সুবিধা, আরাম-আয়েশ ও মঙ্গলের জন্য, বাহ্যিক প্রতিঘাত হতে রক্ষা পাওয়ার জন্য রাজদুর্গে বহু ভৈষজ্য সঞ্চিত থাকে, যেমন- সর্পি, নবনীত, তৈল, মধু, চিনি এবং লবণ, তদ্রূপ, হে ভিক্ষুগণ, আর্যশ্রাবক শারীরিক সুখ-দুঃখ প্রহীন পূর্বেই মানসিক সৌমনস্য-দৌর্মনস্য-সুখ-দুঃখ অস্তগত হয়, সেই না-দুঃখ না-সুখ উপেক্ষা স্মৃতি পরিশুদ্ধি নামক চতুর্থ ধ্যান লাভ করে অবস্থান করে; তার নিজ সুবিধা, আরাম ও মঙ্গলের জন্য, নির্বাণে প্রবেশের জন্য।

এই চার ধ্যান অভিচৈতসিক দৃষ্টধর্ম সুখবিহারী ইচ্ছাক্রমে, অতি সহজে, বিনাকষ্টে লাভ করে।

হে ভিক্ষুগণ, যখন আর্যশ্রাবক এই সপ্ত সদ্ধর্মে বিভূষিত হয় এবং এই চার ধ্যান, অভিচৈতসিক, দৃষ্টধর্ম সুখবিহারী সে ইচ্ছাক্রমে, অতি সহজে, বিনাকষ্টে লাভ করে, এই আর্যশ্রাবক মারকর্তৃক, পাপমতি কর্তৃক বিনষ্ট হওয়ার নয় বলে কথিত।”

ব্যাখ্যা [০]