“হে ভিক্ষুগণ, এই আটটি আলস্যের মূল। আটটি কী কী?
হে ভিক্ষুগণ, ভিক্ষুকে কাজ করতে হয়। সে এরূপ চিন্তা করে, “আমাকে কোনো কর্ম সম্পাদন করতে হবে, কিন্তু সে কর্ম করতে আমি শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ব। এখন আমি শুইয়ে পড়ব”। এবং সে শুইয়ে পড়ে, অপ্রাপ্তির প্রাপ্তির জন্য, অনায়ত্ত বিষয় আয়ত্তের জন্য, অনুপলব্ধ বিষয়ের উপলব্ধির জন্য বীর্যারম্ভ করে না। ভিক্ষুগণ, এটা আলস্যের প্রথম ভিত্তি।
পুনঃ হে ভিক্ষুগণ, ভিক্ষু কিছু কাজ করেছে। সে এরূপ চিন্তা করে, “আমি কাজ করেছি, কাজ সম্পাদন করে আমি ক্লান্ত হয়ে পড়েছি, এখন আমি শুইয়ে পড়ি।” সে শুইয়ে পড়ে এবং অপ্রাপ্তির প্রাপ্তির জন্য, অনায়ত্ত বিষয় আয়ত্তের জন্য, অনুপলব্ধ বিষয় উপলব্ধির জন্য বীর্যারম্ভ করে না। হে ভিক্ষুগণ, এটা আলস্যের দ্বিতীয় ভিত্তি।
পুনঃ হে ভিক্ষুগণ, ভিক্ষুকে কোথাও যাত্রা করতে হয়, সে চিন্তা করে, “আমাকে পথ অতিক্রম করতে হবে, পথ গমন করতে গিয়ে আমি ক্লান্ত হয়ে পড়ব, এখন আমি শুইয়ে পড়ি। সে এরূপ চিন্তা করে, “আমি কাজ করেছি, কাজ সম্পাদন করে আমি ক্লান্ত হয়ে পড়েছি, এখন আমি শুইয়ে পড়ি।” সে শুইয়ে পড়ে এবং অপ্রাপ্তির প্রাপ্তির জন্য, অনায়ত্ত বিষয় আয়ত্তের জন্য, অনুপলব্ধ বিষয় উপলব্ধির জন্য বীর্যারম্ভ করে না। হে ভিক্ষুগণ, এটা আলস্যের তৃতীয় ভিত্তি।
পুনঃ হে ভিক্ষুগণ, ভিক্ষু পথ অতিক্রম করল। সে ভাবে, “আমি পথ অতিক্রম করে এসেছি, পথ অতিক্রম করে আমি শারীরিকভাবে ক্লান্ত, এখন আমি শুইয়ে পড়ি।” সে শুইয়ে পড়ে এবং অপ্রাপ্তির প্রাপ্তির জন্য, অনায়ত্ত বিষয় আয়ত্তের জন্য, অনুপলব্ধ বিষয় উপলব্ধির জন্য বীর্যারম্ভ করে না। হে ভিক্ষুগণ, এটা আলস্যের চতুর্থ ভিত্তি।
