লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

যথেষ্ট সূত্র

“ভিক্ষুগণ, ছয় গুণে গুণান্বিত ভিক্ষু নিজের জন্য যথেষ্ট, পরের জন্য যথেষ্ট। ছয় কী কী?

ভিক্ষুগণ, ভিক্ষু দ্রুত কুশল ধর্ম উপলব্ধি করে, শ্রুত ধর্মের ধারক হয়, ধৃত ধর্মের অর্থ চিন্তা করে, অর্থ জ্ঞাত হয়ে, ধর্ম জ্ঞাত হয়ে ধর্মানুধর্ম প্রতিপন্ন হয়, তার সুখকর কণ্ঠস্বর হয়, উত্তম উচ্চারণসম্পন্ন, শহুরে উক্তির অধিকারী, স্পষ্ট, কর্কশতা বিবর্জিত ও তথ্যবহ; সে সব্রহ্মচারীগণকে শিক্ষা দেয়, উৎসাহিত করে, প্রোৎসাহিত করে, আনন্দ বর্ধন করে।

ভিক্ষুগণ, এই ষড়বিধ গুণে গুণান্বিত ভিক্ষু নিজের জন্য যথেষ্ট, পরের জন্য যথেষ্ট।

ভিক্ষুগণ, পঞ্চগুণে গুণান্বিত ভিক্ষু নিজের জন্য যথেষ্ট, পরের জন্য যথেষ্ট। পঞ্চ কী কী?

ভিক্ষুগণ, ভিক্ষু কুশল ধর্মসমূহ দ্রুত উপলব্ধি করে না কিন্তু শ্রুত ধর্মের ধারক, ধৃত ধর্মের অর্থ চিন্তক; অর্থ জ্ঞাত হয়ে, ধর্ম জ্ঞাত হয়ে ধর্মানুধর্ম পথে বিচরণ করে; উত্তম আচরণসম্পন্ন, কথাবার্তায় ভদ্র, স্পষ্ট, কর্কশতা বিবর্জিত, তথ্যবহ; সে সব্রহ্মচারীগণকে শিক্ষা দেয়, উৎসাহিত করে, প্রোৎসাহিত করে, আনন্দ বর্ধন করে।

ভিক্ষুগণ, এই পঞ্চগুণে গুণান্বিত ভিক্ষু নিজের জন্য যথেষ্ট পরের জন্য যথেষ্ট।

ভিক্ষুগণ, চতুর্গুণে গুণান্বিত ভিক্ষু নিজের জন্য যথেষ্ট কিন্তু পরের জন্য নহে। কোন চার গুণে?

ভিক্ষুগণ, ভিক্ষু কুশলধর্ম সমূহ দ্রুত উপলব্ধি করে, শ্রুতধর্ম স্মরণ করে; ধারণকৃত ধর্মের অর্থ চিন্তন, অর্থ জ্ঞাত হয়ে, ধর্ম জ্ঞাত হয়ে ধর্মানুধর্ম পথে বিচরণ করে; কিন্তু সে সুকণ্ঠের অধিকারী হয় না, উত্তম আচরণসম্পন্ন নহে, কথাবার্তায় ভদ্র নহে, কর্কশতা অবিবর্জিত ও তথ্যবহ নহে; সে সব্রহ্মচারীগণকে শিক্ষা দেয় না কিংবা উৎসাহিত প্রোৎসাহিত করে না কিংবা তাদের আনন্দ বর্ধন করে না।

ভিক্ষুগণ, এই চতুর্গুণে গুণান্বিত ভিক্ষু নিজের জন্য যথেষ্ট কিন্তু পরের জন্য নহে।

ভিক্ষুগণ, চতুর্গুণে গুণান্বিত ভিক্ষু পরের জন্য যথেষ্ট কিন্তু নিজের জন্য নহে। কোন চতুর্গুণে?

ভিক্ষুগণ, ভিক্ষু কুশল ধর্মসমূহ দ্রুত উপলব্ধি করে, শ্রুত ধর্মের ধারক কিন্তু ধৃতধর্মের অর্থ-চিন্তা করে না এবং অর্থ জ্ঞাত হয়ে, ধর্ম জ্ঞাত হয়ে ধর্মানুধর্ম প্রতিপন্ন হয় না, তথাপি সে সুকণ্ঠের অধিকারী হয়, উত্তম আচরণসম্পন্ন, কথাবার্তায় ভদ্র, কর্কশতা বিবর্জিত ও তথ্যবহ এবং সে সব্রহ্মচারীগণকে শিক্ষা দেয়, উৎসাহিত করে, প্রোৎসাহিত করে, আনন্দ বর্ধন করে।

ভিক্ষুগণ, এই চতুর্গুণে গুণান্বিত ভিক্ষু নিজের জন্য নহে, পরের জন্য যথেষ্ট।

ভিক্ষুগণ, ত্রি-গুণে গুণান্বিত ভিক্ষু নিজের জন্য যথেষ্ট কিন্তু পরের জন্য নহে। ত্রি-গুণ কী কী?

