অতঃপর আয়ুষ্মান সারিপুত্র ভগবৎ সমীপে উপস্থিত হন, উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপ্রান্তে উপবেশন করেন। এক প্রান্তে উপবিষ্ট আয়ুষ্মান সারিপুত্রকে ভগবান বললেন, “সারিপুত্র, ক্ষীণাসব ভিক্ষুর কয়টি বল (গুণ) যে গুণে গুণান্বিত হয়ে ক্ষীণাসব ভিক্ষু আসক্তি ক্ষয় উপলব্ধি করে এবং স্বীকার করে, “আমার আসক্তিসমূহ ধ্বংস হয়েছে?”
“ভন্তে, ক্ষীণাসব ভিক্ষুর আটটি বল যে বলে গুণান্বিত হয়ে ক্ষীণাসব ভিক্ষু আসক্তি ক্ষয় উপলব্ধি করে এবং বিশেষভাবে জ্ঞাত হয়, “আমার আসক্তিসমূহ ক্ষয় হয়েছে।” আট কী কী?
“এক্ষেত্রে, প্রভু, ক্ষীণাসব ভিক্ষুর নিকট যথার্থ প্রজ্ঞা দ্বারা সকল সংস্কার সম্পূর্ণরূপে অনিত্য বলে মনে হয়। যখন ক্ষীণাসব ভিক্ষুর নিকট যথার্থ প্রজ্ঞা দ্বারা সকল সংস্কার সম্পূর্ণরূপে অনিত্য বলে প্রতীয়মান হয় ভন্তে, এটা ক্ষীণাসব ভিক্ষুর গুণ যে গুণে গুণান্বিত হয়ে ক্ষীণাসব ভিক্ষু আসক্তি ক্ষয় উপলব্ধি করে এবং বিশেষভাবে জ্ঞাত হয়, “আমার আসক্তিসমূহ ক্ষয় হয়েছে।”
পুনঃ ভন্তে, ক্ষীণাসব ব্যক্তির নিকট যথার্থ প্রজ্ঞা দ্বারা কাম লালসা সম্পূর্ণরূপে অগ্নিগর্ত সদৃশ প্রতীয়মান হয়। ভন্তে, যখন ক্ষীণাসব ব্যক্তির নিকট যথার্থ প্রজ্ঞা দ্বারা কামলালসা সম্পূর্ণরূপে অগ্নিগর্ত বলে প্রতীয়মান হয়, ভন্তে, এটা ক্ষীণাসব ভিক্ষুর গুণ যে গুণে গুণান্বিত হয়ে ক্ষীণাসব ভিক্ষু আসক্তি ক্ষয় উপলব্ধি করে এবং বিশেষভাবে জ্ঞাত হয়, “আমার আসক্তিসমূহ ক্ষয় হয়েছে।”
পুনঃ ভন্তে, ক্ষীণাসব ভিক্ষুর চিত্ত বিবেকনিম্ন, বিবেকপ্রবণ, বিবেকঅবনত, বিবেকরত হয়, বিবেকে আনন্দ লাভ করে এবং আসক্তি সংক্রান্ত সর্ববিধ বিষয় হতে মুক্ত হয়। ভন্তে, যখন ক্ষীণাসব ভিক্ষুর চিত্ত বিবেকনিম্ন, বিবেকপ্রবণ, বিবেক অবনত, বিবেকরত, বিবেকানন্দ লাভ করে এবং আসক্তি-সংক্রান্ত সর্ববিধ বিষয় হতে মুক্ত হয় ভন্তে, এটা ক্ষীণাসব ভিক্ষুর গুণ যে গুণে গুণান্বিত হয়ে ক্ষীণাসব ভিক্ষু আসক্তি ক্ষয় উপলব্ধি করে এবং বিশেষভাবে জ্ঞাত হয়, “আমার আসক্তি ক্ষীণ হয়েছে।”
পুনশ্চ ভন্তে, ক্ষীণাসব ভিক্ষুর চার স্মৃতিপ্রস্থান ভাবিত, সুভাবিত। প্রভু, যখন ক্ষীণাসব ভিক্ষুর চার স্মৃতিপ্রস্থান ভাবিত, সুভাবিত হয় ভন্তে, এটা ক্ষীণাসব ভিক্ষুর গুণ যার ফলে ক্ষীণাসব ভিক্ষু আসক্তি ক্ষয় উপলব্ধি করে, বিশেষভাবে জ্ঞাত হয়, “আমার আসক্তি ক্ষীণ হয়েছে।”
পুনরায় ভন্তে, ক্ষীণাসব ভিক্ষুর চার ঋদ্ধিপাদ (মানসিক শক্তি) ভাবিত হয়, সুভাবিত হয়, ক্ষীণাসব ভিক্ষুর পঞ্চেন্দ্রিয় ভাবিত হয়, সুভাবিত হয়, ক্ষীণাসব ভিক্ষুর সপ্ত বোজ্ঝাঙ্গ ভাবিত হয়, সুভাবিত হয়, ক্ষীণাসব ভিক্ষুর আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত হয়, সুভাবিত (সুচিন্তিত) হয়। ভন্তে, যখন ক্ষীণাসব ভিক্ষুর আর্য অষ্টাঙ্গিক মার্গ ভাবিত হয়, সুভাবিত হয়, ভন্তে, এটা ক্ষীণাসব ভিক্ষুর বল যে বলের দ্বারা ক্ষীণাসব ভিক্ষু আসক্তি ক্ষয় উপলব্ধি করে এবং বিশেষভাবে জ্ঞাত হয়, “আমার আসক্তি ক্ষয় হয়েছে।”
ভন্তে, এগুলোই ভিক্ষুর অষ্টবল যে বলে বলসম্পন্ন ক্ষীণাসব ভিক্ষু আসক্তি ক্ষয় উপলব্ধি করে এবং বিশেষভাবে জ্ঞাত হয়ঃ “আমার আসক্তি ক্ষীণ হয়েছে।”
ব্যাখ্যা [০]