পুনঃ হে ভিক্ষুগণ, ভিক্ষু গ্রাম বা নিগমে পিণ্ডচারণে গিয়ে মোটা বা প্রণীত ভোজন লাভ করে যদ্বারা তার প্রয়োজন মিটানো যায়, তা লাভ না করে সে ভাবে, “আমি গ্রাম বা নিগমে পিণ্ডচারণে বেরিয়েছি কিন্তু প্রয়োজন মিটানো যায় এমন যথেষ্ট মোটা বা প্রণীত আহার লাভ করিনি। আমি শারীরিকভাবে ক্লান্ত এবং অকর্মণ্য, এখন আমি শুইয়ে পড়ি।” সে শুইয়ে পড়ে এবং অপ্রাপ্তির প্রাপ্তির জন্য, অনায়ত্ত বিষয় আয়ত্তের জন্য, অনুপলব্ধ বিষয় উপলব্ধির জন্য বীর্যারম্ভ করে না। হে ভিক্ষুগণ, এটা আলস্যের পঞ্চম ভিত্তি।
পুনঃ হে ভিক্ষুগণ, ভিক্ষু গ্রাম বা নিগমে পিণ্ডচারণে গিয়ে মোটা কিংবা প্রণীত ভোজন লাভ করে যদ্বারা তার প্রয়োজন মেটানো যায়। সে ভাবে, “আমি গ্রাম বা নিগমে পিণ্ডচারণে গিয়ে মোটা বা প্রণীত আহার লাভ করিনি। আমার শরীর ভারী এবং অকর্মণ্য-সিক্ত মটরশুটির বস্তা সদৃশ। এখন আমি শুইয়ে পড়ি।” সে শুইয়ে পড়ে এবং অপ্রাপ্তির প্রাপ্তির জন্য, অনায়ত্ত বিষয় আয়ত্তের জন্য, অনুপলব্ধ বিষয় উপলব্ধির জন্য বীর্যারম্ভ করে না। হে ভিক্ষুগণ, এটা আলস্যের ষষ্ঠ ভিত্তি।
পুনঃ হে ভিক্ষুগণ, ভিক্ষুর সামান্য পীড়া উৎপন্ন হয়। সে এরূপ চিন্তা করে, “আমার এই সামান্য পীড়া, শুইয়ে থাকার আমার সঙ্গত কারণ আছে। বেশ, আমি এখন শুইয়ে পড়ি।” সে শুইয়ে পড়ে এবং অপ্রাপ্তির প্রাপ্তির জন্য, অনায়ত্ত বিষয় আয়ত্তের জন্য, অনুপলব্ধ বিষয় উপলব্ধির জন্য বীর্যারম্ভ করে না। হে ভিক্ষুগণ, এটা আলস্যের সপ্তম ভিত্তি।
পুনরায়, হে ভিক্ষুগণ, ভিক্ষু পীড়ামুক্ত হয়েছে, সমপ্রতি পীড়া হতে মুক্ত হয়েছে। সে ভাবে, “আমি সে পীড়া হতে মুক্ত, আমি সমপ্রতি অসুস্থতা কেটে উঠেছি। আমার শরীর দুর্বল এবং অকর্মণ্য। বেশ, আমি শুইয়ে পড়ব।” সে শুইয়ে পড়ে এবং অপ্রাপ্ত বিষয় প্রাপ্তির জন্য, অনায়ত্ত বিষয় আয়ত্তের জন্য, অপ্রত্যক্ষ বিষয় প্রত্যক্ষ করার জন্য বীর্যারম্ভ করে না। হে ভিক্ষুগণ, এটা আলস্যের অষ্টম ভিত্তি।
হে ভিক্ষুগণ, এগুলো আলস্যের অষ্টম ভিত্তি।
হে ভিক্ষুগণ, এই আটটি বীর্যের ভিত্তি। আট কী কী?
