লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

অনুপূর্ব নিরোধ সূত্র

আবুসো, “অনুপূর্ব নিরোধ, অনুপূর্ব নিরোধ” বলে ভগবান কর্তৃক কথিত হয়েছে। কিন্তু আবুসো, কতটুকু পর্যন্ত অনুপূর্ব নিরোধ বলে ভগবৎ কর্তৃক ঘোষিত হয়েছে। পুনঃ আবুসো, ভিক্ষু কাম-সম্পর্ক বিবিক্ত হয়ে, অকুশল ধর্ম হতে বিবিক্ত হয়ে সবিতর্ক, সবিচার, বিবেকজ প্রীতি-সুখমণ্ডিত প্রথম ধ্যান লাভ করে তাতে অবস্থান করেন এবং প্রজ্ঞা দ্বারা উপলব্ধি করেন। আবুসো, এতটুকু পর্যন্ত অনুপূর্ব নিরোধ বলে ভগবৎ কর্তৃক বিঘোষিত হয়েছে। পুনঃ আবুসো, ভিক্ষু বিতর্ক-বিচার উপশমে অধ্যাত্ম সম্প্রসাদী, চিত্তের একাগ্রভাব-আনয়নকারী-বিতর্কাতীত, বিচারাতীত, সমাধিজ প্রীতি-সুখমণ্ডিত দ্বিতীয় ধ্যান লাভ করে তাতে বিচরণ করেন এবং প্রজ্ঞা দ্বারা উপলব্ধি করেন। আবুসো, এতটুকু পর্যন্ত অনুপূর্ব নিরোধ বলে ভগবৎ কর্তৃক বিঘোষিত হয়েছে। পুনশ্চ, আবুসো, ভিক্ষু প্রীতিতেও বীতরাগ হয়ে উপেক্ষার ভাবে অবস্থান করেন এবং স্বচিত্তে প্রীতিনিরপেক্ষ সুখ অনুভব করেন, যে ধ্যানস্তরে আরোহণ করলে “ধ্যায়ী উপেক্ষাসম্পন্ন ও স্মৃতিমান হয়ে প্রীতিনিরপেক্ষ সুখে বিচরণ করেন” বলে আর্যগণ বর্ণনা করেন, সেই তৃতীয় ধ্যান লাভ করে তাতে অবস্থান করেন এবং প্রজ্ঞা দ্বারা উপলব্ধি করেন। আবুসো, এতটুকু পর্যন্ত অনুপূর্ব নিরোধ বলে ভগবৎ কর্তৃক ঘোষিত হয়েছে। পুনঃ আবুসো, ভিক্ষু সর্ব দৈহিক সুখ-দুঃখ পরিত্যাগ করে পূর্বেই সৌমনস্য-দৌর্মনস্য (মনের হর্ষ-বিষাদ) অস্তমিত করে না-দুঃখ না-সুখ, উপেক্ষা ও স্মৃতি দ্বারা পরিশুদ্ধ চিত্তে চতুর্থ ধ্যান লাভ করে তাতে বিচরণ করেন এবং প্রজ্ঞা দ্বারা উপলব্ধি করেন। আবুসো, এতটুকু পর্যন্ত অনুপূর্ব নিরোধ বলে ভগবৎ কর্তৃক ঘোষিত হয়েছে।

আবুসো, ভিক্ষু সর্বাংশে রূপ-সংজ্ঞা সমতিক্রম করে প্রতিঘ-সংজ্ঞা অস্তমিত করে, নানাত্ব সংজ্ঞা মনন না করে “অনন্ত আকাশ” এ ভাবোদয়ে “আকাশ-অনন্ত-আয়তন” নামক (প্রথম অরূপ-সমাপত্তি) ধ্যান লাভ করে তাতে অবস্থান করেন এবং প্রজ্ঞা দ্বারা উপলব্ধি করেন যে, তাঁর আসক্তি পরিক্ষীণ হয়েছে। আবুসো, এতটুকু পর্যন্ত অনুপূর্ব নিরোধ বলে ভগবান দেশনা করেছেন। পুনশ্চ, আবুসো, ভিক্ষু সর্বাংশে “আকাশ-অনন্ত-আয়তন” অতিক্রম করে “অনন্ত-বিজ্ঞান” এই ভাবোদয়ে “বিজ্ঞান-অনন্ত-আয়তন” নামক (দ্বিতীয় অরূপ-সমাপত্তি) ধ্যান লাভ করে তাতে বিচরণ করেন এবং প্রজ্ঞা দ্বারা উপলব্ধি করেন যে, তাঁর আসক্তি পরিক্ষীণ হয়েছে। আবুসো, এতটুকু পর্যন্ত নিরোধ বলে ভগবান দেশনা করেছেন। পুনঃ আবুসো, ভিক্ষু সর্বাংশে “বিজ্ঞান-অনন্ত-আয়তন” সমতিক্রম করে “কিছুই নেই” এই ভাবোদয়ে “আকিঞ্চন-আয়তন” নামক (তৃতীয় অরূপ-সমাপত্তি) ধ্যান লাভ করে তাতে বিচরণ করেন এবং প্রজ্ঞা দ্বারা উপলব্ধি করেন যে, তাঁর আসক্তি পরিক্ষীণ হয়েছে। আবুসো, এতটুকু পর্যন্ত নিরোধ বলে ভগবৎ কর্তৃক ঘোষিত হয়েছে।

পুনশ্চ, আবুসো, ভিক্ষু সর্বাংশে আকিঞ্চন-আয়তন অতিক্রম করে “নৈবসংজ্ঞা-নাসংজ্ঞায়তন” নামক (চতুর্থ অরূপ-সমাপত্তি) ধ্যান লাভ করে তাতে বিচরণ করেন এবং প্রজ্ঞা দ্বারা উপলব্ধি করেন যে, তাঁর আসক্তি পরিক্ষীণ হয়েছে। আবুসো, এতটুকু পর্যন্ত অনুপূর্ব নিরোধ বলে ভগবান কর্তৃক ঘোষিত হয়েছে। পুনরায়, আবুসো, ভিক্ষু সর্বাংশে “নৈবসংজ্ঞা-নাসংজ্ঞায়তন” সমতিক্রম করে “সংজ্ঞা-বেদয়িত নিরোধ” নামক (লোকোত্তর সমাপত্তি) ধ্যান লাভ করে তাতে বিচরণ করেন এবং প্রজ্ঞা দ্বারা উপলব্ধি করেন যে, তাঁর আসক্তি পরিক্ষীণ হয়েছে। আবুসো, এতটুকু পর্যন্ত অনুপূর্ব নিরোধ বলে ভগবান কর্তৃক ঘোষিত হয়েছে।

ব্যাখ্যা [০]