আমি এইরূপ শুনিয়াছি।
এক সময় ভগবান শ্রাবস্তী-সমীপে পূর্বারামে মৃগার মাতার প্রাসাদে অবস্থান করিতেছিলেন। সেই সময় ভগবান উপোসথ দিবসে পঞ্চদশী পূর্ণ-পূর্ণিমার রাত্রিতে ভিক্ষুসংঘ পরিবৃত হইয়া উন্মুক্ত আকাশতলে উপবিষ্ট ছিলেন। তখন ভগবান তূষ্ণীম্ভূত ভিক্ষুসংঘকে অবলোকন করিয়া আহ্বান করিয়া বলিলেন, ভিক্ষুগণ, অসৎপুরুষ কি অসৎপুরুষকে জানিতে পারে, “এই ব্যক্তি অসৎপুরুষ?” “ভদন্ত, না।” উত্তম, ভিক্ষুগণ, ইহা অসম্ভব। কোনো অসৎপুরুষের একজন অসৎপুরুষকে জানিবার সুযোগ নাই : ‘এই ব্যক্তি অসৎপুরুষ।’ কিন্তু কোনো অসৎপুরুষ কি একজন সৎপুরুষকে জানিতে পারেন ‘এই ব্যক্তি সৎপুরুষ?’ ‘ভদন্ত, না।’ ‘উত্তম, ভিক্ষুগণ, ইহা সম্ভব নহে যে, কোনো অসৎপুরুষ একজন সৎপুরুষকে জানিতে পারেন-‘এই ব্যক্তি সৎপুরুষ।’ অসৎপুরুষ অসদ্ধর্ম সমন্বাগত। অসৎপুরুষসেবী অসৎপুরুষোচিত চিন্তাকায়মগ্ন, অসৎপুরুষের সহিত মন্ত্রণাকারী, অসৎপুরুষোচিত ভাষণকারী, অসৎপুরুষোচিত কর্র্মী, অসৎপুরুষোচিত মতবাদী হয় এবং অসৎপুরুষোচিত দান প্রদান করে। ভিক্ষুগণ, কিরূপে অসদ্ধর্মসমন্বাগত হয়? ভিক্ষুগণ, এই স্থলে অসৎপুরুষ, শ্রদ্ধাবিহীন, হ্রীবিহীন (নির্লজ্জ), অননুতাপী, অল্পশ্রুত, কুসীত (হীনবীর্য), মূঢ়স্মৃতি এবং দুষ্প্রাজ্ঞ হয়-এইরূপে অসৎপুরুষ অসদ্ধর্মসমন্বাগত হয়। ভিক্ষুগণ, কিরূপে অসৎপুরুষ অসৎপুরুষসেবী হয়? এইস্থলে যে-সকল শ্রমণ-ব্রাহ্মণ শ্রদ্ধাবিহীন, হ্রীবিহীন, অননুতাপী, অল্পশ্রুত, কুসীত, মূঢ়স্মৃতি এবং দুষ্প্রাজ্ঞ, তাঁহারা এই অসৎপুরুষের মিত্র ও সহায়ক হয়-এইরূপে অসৎপুরুষ অসৎপুরুষসেবী হয়। ভিক্ষুগণ, কিরূপে অসৎপুরুষ অসৎপুরুষোচিত চিন্তাকারী হয়? ভিক্ষুগণ, এইস্থলে অসৎপুরুষ আত্মপীড়নার্থ চিন্তা করে, পর-পীড়নার্থ চিন্তা করে উভয় পীড়নার্থ চিন্তা করে, এইরূপে অসৎপুরুষ অসৎপুরুষোচিত মন্ত্রণাকারী হয়। এইস্থলে অসৎপুরুষ আত্মপীড়নার্থ মন্ত্রণা করে, পর-পীড়নার্থ মন্ত্রণা করে ও উভয় পীড়নার্থ মন্ত্রণা করে-এইরূপে অসৎপুরুষ অসৎপুরুষোচিত মন্ত্রণাকারী হয়। ভিক্ষুগণ, কিরূপে অসৎপুরুষ অসৎপুরুষোচিত বাক্যলাপী হয়? ভিক্ষুগণ, এইস্থলে অসৎপুরুষ মিথ্যাবাদী, পিশুনভাষী, পুরুষভাষী ও সম্প্রলাপী হয়, এইরূপে… অসৎপুরুষোচিত বক্তা হয়। ভিক্ষুগণ, কিরূপে অসৎপুরুষ অসৎপুরুষোচিত কর্মকারী হয়? এইস্থলে অসৎপুরুষ প্রাণিহত্যাকারী, অদত্তগ্রহণকারী ও কামে ব্যভিচারী হয়, এইরূপে… অসৎপুরুষোচিত কর্মকারী হয়। কিরূপে অসৎপুরুষ অসৎপুরুষোচিত দৃষ্টিসম্পন্ন (মতবাদী) হয়? এইস্থলে অসৎপুরুষ এইরূপ দৃষ্টিসম্পন্ন হয়-দান নাই, হোত্র নাই, সুকৃত দুষ্কৃত কর্মের ফল ও বিপাক নাই, ইহলোক নাই, পরলোক নাই, মাতা নাই, পিতা নাই, ঔপপাতিক সত্ত্ব নাই, সম্যকগত, সম্যকপ্রতিপন্ন এমন কোনো শ্রামণ-ব্রাহ্মণ নাই যিনি ইহলোক পরলোক স্বয়ং অভিজ্ঞা