হে ভিক্ষুগণ, ভিক্ষুকে কোনো কাজ করতে হয় এবং সে ভাবে, “আমাকে কাজ করতে হবে কিন্তু আমি যদি তা করি তাহলে বুদ্ধের শাসনে মন নিবদ্ধ করা তত সহজ হবে না। বেশ, আমি অনতিবিলম্বে অপ্রাপ্ত বিষয় প্রাপ্তির জন্য, অনায়ত্ত বিষয় আয়ত্তের জন্য, অপ্রত্যক্ষ বিষয় প্রত্যক্ষের জন্য বীর্যারম্ভ করব।” সে অপ্রাপ্তির প্রাপ্তির জন্য, অনধিগত বিষয় অধিগমের জন্য, অপ্রত্যক্ষ বিষয় প্রত্যক্ষের জন্য বীর্যারম্ভ করে। হে ভিক্ষুগণ, এটা বীর্যের প্রথম ভিত্তি।
পুনঃ হে ভিক্ষুগণ, ভিক্ষুর কাজ কৃত হয়েছে। সে ভাবে, “আমা দ্বারা কাজ কৃত, বুদ্ধের শাসনে মন নিবদ্ধ করতে আমি সক্ষম হইনি। তাই আমি অনতিবিলম্বে অপ্রাপ্ত বিষয় প্রাপ্তির জন্য, অনায়ত্ত বিষয় আয়ত্তের জন্য, অপ্রত্যক্ষ বিষয় প্রত্যক্ষের জন্য বীর্যারম্ভ করব।” সে অপ্রাপ্তির প্রাপ্তির জন্য, অনধিগত বিষয় অধিগমের জন্য, অপ্রত্যক্ষ বিষয় প্রত্যক্ষের জন্য বীর্যারম্ভ করে। হে ভিক্ষুগণ, এটা বীর্যের দ্বিতীয় ভিত্তি।
পুনঃ হে ভিক্ষুগণ, ভিক্ষুকে পথ অতিক্রম করতে হবে। সে এরূপ ভাবে, “আমাকে পথ পাড় হতে হবে, কিন্তু আমি যদি পথ পাড় হই তাহলে বুদ্ধের শাসনে মন নিবদ্ধ করা সহজ হবে না। তাই অনতিবিলম্বে আমি অপ্রাপ্ত বিষয় প্রাপ্তির জন্য, অনায়ত্ত বিষয় আয়ত্তের জন্য, অপ্রত্যক্ষ বিষয় প্রত্যক্ষের জন্য বীর্যারম্ভ করব।” সে অপ্রাপ্তির প্রাপ্তির জন্য, অনধিগত বিষয় অধিগমের জন্য, অপ্রত্যক্ষ বিষয় প্রত্যক্ষের জন্য বীর্যারম্ভ করে। হে ভিক্ষুগণ, এটা বীর্যের তৃতীয় ভিত্তি।
পুনরায়, হে ভিক্ষুগণ, ভিক্ষু পথ অতিক্রম করেছে। সে এরূপ চিন্তা করে, “আমি পথ পাড় হয়ে এসেছি। পথ অতিক্রম করার সময় আমি বুদ্ধের শাসনে মন নিবদ্ধ করতে সক্ষম হইনি। এখন আমি অনতিবিলম্বে অপ্রাপ্ত বিষয় প্রাপ্তির জন্য, অনায়ত্ত বিষয় আয়ত্তের জন্য, অপ্রত্যক্ষ বিষয় প্রত্যক্ষের জন্য বীর্যারম্ভ করব।” সে অপ্রাপ্তির প্রাপ্তির জন্য, অনধিগত বিষয় অধিগমের জন্য, অপ্রত্যক্ষ বিষয় প্রত্যক্ষের জন্য বীর্যারম্ভ করে। হে ভিক্ষুগণ, এটা বীর্যের চতুর্থ ভিত্তি।
