লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

প্রজ্ঞা বিমুক্ত সূত্র

বন্ধু, “প্রজ্ঞাবিমুক্ত, প্রজ্ঞাবিমুক্ত” বলে অভিহিত করা হয়। বন্ধু, ভগবান কর্তৃক কতটুকু পর্যন্ত প্রজ্ঞাবিমুক্ত ব্যক্ত হয়েছে?

আবুসো, ভিক্ষু কামসম্পর্ক বিবিক্ত হয়ে, অকুশল ধর্ম হতে বিবিক্ত হয়ে সবিতর্ক, সবিচার, বিবেকজ প্রীতি-সুখমণ্ডিত প্রথম ধ্যান লাভ করে তাতে অবস্থান করেন এবং প্রজ্ঞা দ্বারা উপলব্ধি করেন। আবুসো, এতটুকু পর্যন্ত ভগবান কর্তৃক বিশেষ প্রজ্ঞাবিমুক্ত বলে অভিহিত হয়েছে।

পুনঃ আবুসো, ভিক্ষু বিতর্ক-বিচার উপশমে অধ্যাত্ম সম্প্রসাদী, চিত্তের একাগ্রতা আনয়নকারী, বিতর্ক-রহিত, বিচার রহিত, সমাধিজ প্রীতি-সুখমণ্ডিত দ্বিতীয় ধ্যান লাভ করে তাতে অবস্থান করেন এবং প্রজ্ঞা দ্বারা উপলব্ধি করেন। আবুসো, এতটুকু পর্যন্ত ভগবান কর্তৃক বিশেষ প্রজ্ঞাবিমুক্ত বলে অভিহিত হয়েছে।

পুনঃ আবুসো, প্রীতিতে বিরাগী হয়ে উপেক্ষার ভাবে অবস্থান করেন, স্মৃতিমান ও সম্প্রজ্ঞাত হয়ে স্বচিত্তে (প্রীতিনিরপেক্ষ) সুখ অনুভব করেন বলে আর্যগণ বর্ণনা করেন, সেই তৃতীয় ধ্যান লাভ করে তাতে বিচরণ করেন এবং প্রজ্ঞা দ্বারা উপলব্ধি করেন। আবুসো, এতটুকু পর্যন্ত ভগবান কর্তৃক বিশেষ প্রজ্ঞাবিমুক্তি বলে অভিহিত হয়েছে।

পুনঃ আবুসো, ভিক্ষু সর্বদৈহিক সুখ-দুঃখ পরিত্যাগ করে পূর্বেই সৌমনস্য-দৌর্মনস্য (মনের হর্ষ-বিষাদ) অস্তমিত করে না-দুঃখ না-সুখ, উপেক্ষা ও স্মৃতি দ্বারা পরিশুদ্ধ চিত্তে চতুর্থ ধ্যান লাভ করে তাতে বিচরণ করেন এবং প্রজ্ঞা দ্বারা উপলব্ধি করেন। আবুসো, এতটুকু পর্যন্ত ভগবান কর্তৃক বিশেষ প্রজ্ঞাবিমুক্ত বলে অভিহিত হয়েছে।

আবুসো ভিক্ষু সর্বাংশে রূপ-সংজ্ঞা অতিক্রম করে প্রতিঘ-সংজ্ঞা অস্তমিত করে, নানাত্ব-সংজ্ঞা মনন না করে “অনন্ত আকাশ” এ ভাবোদয়ে “আকাশ অনন্ত-আয়তন” নামক (প্রথম অরূপ-সমাপত্তি) ধ্যান লাভ করে তাতে অবস্থান করেন এবং প্রজ্ঞা দ্বারা দর্শন ও উপলব্ধি করেন যে, তাঁর আসক্তি পরিক্ষীণ হয়েছে। আবুসো, ভগবান কর্তৃক বিশেষ প্রজ্ঞাবিমুক্ত এতটুকু পর্যন্ত অভিহিত হয়েছে। আবুসো, পুনঃ ভিক্ষু সর্বাংশে আকাশ-অনন্ত-আয়তন সমতিক্রম করে “অনন্ত বিজ্ঞান” এই ভাবোদয়ে “বিজ্ঞান-অনন্ত-আয়তন” নামক (দ্বিতীয় অরূপ-সমাপত্তি)… সর্বাংশে “বিজ্ঞান-অনন্ত-আয়তন” অতিক্রম করে “কিছুই না” এ ভাবোদয়ে “আকিঞ্চন-আয়তন” নামক (তৃতীয় অরূপ-সমাপত্তি)… সর্বাংশে “আকিঞ্চন-আয়তন” সমতিক্রম করে “নৈবসংজ্ঞা-নাসংজ্ঞায়তন” নামক (চতুর্থ অরূপ-সমাপত্তি) ধ্যান লাভ করে তাতে অবস্থান করেন। পুনঃ আবুসো, ভিক্ষু সর্বাংশে নৈবসংজ্ঞা-নাসংজ্ঞায়তন সমতিক্রম করে “সংজ্ঞা-বেদয়িত নিরোধ”… (লোকোত্তর সমাপত্তি) ধ্যান লাভ করে তাতে অবস্থান করেন এবং প্রজ্ঞা দ্বারা দর্শন ও উপলব্ধি করেন যে, তাঁর আসক্তি পরিক্ষীণ হয়েছে। আবুসো, ভগবান কর্তৃক অনধিক বিশেষ প্রজ্ঞাবিমুক্ত এতটুকু পর্যন্ত ঘোষিত হয়েছে।

ব্যাখ্যা [০]