দ্বারা সাক্ষাৎকার করিয়া উহাদের স্বরূপ প্রকাশ করিতে পারেন। এইরূপে… অসৎপুরুষোচিত দৃষ্টিসম্পন্ন হয়। কিরূপে অসৎপুরুষ অসৎপুরুষোচিত দান প্রদান করে? এইস্থলে অসৎপুরুষ অশ্রদ্ধা-সহকারে পরহস্তে দান করে, অবিবেচনা-সহকারে দান করে, অবহেলা-সহকারে দান করে, প্রতিদান বা প্রতিশোধ বিবেচনা না করিয়া দান করে। এইভাবে অসৎপুরুষ অসৎপুরুষোচিত দান প্রদান করে, অপুরুষ অসদ্ধর্মসমন্বাগত হইয়া অসৎপুরুষোচিত দান প্রদান করা-হেতু দেহত্যাগ করিয়া মৃত্যুর পর অসৎপুরুষদের যে গতি তথায় উৎপন্ন হয়। অসৎপুরুষদের কী গতি? নিরয় অথবা তির্যকযোনি।
ভিক্ষুগণ, সৎপুরুষ কি সৎপুরুষকে জানিতে পারেন, এই ব্যক্তি সৎপুরুষ? “হ্যাঁ, ভদন্ত,” উত্তম ভিক্ষুগণ, ইহা সম্ভব যে সৎপুরুষ সৎপুরুষকে জানিতে পারেন, এই ব্যক্তি সৎপুরুষ। সৎপুরুষ সদ্ধর্মসমন্বাগত, সৎপুরুষসেবী, সৎপুরুষোচিত চিন্তাকারী, সৎপুরুষোচিত মন্ত্রণাকারী, সৎপুরুষোচিত বক্তা, সৎপুরুষোচিত কর্মকারী, সৎপুরুষোচিত দৃষ্টিসম্পন্ন হয় এবং সৎপুরুষোচিত দান প্রদান করেন। কিরূপে সৎপুরুষ সদ্ধর্মসমন্বাগত হয়? সৎপুরুষ শ্রদ্ধাশীল, হ্রীযুক্ত, অনুতাপী, বহুশ্রুত, বীর্যবান, উপস্থিত স্মৃতি ও প্রজ্ঞাবান হন। এইরূপে… হন। কিরূপে সৎপুরুষ সৎপুরুষসেবী হন? এইস্থলে যে-সকল শ্রমণ-ব্রাহ্মণ শ্রদ্ধাবান, হ্রীযুক্ত… প্রজ্ঞাবান তাঁহারা সৎপুরুষের মিত্র বা সহায়ক হন। এইরূপে… হন। কিরূপে সৎপুরুষ সৎপুরুষোচিত চিন্তাকারী হন? এইস্থলে সৎপুরুষ আত্মপীড়নার্থ, পরপীড়নার্থ বা উভয়পীড়নার্থ চিন্তা করেন না। এইরূপে… হন? কিরূপে সৎপুরুষ সৎপুরুষোচিত মন্ত্রণাকারী হন? এইস্থলে সৎপুরুষ মিথ্যাভাষণ, পিশুনভাষণ, পুরুষভাষণ ও সম্প্রলাপ হইতে বিরত হন। এইরূপে… হন। কিরূপে সৎপুরুষ সৎপুরুষোচিত কর্মকারী হন। এইস্থলে সৎপুরুষ প্রাণিহত্যা, অদত্তগ্রহণ ও কামে ব্যভিচার হইতে বিরত থাকেন। এইরূপে… হন। কিরূপে সৎপুরুষ সৎপুরুষোচিত দৃষ্টিসম্পন্ন হন? এইস্থলে সৎপুরুষ এইরূপ দৃষ্টিসম্পন্ন হন : দান আছে। ইষ্ট আছে… ইহলোক পরলোক স্বয়ং অভিজ্ঞা দ্বারা উপলব্ধি করিয়া প্রকাশ করেন। এইরূপে… হন। কিরূপে সৎপুরুষ সৎপুরুষোচিত দান প্রদান করেন? এইস্থলে সৎপুরুষ সম্মান-সহকারে স্বহস্তে দান করেন। তিনি বিবেচনা-সহকারে দান করেন। তিনি পরিশুদ্ধভাবে দান করেন এবং প্রতিদান বা প্রতিশোধ বিবেচনা করিয়া দান করেন। এইরূপে সৎপুরুষ সৎপুরুষোচিত দান করেন। ভিক্ষুগণ, সৎপুরুষ সদ্ধর্মসমন্বাগত হইয়া… সৎপুরুষোচিত দান করা-হেতু দেহত্যাগ করিয়া মৃত্যুর পর সৎপুরুষদের যে গতি তথায় উৎপন্ন হন। সৎপুরুষদের কী গতি? দেবমহত্ত্ব অথবা মনুষ্যমহত্ত্ব।
ভগবান ইহা বিবৃত করিলেন। ভিক্ষুগণ সন্তুষ্ট মনে ভগবানের ভাষণে আনন্দ প্রকাশ করিলেন।
ক্ষুদ্রপূর্ণিমা সূত্র সমাপ্ত।
প্রথম দেবদহ-বর্গ সমাপ্ত।
ব্যাখ্যা [৪]
English
Việt Ngữ