পনুরায়, হে ভিক্ষুগণ, ভিক্ষু গ্রাম বা নিগমে পিণ্ডচারণে গিয়ে মোটা বা প্রণীত ভোজন যদ্বারা তার চাহিদা পূরণ করা যায় তা লাভ না করে সে এরূপ চিন্তা করে, “আমি গ্রাম বা নিগমে পিণ্ডচারণে গিয়েছি কিন্তু চাহিদা অনুসারে তেমন যথেষ্ট মোটা বা প্রণীত আহার লাভ করিনি। সে-কারণে আমার শরীর হাল্কা হয়ে আমি অকর্মণ্য হয়ে পড়েছি। এখন আমি অনতিবিলম্বে অপ্রাপ্ত বিষয় প্রাপ্তির জন্য, অনায়ত্ত বিষয় আয়ত্তের জন্য, অপ্রত্যক্ষ বিষয় প্রত্যক্ষের জন্য বীর্যারম্ভ করব।” সে অপ্রাপ্তির প্রাপ্তির জন্য, অনধিগত বিষয় অধিগমের জন্য, অপ্রত্যক্ষ বিষয় প্রত্যক্ষের জন্য বীর্যারম্ভ করে। হে ভিক্ষুগণ, এটা বীর্যের পঞ্চম ভিত্তি।
পুনঃ হে ভিক্ষুগণ, ভিক্ষু গ্রাম বা নিগমে পিণ্ডচারণে গিয়ে চাহিদা অনুযায়ী মোটা বা উত্তম ভোজন লাভ করে। সে চিন্তা করে, “আমি গ্রাম বা নিগমে পিণ্ডচারণে গিয়ে শারীরিক প্রয়োজন পূরণ করার মতো মোটা বা প্রণীত আহার লাভ করেছি। এতে আমার স্বাস্থ্য বলবান ও কর্মণ্য হয়েছে। আমি অনতিবিলম্বে “অপ্রাপ্ত বিষয় প্রাপ্তির জন্য, অনায়ত্ত বিষয় আয়ত্তের জন্য, অপ্রত্যক্ষ বিষয় প্রত্যক্ষের জন্য বীর্যারম্ভ করব।” সে অপ্রাপ্তির প্রাপ্তির জন্য, অনধিগত বিষয় অধিগমের জন্য, অপ্রত্যক্ষ বিষয় প্রত্যক্ষের জন্য বীর্যারম্ভ করে। হে ভিক্ষুগণ, এটা বীর্যের ষষ্ঠ ভিত্তি।
পুনঃ হে ভিক্ষুগণ, ভিক্ষুর সামান্য পীড়া উৎপন্ন হয়। সে ভাবে, আমার উৎপন্ন সামান্য পীড়া বর্ধিত হতে পারে। আমি অনতিবিলম্বে “অপ্রাপ্ত বিষয় প্রাপ্তির জন্য, অনায়ত্ত বিষয় আয়ত্তের জন্য, অপ্রত্যক্ষ বিষয় প্রত্যক্ষের জন্য বীর্যারম্ভ করব।” সে অপ্রাপ্তির প্রাপ্তির জন্য, অনধিগত বিষয়ের অধিগমের জন্য, অপ্রত্যক্ষ বিষয় প্রত্যক্ষের জন্য বীর্যারম্ভ করে। হে ভিক্ষুগণ, এটা বীর্যের সপ্তম ভিত্তি।
পুনরায়, হে ভিক্ষুগণ, ভিক্ষু পীড়া হতে সমপ্রতি অসুস্থতা থেকে মুক্ত হয়েছে। সে ভাবেঃ আমি পীড়ামুক্ত, আমি সমপ্রতি রোগ হতে সুস্থ হয়েছি; এখন সম্ভব যে, সেই পীড়া আমার পুনঃ হতে পারে। আমি অনতিবিলম্বে “অপ্রাপ্ত বিষয় প্রাপ্তির জন্য, অনায়ত্ত বিষয় আয়ত্তের জন্য, অপ্রত্যক্ষ বিষয় প্রত্যক্ষের জন্য বীর্যারম্ভ করব।” সে অপ্রাপ্ত বিষয় প্রাপ্তির জন্য, অনায়ত্ত বিষয় আয়ত্তের জন্য, অপ্রত্যক্ষ বিষয় প্রত্যক্ষের জন্য বীর্যারম্ভ করে। হে ভিক্ষুগণ, এটা বীর্যের অষ্টম ভিত্তি।
হে ভিক্ষুগণ, এগুলোই অষ্ট বীর্যের ভিত্তি।”
যমক-বর্গ অষ্টম সমাপ্ত।
তস্সুদ্দানং/স্মারক গাথা
দ্বিবিধ শ্রদ্ধা, দ্বিবিধ মরণস্মৃতি, দ্বিবিধ সম্পদ অতঃপর
ইচ্ছা, অলং (যথেষ্ট), পরিহানি, আলস্য, বীর্যের ভিত্তি।
ব্যাখ্যা [০]