ভিক্ষুগণ, ভিক্ষু কুশল ধর্ম দ্রুত উপলব্ধি করে না কিন্তু শ্রুত ধর্ম স্মরণ করে, ধৃত ধর্মের অর্থ চিন্তা করে; অর্থ জ্ঞাত হয়ে, ধর্ম জ্ঞাত হয়ে ধর্মানুধর্ম পথে বিচরণ করে কিন্তু সে সুকণ্ঠের অধিকারী হয় না, উত্তম আচরণসম্পন্ন হয় না, কথাবার্তায় অভদ্র, কর্কশতা অবিবর্জিত ও তথ্যবহ হয় না এবং সে সব্রহ্মচারীগণকে শিক্ষা দেয় না কিংবা উৎসাহিত-প্রোৎসাহিত কিংবা আনন্দ বর্ধন করে না।

ভিক্ষুগণ, এই ত্রি-গুণে গুণান্বিত ভিক্ষু নিজের জন্য যথেষ্ট কিন্তু পরের জন্য নহে।

ভিক্ষুগণ, ত্রি-গুণে গুণান্বিত ভিক্ষু পরের জন্য যথেষ্ট কিন্তু নিজের জন্য নহে। কোন তিন?

ভিক্ষুগণ, ভিক্ষু দ্রুত কুশলধর্ম উপলব্ধি করে না কিন্তু শ্রুত ধর্মের ধারক হয়, কিন্তু ধৃতধর্মের অর্থ চিন্তা করে না, অর্থ জ্ঞাত হয়ে, ধর্ম জ্ঞাত হয়ে ধর্মপথে বিচরণ করে না; কিন্তু সুকণ্ঠের অধিকারী হয়, উত্তম আচরণসম্পন্ন, কথাবার্তায় মার্জিত, স্পষ্ট, কর্কশতা বিবর্জিত ও তথ্যবহ এবং সে সতীর্থগণকে শিক্ষা দেয়, উৎসাহিত-প্রোৎসাহিত করে এবং তাদের আনন্দ বর্ধন করে।

ভিক্ষুগণ, এই ত্রি-গুণে গুণান্বিত ভিক্ষু পরের জন্য যথেষ্ট কিন্তু নিজের জন্য নহে।

ভিক্ষুগণ, দ্বিবিধ গুণে গুণান্বিত ভিক্ষু নিজের জন্য যথেষ্ট কিন্তু পরের জন্য নহে। কোন দুই?

ভিক্ষুগণ, ভিক্ষু দ্রুত কুশল ধর্ম উপলব্ধি করে না, শ্রুতধর্ম স্মরণ করে না; ধৃত ধর্মের অর্থ অনুসন্ধান করে; অর্থ ও ধর্ম জ্ঞাত হয়ে ধর্মানুধর্ম প্রতিপন্ন হয়, কিন্তু সে সুকণ্ঠের অধিকারী হয় না, উত্তম আচরণসম্পন্ন হয় না, কথাবার্তায় মার্জিত, স্পষ্ট, কর্কশতা বিবর্জিত ও তথ্যবহ হয় না; সে সতীর্থগণকে শিক্ষা দেয় না, তাদের উৎসাহিত-প্রোৎসাহিত করে না, আনন্দ বর্ধন করে না।

ভিক্ষুগণ, এই ত্রি-গুণে গুণান্বিত ভিক্ষু পরের জন্য যথেষ্ট কিন্তু নিজের জন্য নহে।

ভিক্ষুগণ, দ্বিবিধ গুণে গুণান্বিত ভিক্ষু নিজের জন্য যথেষ্ট নহে কিন্তু পরের জন্য যথেষ্ট। কোন দুই?

ভিক্ষুগণ, ভিক্ষু দ্রুত কুশল ধর্ম উপলব্ধি করে না, শ্রুতধর্ম স্মরণ করে না; ধৃত ধর্মের অর্থ অনুসন্ধান করে না; অর্থ ও ধর্ম জ্ঞাত হয়ে ধর্মানুধর্ম প্রতিপন্ন হয় না, কিন্তু সে সুকণ্ঠের অধিকারী হয়, উত্তম আচরণসম্পন্ন, কথাবার্তায় মার্জিত, স্পষ্ট, কর্কশতা বিবর্জিত এবং তথ্যবহ; সে সতীর্থগণকে শিক্ষা দেয়, উৎসাহিত-প্রোৎসাহিত করে, তাদের আনন্দ বর্ধন করে না।

ভিক্ষুগণ, এই দ্বিবিধ গুণে গুণান্বিত ভিক্ষু নিজের জন্য যথেষ্ট নহে কিন্তু পরের জন্য যথেষ্ট।”

ব্যাখ্যা [০]