আমাকর্তৃক এরূপ শ্রুত হয়েছে, একসময় ভগবান শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিকের বিহারে অবস্থান করতেছিলেন। তখন ভগবান ভিক্ষুগণকে আহ্বান করেন, “ভিক্ষুগণ,” “হ্যাঁ, প্রভু,” বলে প্রত্যুত্তরে ভিক্ষুগণ সম্মতি জানালেন। ভগবান বললেন :
“ভিক্ষুগণ, অষ্টাঙ্গ সমন্বিত উপোসথ দিবস প্রতিপালিত এবং রক্ষিত হলে মহাফলপ্রদ, অত্যন্ত হিতকর, অত্যন্ত উজ্জ্বল, অত্যন্ত রোমাঞ্চকর হয়। ভিক্ষুগণ মহাফলপ্রদ, মহাহিতকর, অত্যন্ত উজ্জ্বল, মহা রোমাঞ্চকর অষ্টাঙ্গ সমন্বিত উপোসথ কীরূপে প্রতিপালন এবং রক্ষা করতে হয়?
ভিক্ষুগণ, আর্যশ্রাবক এরূপ চিন্তা করেন, “অর্হৎগণ সমগ্র জীবন প্রাণিহত্যা পরিত্যাগ করেন এবং প্রাণিহত্যা প্রতিবিরত হন; তাঁরা দণ্ড এবং অস্ত্র পরিহার করে সর্বজীবের প্রতি বিনীত এবং দয়ার্দ্র হয়ে অবস্থান করেন। আমিও এখন এই দিবারাত্রি প্রাণিহত্যা পরিহার করে প্রাণিহত্যা প্রতিবিরত হব, দণ্ড ও অস্ত্র পরিত্যাগ করে সর্বপ্রাণীর প্রতি বিনীত ও দয়ার্দ্র হয়ে বাস করব। সুতরাং এ উপায়ে আমি অর্হতের উদাহরণ অনুকরণ করব এবং উপোসথ রক্ষা করব।” এই প্রথম গুণে উপোসথ রক্ষিত হয়।
“অর্হৎগণ সমগ্র জীবন অদত্ত পরিহার করে অদত্ত প্রতিবিরত হন। তাঁরা যা দেয়া হয়েছে তা নিয়ে তাতে আশান্বিত হয়ে বাস করেন, চুরি করে নয়, নিজেকে পবিত্র রেখে। আমিও অদ্য রাত্রি-দিন অদত্ত পরিহার করে অদত্ত প্রতিবিরত হয়ে যা দেয়া হয়েছে তা নিয়ে তাতে আশান্বিত হয়ে অবস্থান করি। সুতরাং, এ উপায়ে আমি অর্হৎগণকে অনুসরণ করি এবং তদ্বারা আমার উপোসথ পালিত হবে।” এই দ্বিতীয় গুণ দ্বারা উপোসথ রক্ষিত হয়।
“অর্হৎগণ সমগ্র জীবন অব্রহ্মচর্যা পরিহার করে ব্রহ্মচর্য রক্ষা করেন, মৈথুন সেবন যা গ্রাম্য তা পরিহার করেন। আমিও অদ্য রাত্রিদিন অব্রহ্মচর্য, গ্রাম্য মৈথুন সেবন পরিহার করে ব্রহ্মচর্য পালন করি। এ উপায়ে আমি অর্হৎগণকে অনুসরণ করি এবং তদ্বারা আমার উপোসথ পালিত হবে।” এই তৃতীয় গুণ দ্বারা উপোসথ রক্ষিত হয়।
অর্হৎগণ যাবজ্জীবন মিথ্যাভাষণ পরিহার করে মিথ্যাভাষণ প্রতিবিরত, সত্যবাদী, বিশ্বস্ত, নির্ভরযোগ্য, তাঁরা জগতে কাকেও বঞ্চনা করেন না। আমিও অদ্য রাত্রি-দিন মিথ্যা পরিহার করে মিথ্যা ভাষণ প্রতিবিরত, সত্যবাদী, বিশ্বস্ত, নির্ভরযোগ্য, জগতে আমি কাকেও বঞ্চনা করি না। এ উপায়ে আমি অর্হৎগণকে অনুসরণ করি এবং তদ্বারা আমি উপোসথ পালন করি।” এই চতুর্থ গুণ দ্বারা উপোসথ রক্ষিত হয়।
“অর্হৎগণ যাবজ্জীবন সুরা ও মদ্যপান পরিহার করে সুরা ও মদ্যপান প্রতিবিরত হন। আমিও অদ্য রাত্রি-দিন সুরা ও মদ্যপান পরিহার করে সুরা ও মদ্যপান প্রতিবিরত। এ উপায়ে আমি অর্হৎগণকে অনুসরণ করি এবং তদ্বারা আমার উপোসথ রক্ষিত হবে।” এই পঞ্চম গুণে উপোসথ রক্ষিত হয়।
“অর্হৎগণ যাবজ্জীবন একাহারী (দিনে একবার মাত্র ভোজন করে), বিকাল ভোজন প্রতিবিরত হন। আমিও অদ্য রাত্রি-দিন একাহারী, বিকালভোজন প্রতিবিরত। এভাবে আমিও অর্হৎগণকে অনুসরণ করি এবং তদ্বারা আমার উপোসথ পালিত হবে।” এই ষষ্ঠ গুণে উপোসথ পালিত হয়।
“অর্হৎগণ যাবজ্জীবন নৃত্য-গীত-বাদ্য-উৎসবদর্শন-মালা-গন্ধ-বিলেপন-ধারণ-মণ্ডণ-বিভূষণ ইত্যাদি প্রতিবিরত হন। আমিও আজ রাত্রিদিন নৃত্য-গীত-বাদ্য-উৎসব-দর্শন-মালা-গন্ধ বিলেপন-ধারণ-মণ্ডন-বিভূষণ ইত্যাদি প্রতিবিরত। এভাবে আমি অর্হৎগণকে অনুসরণ করি এবং তদ্বারা আমার উপোসথ রক্ষিত হবে।” এই সপ্তম গুণে উপোসথ রক্ষিত হয়।
“অর্হৎগণ যাবজ্জীবন উচ্চশয্যা মহাশয্যা পরিহার করে উচ্চশয্যা মহাশয্যা প্রতিবিরত হন। তাঁরা নিচ শয্যায় শয়ন করেন, মঞ্চ বা তৃণ বিস্তৃত শয্যা গ্রহণ করেন। আমিও অদ্য রাত্রি-দিন উচ্চশয্যা মহাশয্যা পরিহার করে উচ্চশয্যা মহাশয্যা প্রতিবিরত, নিচু শয্যায় শয়ন করি, মঞ্চ বা তৃণ বিস্তৃত শয্যায়। এভাবে আমি অর্হৎগণকে অনুসরণ করি এবং তদ্বারা আমার উপোসথ রক্ষিত হবে।” এই অষ্টম গুণে উপোসথ রক্ষিত হয়।
ভিক্ষুগণ, এই অষ্টাঙ্গ সমন্বিত উপোসথ দিবস প্রতিপালিত এবং রক্ষিত হলে তা মহাফলপ্রদ, মহাহিতকর, অত্যন্ত উজ্জ্বল, অত্যন্ত রোমাঞ্চকর হয়।”
ব্যাখ্যা [০]